All posts by jitu

চৌদ্দগ্রামে ১৩০টি গাঁজার রোল সহ মাদক ব্যবসায়ী আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৩০টি গাঁজার রোল সহ মো: আলমগীর হোসেন (৪৫) নামে এলাকার চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম খাঁনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি টিম উপজেলার ঘোলপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনের জগমোহনপুর (উত্তর বাবুচি) এলাকার হোটেল সততার রান্না ঘরের চুলার ভেতর থেকে ১৩০টি রেডি গাঁজার রোল উদ্ধার করে। এ সময় আলমগীর হোসেন নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে আটকৃকত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হোটেল সততায় অভিযান চালিয়ে গাঁজা সহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবক ও দুই নারী মাদক কারবারিকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১টি বাটন মোবাইল, ১টি এন্ড্রয়েট মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। এর আগে, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতাররা হলো, রোহিঙ্গা মাদককারবারি মো. জাহিদুল ইসলাম (২৯) ও মো.রফিক ওরফে বাইলা (৪০) কামরুন নাহার (২৫) বিবি আয়েশা (২৩)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে ৪ মাদককারবারিকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৩হাজার ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওষুধ সেবন করিয়ে রোহিঙ্গা যুবকের পেট থেকে আরো ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় গ্রেফতার মাদককারবারিরা ইয়াবা প্রেরণ করে আসছে। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা নেওয়া হয়েছে।

আওয়ামীলীগ নেতারা চান খালি মাঠে ওয়াকওভার: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নিক ক্ষমতাসীনরা সেটি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা চান খালি মাঠে ওয়াকওভার।

নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের নেতা সাইফুদ্দিন আহমেদ মণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক আন্দোলনে লড়াই সংগ্রামের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচনি ব্যবস্থা সঠিকভাবে করার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে। ভোট দিতে পারব কি পারব না তার জন্য লড়াই করতে হচ্ছে। আমার ভোট আমি দিতে পারব কিনা তার জন্য লড়াই করতে হচ্ছে। কী দুর্ভাগ্য আমাদের, এমনভাবে কথা-বার্তা আসে আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকে যে, মনে হয় এটা তাদের পৈত্রিক সম্পত্তি এবং এটা একজনেরই সম্পত্তি।

তিনি জানায়, ‘এখন আওয়ামী লীগের যে বক্তব্য, তাতে ওই কথাই প্রধান হয়ে উঠে আসে—আরে এটা তো আমার সম্পত্তি, তুমি আবার এর মধ্যে কোত্থেকে নাক গলাও! এই জিনিসটা এসে গেছে তাদের মধ্যে।’

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদত হোসেন, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বিকল্প ধারার নূরুল ইসলাম বেপারী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এস এম শাওন সাদেকি, মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল প্রমুখ।

মুরাদনগরে চুরি করতে গিয়ে দাদীকে খুন, জানাজা ও দাফনে অংশ নেয় ঘাতক

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গভীর রাতে দাদীর ঘরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বটি দা’ দিয়ে কুপিয়ে হত্যা করে নিজেরই নাতি। দাদীকে খুন করে তার জানাযা ও দাফন কাজেও অংশ নেয় ঘাতক। হত্যায় ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে এসে স্বাভাবিক ভাবে ঘুমিয়ে পড়ে এই পাষন্ড খুনি।

বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যেমে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানান বৃদ্ধা আমেনা খাতুন হত্যা মামলার রহস্যের উদঘাটন করা হয়েছে। এই ঘটনার একমাত্র ঘাতক নাতি সাগর বাদশা(২২) গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

হত্যাকারী সাগর নিহত আমেনা বেগমের তৃতীয় সন্তান আবদুল মতিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মো: হিলাল উদ্দিন বলেন, চার বছর আগে সাগর তার দাদী আমেনা বেগমের স্বর্নের গহনা এবং টাকা পয়সা চুরি করে। সে ঘটনায় সাগর ও তার চাচাত ভাই হাসানকে ¯’ানীয় সালীশে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘুরানোর পর সে চরম অপমানিত হয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে প্রতিশোধ নিবে বলে পণ করে এলাকা ছেড়ে চলে যায়। দুই মাস পূর্বে সাগর আবারো গ্রামে আসে এবং সুযোগ পেয়ে গত (১২ই অক্টোবর) তার দাদীর ঘরে চুরি করতে যায়। সেসময় তার দাদী তাকে চিনে ফেলার কারনে পাশে থাকা বটি দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে এবং তার দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যাবহৃত একটা বটি, একটা ছুটি ও একটা লোহার রড পুকুর ঘাট থেকে এবং তার দাদীর ঘর থেকে চুরি করা ১০ লিটার সয়াবিন তেল তার চাচার ঘরের ড্রাম থেকে উদ্ধার করেছেন পিবিআই।

উল্লেখ্য: বুধবার (১২ অক্টোবর) মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের পশ্চিম পাড়ায় মৃত তালেব আলীর স্ত্রী আমেনা বেগমকে (৮২)কে মধ্যরাতে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের ছেলে আবু ইউসুফ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাবের মতবিনিময়

নোমান হোসেন আখন্দ :

শাহরাস্তি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন এর সাথে মতবিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ। শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, শিক্ষক ও সাংবাদিক হাসান আহমেদ বাবলু, সাংবাদিক ও দৈনিক যুগান্তর শাহরাস্তি উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, কোন মাদক ব্যবসায়ীর স্থান শাহরাস্তি উপজেলায় নেই ,হয় মাদক ব্যবসা ছাড়বে, না হয় বাড়ী ছাড়বে। মাদক আমাদের দেশ ও জাতির জন্য অভিশাপ স্বরূপ। আমি যতদিন এ থানায় থাকবো,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। এছাড়াও তিনি ইভটিজিং, বাল্যবিবাহ,টাউট বাটপার ও দালাল প্রতিরোধে কাজ করবেন বলে অভিপ্রায় ব্যাক্ত করেন। সে সাথে তিনি শাহরাস্তি থানায় আদশিক ন্যয়পরায়ন ভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সর্বস্তরের গণমাধ্যমকর্মী ও শাহরাস্তি বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ক্যাপশন: শাহরাস্তি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে মতবিনিময় শেষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ফিলিস্তিনের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন

ফিলিস্তিনের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট:

দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

আগামী শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শিয়ালের মাংস বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৫৫) সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারও র‍্যাব-১১, সিপিসি-৩ স্কোয়াড কমান্ডার মো.গোলাম মোর্শেদ। এছাড়াও র‍্যাব-১১, সিপিসি-৩, একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাশার অধিক মুনাফা লাভের আশায় জনসাধারণকে কথার মায়া জালে ফাঁসিয়ে দীর্ঘদিন যাবৎ শেয়ালের মাংসকে ঔষুধী গুনাগুন সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বিক্রি করে আসছিলো। বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব -১১ এর আভিযানিক দল নোয়াখালী জেলা প্রশাসনের সহায়তায় চৌমুহনী বাজারের ব্যাংক রোডে যৌথ ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধী ও প্রতারক আবুল বাশারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিএনপির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলটির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক।

এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহের কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজ উদ্বোধন এবং সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।

এ দিন প্রধানমন্ত্রী সারাদেশে ১৬৪ টি সেতু ও আন্ডারপাসের উদ্বোধন করেন। এসব স্থাপনা দেশের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।

শেখ হাসিনা বলেন, ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কী দিয়েছে? তারা দেশের মানুষের জন্য কতটুকু করেছে? তারা দেশের কতটুকু উন্নতি করেছে, সেটাই হলো বড় প্রশ্ন।

তিনি বলেন, আমরা সারা বাংলাদেশে ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত যতগুলো ব্রিজ, পুল ব্রিজ, রাস্তা-ঘাট আমরা করেছি সব হিসাব দিতে গেলে অনেক সময় লাগবে।

এ সময় উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়নের বর্ণনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

২০০১ সালের নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে সরকার প্রধান বলেন, ২০০১ সালে সরকারে আসতে পারিনি, সেটা আমি বহুবার বলেছি। কারণ আমাদের গ্যাস অন্য দেশ কিনবে; আমি রাজি হইনি। খেসারত দিতে হয়েছে, ক্ষমতায় আসতে পারিনি। জনগণের ভোট পেয়েছিলাম কিন্তু চক্রান্তের শিকার হয়েছিলাম। তার পরে দেশটার অবস্থা কী হয়েছিল?

বিএনপি-জামায়াত সরকারের লুটপাটের চিত্র তুলে ধরে তিনি জানান, সেই সময়টার কথা একবার চিন্তা করে দেখেন মানুষের কী দুরাবস্থা ছিল। ব্যবসা-বাণিজ্য করার কোনো সুযোগ ছিল না। বিএনপির আমল থেকে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল এ দেশের মানুষের ওপর, তারই ধারাবাহিকতা চলতে থাকে। যা হোক একটা পর্যায়ে ২০০৮ সালে তারা নির্বাচন দিতে বাধ্য হয়।

বিএনপির গ্রহণযোগ্যতা নেই উল্লেখ ক রে শেখ হাসিনা জানায়, ২০০৮ এর নির্বাচনের রেজাল্ট; ২০ দলীয় ঐক্যজোট বিএনপি-জামায়াত পেয়েছিল মাত্র ২৯টি সিট। পরে বোধ হয় রিইলেকশনে একটা—৩০টা। ৩০০ সিটের মধ্যে তাদের প্রাপ্তি ছিল মাত্র ৩০টি সিট। এই হলো তাদের শক্তি, জনগণের কাছে গ্রহণযোগ্যতা।

আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরে তিনি জানান, ‘আমরা তো সারা জীবন আন্দোলন করে তার পরে না ক্ষমতায় এসেছি। তারা যেতে চাচ্ছে কিন্তু এই ধরনের মানুষের ক্ষতি করা, এটা যেন করতে না পারে। সে ক্ষেত্রে আমি মনে করি, আপনারা সবাই সজাগ থাকবেন।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) অত্র কলেজ মিলনায়তনে দিনটি উদযাপন করা হয়।

শুরুতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। পরবর্তীতে কলেজ মিলনায়তনে শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম এর সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাজমা আহমেদ এবং কামরুর রশিদ।

শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক আবু জাহেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক বাংলা বিভাগের প্রভাষক রাশেদুল হক, কলেজ ছাত্র লীগের আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সাল এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন ৭৫’র ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা ছিলো ইতিহাসের নারকীয় ঘটনা। সেদিন ঘাতকদের নির্মমতা থেকে শিশু রাসেলও রেহাই পায়নি।অথচ বেঁচে থাকলে এক সময় হয়তো তিনিও জাতির নেতৃত্ব দিতেন। আগামীতে শিশু-কিশোরদের মধ্য থেকে একেকজন শেখ রাসেল তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষের দিকে শেখ রাসেলকে নিয়ে দেয়ালিকা প্রকাশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইনজুরিতে নেইমার, ৯ থেকে ১০ মাস মাঠের বাইরে

ইনজুরিতে নেইমার, ৯ থেকে ১০ মাস মাঠের বাইরে

ডেস্ক রিপোর্ট:

কাতার বিশ্বকাপের দুঃস্বপ্ন ধীরে ধীরে ভুলতে বসেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে তাদের সুষম প্রতিযোগিতা ছিল পয়েন্ট টেবিলে। ভেনেজুয়েলার বিপক্ষে ড্র তাদের সেই দৌড়ে ‘দাড়ি’ টেনে দেয়, এরপর পেরুর বিপক্ষেও সেলেসাওরা ২-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে। তবে এরচেয়েও বড় দুশ্চিন্তার বিষয়– হাঁটুর চোট নিয়ে ম্যাচটি থেকে নেইমার জুনিয়রের ছিটকে যাওয়া। যা বড় ধাক্কা হিসেবে এসেছে ব্রাজিল শিবিরে!

এর আগেও অনেকবার চোটে পড়েছিলেন ব্রাজিল সেনসেশন। তবে এবার ভয়াবহ ইনজুরিতে পড়েছেন এই তারকা ফুটবলার। ধারণা করা হচ্ছে, আগামী ৯-১০ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান এ তারকাকে।

দীর্ঘ ৭ মাস মাঠের বাইরে কাটানো নেইমার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে চোটে পড়েন। প্রতিপক্ষের নিকোলাস ডে লা ক্রুজের করা ফাউলের শিকার হন তিনি। মাঠে কয়েক মিনিট প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় ৩১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে। চোট এতটা গুরুতর ছিল যে, হাত দিয়ে চোখ ঢেকে তিনি কাঁদতে কাঁদতে নেইমার মাঠ ছেড়েছেন। এরপর তার বদলি হিসেবে মাঠে নামানো হয় রিচার্লিসনকে।

ম্যাচের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের চোটে বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার নিজে এবং তার ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, খুব শিগগিরই হাঁটুর অপারেশন করা হবে নেইমারের। তবে কবে এবং কখন এই অপারেশন হবে সেটা এখনও ঠিক করা হয়নি। ব্রাজিল জাতীয় দল এবং আল হিলালের মেডিকেল টিম সার্বক্ষণিক নেইমারের চিকিৎসায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারের চোট বড়সড় বিপদে ফেলতে পারে ব্রাজিল এবং আল হিলালকে। তাদের মতে, অপারেশন এবং পুনর্বাসন মিলিয়ে এই চোট সেরে উঠতে নেইমারের সময় লাগবে ৭-৯ মাস। এদিকে, ৮ মাসের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার আগামী আসর। আর তাই মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে এবার নাও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান সেনসেশনকে।