All posts by jitu

জাপাকে ২৬ ও অন্য শরিকদের ৬টি আসন ছাড় দিল আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২৬১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া জাপা ২৬টি এবং শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

অন্যদিকে ১৪ দলীয় জোটের অন্য শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- বগুড়া ৪, রাজশাহী ২, কুষ্টিয়া ২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

আওয়ামী লীগ ২৬১টি, জাপা ২৬টি এবং জোট শরিকদের ৬টি আসন মিলে হয় ২৯৩টি আসন। তবে ৩০০ আসনের মধ্যে বাকি ৭টি আসনে কারা প্রার্থী হচ্ছেন, সে বিষয়ে কিছু জানাননি বিপ্লব বড়ুয়া।

দেবিদ্বারে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোবাবার (১৭ ডিসেম্বর) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার পূর্ব পাশে এ দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালক নজরুল ইসলাম (৫৫) দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামের মৃত জহিরুল ইসলাম (ঝাড়ু ড্রাইভার) এর বড় ছেলে। তিনি পেশায় রড- সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও নিহতের ছোট ভাই মনির আহমেদ জানান, প্রচন্ড কুয়াশাচ্ছন্ন থাকায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার সামনে কুমিল্লাগামী কাভার্ড ভ্যান ও দেবিদ্বারগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন।

রোববার ভোরে নজরুল ইসলাম দেবিদ্বার দিনমজুর হাটে আসেন। এখানে পছন্দের দিনমজুর না পাওয়ায়, ময়নামতি শ্রমিক হাট থেকে ২ শ্রমিককে বাসে তুলে দিয়ে তাদের দেবিদ্বার থানা গেইটের সামনে অবস্থান করতে বলেন। নজরুল ইসলাম মোটর সাইকেলে আসার পথে ওই দূর্ঘটনায় নিহত হন। নিহত নজরুল ইসলাম পারিবারিক ভাবে ২ মেয়ে ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মঞ্জুর আফসার দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দূর্ঘটনায় কবলিত পিকাপভ্যান ও মোটর সাইকেলটি জব্ধ করা হয়েছে।

বাংলাদেশ কোনো ভীতু দেশ নয় : এম জে আকবর

ডেস্ক রিপোর্ট:

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর (বামে) ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ডানে)

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, ‘বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।’

আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে আলোচনায় অংশ নেন এম জে আকবর।

সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। বিভিন্নভাবে চাপে রাখছে।’

এ বিষয়ে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে এম জে আকবর বলেন, ‘যারা ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে, বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিচ্ছেন। ৭৫ পরবর্তী স্বৈরাচারের বিরুদ্ধে যে সাহসী ভূমিকা রেখেছেন, সেজন্য তাকে সম্মান জানানো, আর এ বিষয়ে উদযাপন করা উচিত।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

‘রাশিয়া অভিযোগ করেছে, বাংলাদেশের নির্বাচন সামনে রেখে এখানে যুক্তরাষ্ট্র আরব বসন্ত ঘটানোর চেষ্টা করছে।’

এ নিয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘এটা তাদের (রাশিয়া) কাছে বলেন, আমরা এ বিষয়ে জানি না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।’

নির্বাচন দেখতে চান ২২৭ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান ২২৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। তাদের আবেদনগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে অনুমোদন দেবে নির্বাচন কমিশন (ইসি)।

ভোট আয়োজনকারী সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে বিভিন্ন দেশ, সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আবেদন নেওয়ার সময় শেষ হয়েছে। এক্ষেত্রে ১৫৬ জন পর্যবেক্ষক ও ৭১ জন সাংবাদিক আবেদন করেছেন।

এ ছাড়া নির্বাচন কমিশন চারটি সংস্থা ও ৩৪টি দেশের নির্বাচন কমিশনের ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে। এদের বিমান ভাড়া ছাড়া সব স্থানীয় ব্যয় বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে।

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তাদের একটি কারিগরি বিশেষজ্ঞ টিম ভোট পর্যবেক্ষণ করবে। এ টিমের চার সদস্য বাংলাদেশে চলেও এসেছেন। কমনওয়েলথ, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটও ভোট পর্যবেক্ষণ করতে চায়।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, থাইল্যান্ড, নেপাল, ভারত, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ডাচ, ইরাক, ফিলিস্তিন, জর্জিয়া, উগান্ডা, নরওয়ে, বুলগেরিয়া, কংগো থেকে ভোট পর্যবেক্ষণের আবেদন এসেছে।

এ ছাড়া এএফপি, এনডিটিভি, নিউইয়র্ক, টাইমস, রয়টার্স, অ্যাসোসিয়েটস প্রেস ইন্ডিয়া, জিজি প্রেস-জাপান, সুইডিশ রেডিও, সংযুক্ত আরব আমিরাতের দি ন্যাশনাল, জাপানের দি ইয়োমিউরি শিমবুন, জুঙ্গি ফেইহেইট সংবাদমাধ্যমগুলো থেকে সাংবাদিকরা ভোটের খবর নিতে আসতে চান। একজন ফ্রিল্যান্স সাংবাদিকও আবেদন করেছেন।

অন্যদিকে ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুরের নির্বাচন কমিশনকে ভোট দেখার আমন্ত্রণ জানিয়েছে ইসি। আমন্ত্রণ জানানো হয়েছে সার্ক এবং ওআইসি মহাসচিব, ফেম্বোসা ও এ-ওয়েব চেয়ারপারসনকেও।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে যাচাই হয়ে এলে তার ভিত্তিতে অনুমোদন দেবে কমিশন। সে অনুযায়ী তারা ভিসা পাবেন।

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দেওয়াসহ অন্যান্য সুবিধা দেওয়ার জন্য করণীয় নির্ধারণে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে ইসি। অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদফতর, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এ দিকে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় সীমাও শেষ হয়েছে ১৬ ডিসেম্বর। তাদের আবেদনগুলোও যাচাই-বাছাই শেষে শিগগিরই অনুমোদন দেবে ইসি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে প্রার্থী চূড়ান্তকরণের কার্যক্রম। সোমবার (১৮ ডিসেম্বর) হবে প্রতীক বরাদ্দ। ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

ভোটের মাঠে থাকবে সেনাবাহিনী, অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগত অনুমোদন দিয়েছেন।

তবে কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মো. জাহাংগীর আলম। এ সময় তিনি এ অনুমোদন দেন বলে জানিয়েছেন ইসি সচিব।

এরইমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচনে ৯ লাখ পোলিং এজেন্ট-প্রিসাইডিং অফিসার দায়িত্বে থাকবেন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ লাখ ৯ হাজার ৫২৯ জন পোলিং, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন। এসব কর্মকর্তাকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এটা অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে প্রিসাইডিং অফিসার ৪৬ হাজার ৩৬৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ২ লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার ৫ লাখ ৭৫ হাজার ৪৪৩ জনসহ মোট ৯ লাখ ৯৫২৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে আগামীকাল সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুয়েতের আমিরের মৃত্যুতে ১৮ ডিসেম্বর বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য ওইদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নওয়াফের। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।

সূত্র : বাসস

গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন জনপ্রিয় গায়ক

ডেস্ক রিপোর্ট:

গান গাইতে গাইতে মঞ্চেই এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩০ বছর বয়সি গায়ক পেড্রো হেনরিক। ব্রাজিলিয়ান গসপেল গায়ক পেড্রো হেনরিক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফরম করছিলেন।

এর আগে কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফরম করার সময় গুরুতর অসুস্থ হয়ে নির্মম মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ঠিক একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো আবার!

আমেরিকার ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ বছর বয়সি এই গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফরম করছিলেন। যেখানে তাকে মঞ্চের একপ্রান্তে তার ‘ভাই সের তাও লিন্ডো’ নামের গানটি আবেগের সঙ্গে ভিড় করা দর্শকদের সামনে গাইতে দেখা যায়।

একপর্যায়ে পেড্রো তার মাইক্রোফোনটি দর্শকদের সামনে ধরে গান গাইতে অনুরোধ করেন। তবে যখন তিনি মাইকটি ফের মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তিনি পেছনে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই গায়কের।

প্রয়াত হেনরিক তার স্ত্রী সুইলান ব্যারেটো ও দুই মাস বয়সি কন্যা জোকে রেখে গেছেন। তার শেষকৃত্য হবে গায়কের জন্মস্থান পোর্তো সেগুরো শহরে। তবে তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে বসবাস করতেন।

এই ৩ জিনিস গুগলে সার্চ করে দেখুন ম্যাজিক

ডেস্ক রিপোর্ট:

বর্তমান সময় গুগল মানুষের তথ্যের বড় একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছুতে আটকে গেলে গুগল সার্চ করলেই পেয়ে যাচ্ছে সমাধান। তাই অনেকেই গুগল সার্চ ব্যবহার করেন। তবে গুগলে এমন তিনটি জিনিস রয়েছে যা সম্পর্কে সার্চ করলে আপনাকে যে তথ্য দেবে তা দেখলে অবাক হবেন।

সেই জিনিসগুলোর তালিকার প্রথমটি গুগল গ্র্যাভিটি (Google Gravity), দ্বিতীয়টি স্কেল অফ দ্য ইউনিভার্স (Scale of the Universe), তৃতীয়টি জুম কুইট (Zoom Quiet)। এবার একবার হলেও এগুলো গুগলে সার্চ করুন, তাহলে তার ফলাফল দেখে যে কেউ বিস্মিত হয়ে উঠতে বাধ্য হবেন।

গুগল গ্র্যাভিটি : আপনি যদি এই ২টি শব্দ গুগলে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন সবকিছু গুগলে পড়ে যাচ্ছে। মনে হবে যেন সমস্ত মাধ্যাকর্ষণ চলে এসেছে গুগলে। এটি ২০০৯ সালে মিস্টার ডুব নামে এক ব্যক্তি ডিজাইন করেছিলেন।

স্কেল অফ দ্য ইউনিভার্স : গুগলে সার্চ করলে আপনি বিশ্বের ছোট-বড় জিনিস দেখতে পাবেন, যেমন বুর্জ খলিফা, স্কেল, চুলের ঘনত্ব ইত্যাদি সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন। তাই একবার সার্চ করে দেখুন।

জুম কুইট : আপনি যদি এটি গুগলে সার্চ করেন তবে একটি পেইন্টিং দেখতে পাবেন, যা শেষ হয় না। এর মানে এটি জুম করতে থাকে এবং এর কোন শেষ নেই। এটি ২০০৪ সালে নিকোলাস বাউমগার্টেন ডিজাইন করেছিলেন।

এগুলি ছাড়াও, অনেক অনন্য জিনিস রয়েছে, যা কৌতূহলী মনের মানুষ হয়ে থাকলে আপনার একবার হলেও সার্চ করা উচিত। যেমন আপনি রোল এ ডাই, ডু এ ব্যারেল রোল, জের্গ রাশ ইত্যাদি।

চান্দিনায় বিজয় দিবসে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে চান্দিনা উপজেলার জয়দেবপুর গ্রামের ওমর ফারুকের বাড়ীতে বেওয়ারিশ সেবা ছায়ানীড়ের আয়োজনে ৫০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত পিপিএম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন -বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,সিনিয়র উপদেষ্টা এনামুল হায়দার।

এসময় উপস্থিত ছিলেন -বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.আবু হাসান,আবদুস ছবুর,ক্রাউন নিপা,রতন সেন, শাহ আলম আমিনুল,ইঞ্জিনিয়ার আরমান হোসেন,সাইয়েদুল তৈয়ব,পাবলিক মিডিয়া সমন্বয়ক গিয়াস উদ্দিন, চিকিৎসা ঔষধ বিষয়ক সমন্বয়ক বিধান, ঢাকা প্রতিনিধি মনির হোসেন শিমুল, সাবেক মেম্বার গোলাম সারোয়ার, আবদুল মতিন,মো.আমির হোসেন প্রমুখ।