All posts by jitu

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ৯৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।

বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

চলতি মাসের ৮ তারিখে তিন বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬০ হাজার ৬শ ৯৭ জন।

ফল জানবেন যেভাবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। প্রসঙ্গত, চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের সমাজসেবক ছিদ্দিকুর রহমান মজুমদার আর নেই

স্টাফ রিপোর্টার:

ফেনীর ঐতিহ্যবাহী জহিরিয়া মসজিদ খ্যাত জহির মিয়ার প্রিয় নাতি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সদস্য জগন্নাথ দীঘি ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা মহিবুল আলম মজুমদার কাননের পিতা ছিদ্দিকুর রহমান মজুমদার বুধবার বিকেল বেলায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বেলা ১১ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এটি নাশকতা কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল। এ সময় হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নেভায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সাইলেন্স্যারের পাইপ থেকে নির্গত ধোয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ক্যান্টনমেন্ট এরিয়াতে প্রবেশের পর ট্রেনে আগুন দেখা যায়। পরবর্তীতে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে পুনরায় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নির্বাচনকেন্দ্রিক যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালনে প্রস্তুত থাকবে বিজিবি

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অর্পিত যে কোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। নির্বাচনকেন্দ্রিক যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি বিজিবির সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজিবির ডিজি বলেছেন, স্বাধীনতার পর দেশ গঠন এবং দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদান অনস্বীকার্য। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ যে কোনো দুর্যোগময় মুহূর্তে জনগণের সেবায় এ বাহিনী এগিয়ে এসেছে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশের স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বিজিবি আজ দেশবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক।

তিনি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বিজিবির প্রতিটি সদস্যকে সুশৃঙ্খল ও স্মার্ট সৈনিক হিসেবে কাজ করার আহ্বানও জানান।

বুধবার (২০ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে সব পর্যায়ের বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আজ বাহিনীর সব সদস্যের জন্য একটি বিশেষ দিন। গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত এই বাহিনী আজ ২২৯ বছরে পদার্পণ করলো।

তিনি বলেন, প্রতিষ্ঠালাভের পর থেকে এ বাহিনী ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধ, নারী-শিশু ও মাদকপাচার রোধসহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্বের স্বাক্ষর রেখে চলেছে।

বিজিবি ডিজি আরও বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম বিওপিসমূহকে যোগাযোগের আওতায় আনা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে বিজিবির রিক্রুটিং ব্যবস্থাকে ই-রিক্রুটিংয়ে রূপান্তরিত করা হয়েছে। বাহিনীর ক্রমবর্ধমান প্রশিক্ষণ চাহিদা পূরণের লক্ষ্যে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে চুয়াডাঙ্গায় অত্যাধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত আরও একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলমান। এছাড়াও বিজিবি সদস্যদের জীবনমান উন্নয়নে সৈনিকদের বেতন স্কেল সমন্বয়, সীমান্ত ভাতা, রেশন ও অন্যান্য সুবিধা বৃদ্ধিসহ প্রশাসনিক ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

দরবার শেষে পদোন্নতিপ্রাপ্ত চারজনকে অনারারি সুবেদার মেজর থেকে অনারারি সহকারী পরিচালক এবং দুজনকে অনারারি সহকারী পরিচালক থেকে অনারারি উপপরিচালক পদে র্যাংক ব্যাজ পরানো হয়। এসময় বিজিবির সব কর্মকর্তা ও অন্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিজিবি দিবসের শুভেচ্ছা জানানোর জন্য বিজিবি মহাপরিচালক গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী বিজিবি মহাপরিচালকসহ বাহিনীর সব সদস্যকে দিবসটি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার রোধসহ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোনো দুর্যোগ মোকাবিলায় বিজিবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে বিজিবির প্রতিটি সদস্যকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, দিবসটি ঘিরে অন্যান্য কর্মসূচির মধ্যে বিজিবি সদরদপ্তরসহ সারাদেশে বিজিবির বিভিন্ন স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হয়। এছাড়া দিবসটি উদযাপনের অংশ হিসেবে যশোরের বেনাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ প্যারেড অনুষ্ঠিত হয়।

২১, ২২ ও ২৩ গণসংযোগ ও ২৪ ডিসেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জন ও অসযোগ আন্দোলনের পক্ষে ৪ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ১ দফার দাবিতে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। আর ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এ আহ্বান জানাচ্ছি। এর আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেন। রিজভী মূলত ওই বার্তাটিই সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচি বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না; ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে। এসময় ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহত করার অংশ হিসেবে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে বলে জানান রিজভী। তিনি বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন।

মোস্তাফিজুর রহমানকে দলে নিতে পেরে খুশি সিএসকে

ডেস্ক রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলাম হয়ে গেল গতকাল মঙ্গলবার। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দলের এই কাটার মাস্টারকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে মোস্তাফিজকে কিনে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। বাংলাদেশ দলের তারকা পেসারকে দলে নেওয়ার পর চেন্নাইয়ের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, ‘মোস্তাফিজ আমাদের জন্য সঠিক বাছাই। আমরা জানি সে টুর্নামেন্টের সব ম্যাচে খেলতে পারবেনা। তবে উপযুক্ত উইকেট পেলে ওকে খেলানো হবে। মোস্তাফিজের কাটার, স্লোয়ার আমাদের জন্য দারুণ উপযোগী হতে চলেছে।’

মোস্তাফিজ অতীতে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। কাটার মাস্টারকে এবার দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজ। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে এবার নিলামের আগে ছেড়ে দেয়।

আইপিএলে এরই মধ্যে বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে মোস্তাফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। হায়দরাবাদে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন ফিজ।

এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার ধোনির চেন্নাই হলো টাইগার পেসারের নতুন ঠিকানা।

বিএনপি ভুয়া, তাদের হরতাল ভুয়া : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি কি আছে? বিএনপি নাই, খেলায় নাই, পালিয়ে গেছে। খেলায় আছে ১৮৯৬ জন। খেলা হবে ৭ জানুয়ারি। প্রস্তুত আছেন? সিলেটের খবর কী? বিএনপি কই? পালিয়ে গেছে না?’

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ভুয়া। তাদের হরতাল ভুয়া, তাদের রাজনীতি ভুয়া। তাদের অগ্নিসন্ত্রাস ও ধর্মঘট সব ভুয়া।

এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে আপনাদেরকেই পুড়তে হবে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে আগুনে পুড়ে গেছে। এই কাজ কে করেছে? বিএনপি করেছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে চাই না, তারেক রহমানকে চাই না। এরা মানুষ নয় এরা মানুষের নামে দানব। এদেরকে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে। এরা থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না।

এ সময় বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এরা ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষ্যে জেলার আলিয়া মাদরাসা মাঠে জনসভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে যোগ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনগণ বিএনপির এ ধরনের ডাকে কোনোদিনই সাড়া দেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এদেশের জনগণ এ ধরনের ডাকে কোনোদিনই সাড়া দেয়নি।

বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি আজ থেকে সরকারকে ‘সবক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেছে।

এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সব প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে যখন ভোটের আমেজ চলে এসেছে, তখন তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা অসহযোগ আন্দোলন করছেন, তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি বন্ধ হয়ে যায়- উনারাই চাচ্ছেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে। তাহলে কী হবে? তারা কি সেটি বুঝতে পারছেন?

তিনি বলেন, গ্যাস বিল না দিলে, বিদ্যুৎ বিল না দিলে, পানির বিল না দিলে- ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ যা অন্য গ্রাহকের ক্ষেত্রে করে, তাদের (বিএনপির নেতাকর্মী) জন্যও সেগুলো করবে। সেটি তাদের চিন্তার মধ্যে নিয়ে আসা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ দেশের জনগণ তাদের চেনে। জনগণ এসব ডাকে কোনোদিনই রিয়েকশন (সাড়া) দেয়নি। আমার মনে হয় আমাদের জনগণ নির্বাচনটি সঠিকভাবেই করবেন। তারা সময়মতো ভোট দেবেন। একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দিতে পারবে কমিশন।

‘দেশের সব নাশকতায় বিএনপির জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে’

ডেস্ক রিপোর্ট:

দেশের সব ধরনের নাশকতায় বিএনপির জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার বিকালে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ বারবার নৌকায় ভোট দিয়েছে বলেই উন্নয়নশীল দেশে পরিণত হতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন। একজন লন্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আবার পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। তারা এভাবে নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে ধ্বংস করেছে নির্বাচনকে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিল না। কেন দিল না। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করল গ্যাস বিক্রি করতে হবে। কারণ আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছিলাম আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমাদের জনগণের, এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে। জনগণের কল্যাণে ব্যবহার করে যদি ৫০ বছরের রিজার্ভ রেখে অতিরিক্ত থাকে তাহলে বেচবো। তারা খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবে না। তা ছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল।

এর আগে এদিন বিকাল ৩টা ১০ মিনিটে মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেটের এ জনসভা থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমদ ও জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী, এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিয়েছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করতে এদিন বেলা ১১টায় ৩৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

দেশে ফিরে আন্দোলনের ঘোষণা অভিনেতা ডিপজলের

ডেস্ক রিপোর্ট:

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন তিনি। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।

এদিকে দেশে ফিরেই বিদেশি সিনেমার বিরুদ্ধে আন্দোলনের নামার ঘোষণা দিয়েছেন ডিপজল। সম্প্রতি বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জনপ্রিয় এই খল-অভিনেতা।

তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না।’

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করার পর এই অভিনেতার ‘ডানকি’ সিনেমা মুক্তিরও প্রস্তুতি চলছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে এই সিনেমা।

এ বিষয়ে ডিপজল বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি।’

প্রসঙ্গত, ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি। বর্তমানে তিনি সিনেমায় অভিনয়ের পাশà