All posts by jitu

বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন

বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তেল আবিব থেকে এ ঘোষণা দিয়েছেন।

ব্লিনকেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ডের এই সফর ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে।

ইসরায়েল ও হামাসের স্বাধীনতাকামীদের মধ্যে যুদ্ধের ১১ দিন চলছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় ১৪০০ ইসরায়েলি এবং ২৭৫০ জন ফিলিস্তিনি রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন গত চার দিন ধরে মধ্যপ্রাচ্য চষে বেড়াচ্ছেন। গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তিনি আরব বিশ্বের ছয় দেশ জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিসর সফর করেছেন। এই সফর শেষে সোমবার ইসরায়েলে ফিরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন তিনি।

তার এই সফরের উদ্দেশ্য গাজার বেসামরিক নাগরিকদের কীভাবে সর্বোত্তম মানবিক সহায়তা এবং বিদেশি নাগরিকদের চলে যেতে দেওয়া যায় সেই বিষয়ে আরব বিশ্বের চিন্তা-ভাবনা শোনা, জানা এবং আলোচনা করা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের একটি বার্তা জানিয়ে দেওয়ার লক্ষ্যে সাজানো হয়। সেই বার্তাটি হল, হামাসের প্রতি ইরানের সমর্থনে বাধা দিতে চায় যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ইরান অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র্র ইরানের এই সহায়তা ঠেকাতে চায়।

সফর শেষে সোমবার ইসরায়েলে ফিরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ব্লিনকেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইসরায়েলের প্রতিশ্রুতি, নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার বাধ্যবাধকতা বোঝে যুক্তরাষ্ট্র। ইসরায়েল এই কাজে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সফরে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন হামাসের ‘সন্ত্রাসবাদ থেকে আত্মরক্ষা করার জন্য ইসরায়েলের অধিকারের’ প্রতি তার দৃঢ় সমর্থনের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে নাগরিকদের সুরক্ষার জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন ইসরায়েলি সরকারকে যুক্তরাষ্ট্র তা দেবে বলে ওয়াশিংটনের অঙ্গীকারের পুনরাবৃত্তি করেছেন তিনি।

পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন ব্লকের একপাশে পানির সংকট দেখা দিয়েছে। ফলে গোসল, খাবার পানি ও ওয়াশরুম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায়, মোটর সমস্যা হওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। ফলে ট্যাংকে কম পানি উঠে ও ট্যাপে পর্যাপ্ত পানি থাকে না। ফলে বাধ্য হয়েই অন্য ব্লকে ভীড় করতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম সিফাত বলেন, গত দুই-তিনদিন যাবত আমাদের ব্লকে পানি নাই। অন্য ব্লকে গিয়ে পানি আনতে হচ্ছে। গোসলের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে। এছাড়া অন্য ব্লকের ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে। এজন্য আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক মো.আবু বকর সিদ্দিক বলেন, পানি সমস্যা নিয়ে কাজ হচ্ছে। আমাদের একটা পাম্প স্যাংশন (এটা কি) হয়েছে। ফাইলও উঠে গেছে আজকে। এরমধ্যে যে টেম্পোরারি প্রব্লেম হয়েছে এটা আশাকরি দ্রুত সমাধান হয়ে যাবে। পাম্পে পানি কম উঠতেছে এটা নিয়ে কাজ হচ্ছে৷ এটা সমাধান হয়ে যাবে।

ধানমন্ডিতে নবনির্মিত ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে নবনির্মিত ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ধানমন্ডিতে নবনির্মিত ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার পর তিনি জয়িতা টাওয়ারের উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসময় উপস্থিত ছিলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক সচিব নাজমা মোবারেক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জয়িতা ফাউন্ডেশনের টাওয়ারে মার্কেট প্লেস পরিদর্শন করেন।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বলিত জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে। জয়িতা টাওয়ারে ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা থাকবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১২তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরই মধ্যে সরকার দেশের প্রতিটি বিভাগে প্রতীকী মূল্যে ১ বিঘা করে জমি বরাদ্দ দিয়েছে। জয়িতার কার্যক্রম বিভাগ, জেলা ও উপজেলায়ও চালুর মাধ্যমে দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফিলিস্তিনেরও রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে: চীনা দূত

ফিলিস্তিনেরও রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে: চীনা দূত

ডেস্ক রিপোর্ট:

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন সংকট সমাধানে জাতিসংঘকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে চীন। ইসরাইলের মত ফিলিস্তিনেরও রাষ্ট্র গঠনের অধিকার রয়েছেন বলে মন্তব্য করেন দূত।

গাজা পরিস্থিতি নিয়ে রোববার ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিনের প্রশ্নটি মধ্যপ্রাচ্য সংকট কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এই ক্ষত আজকের বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এর মূল কারণ ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ বিলম্ব ও ফিলিস্তিনিদের প্রতি ঐতিহাসিক অবিচারের প্রতিকারে ব্যর্থতা।

তিনি জানায়, ‘ইসরাইলের মতো ফিলিস্তিনেরও রাষ্ট্র গঠনের অধিকার আছে। ইসরাইলিরা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করেছে, কিন্তু ফিলিস্তিনিদের বেঁচে থাকার চিন্তা কে করবে?’

‘ইহুদি জাতি পৃথিবীতে এখন আর গৃহহীন নয়, কিন্তু ফিলিস্তিনি জাতি কবে ফিরবে তাদের ঘরে? বিশ্বে অনেক অন্যায় আছে, কিন্তু ফিলিস্তিনের প্রতি যে অবিচার তা অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দুর্ভোগ, যা চলতে দেওয়া যায় না’,- বলেন তিনি।

সমাধান হিসেবে দুই রাষ্ট্র ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, এর মাধ্যমেই ফিলিস্তিন ও ইসরাইল শান্তিতে সহাবস্থান করতে পারে এবং আরব ও ইহুদিরা সম্প্রীতিতে বসবাস করতে পারে।

এক বিবৃতিতে চীনা দূত বলেন, সংকট দূর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

চলমান সংঘাতের বিষয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের জন্য সব প্রচেষ্টা করতে হবে। যুদ্ধ ছড়িয়ে পড়া থামাতে হবে এবং পরিস্থিতির যাতে আরও অবনতি না হয় এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা এখন শীর্ষ অগ্রাধিকার বলে চীন বিশ্বাস করে।

চীন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব সহিংসতা ও হামলার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন লংঘন করে এমন সব কাজের বিরোধিতা করে বলে জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত আরও জানায়, শক্তির নির্বিচার ব্যবহার অগ্রহণযোগ্য এবং ফিলিস্তিনি বা ইসরাইলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের কর্মীসহ অন্যান্য মানবিক সংস্থার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানায়, মধ্যপ্রাচ্য ইস্যুতে চীনা সরকারের বিশেষ দূত শিগগিরই ওই অঞ্চলে সফর করবেন। সহিংসতা বন্ধ ও পরিস্থিতি শান্ত করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবেন।

শান্তির জন্য আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা এবং ফিলিস্তিন প্রশ্নের একটি ব্যাপক, ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় আরও বেশি কর্তৃত্বপূর্ণ, প্রভাবশালী ও বিস্তৃত ভিত্তিক আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে চীন।

দাউদকান্দির ৪৮টি পূজামন্ডব থাকবে ক্যামেরার আওতায়

দাউদকান্দির ৪৮টি পূজামন্ডব থাকবে ক্যামেরার আওতায়

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার দাউদকান্দিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টায় দাউদকান্দি মডেল থানার আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, এদেশে সকল ধর্ম বর্ণের লোকজন একসাথে স্বাধীনভাবে বসবাস করবে, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর ডাকে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছে। সকল ধর্ম বর্ণের লোক একসাথে বসবাস করবে। ৭১ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর শাষণামলে সেরকম কিছু হয়নি। তারপর থেকে পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে পটপরিবর্তন হয়েছে।

প্রতিক্রিয়াশীল শক্তি বিভিন্নভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে। এতে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে অনাকাঙ্খিত ঘটনার মুখপেক্ষি হতে হয়েছে। আর শারদীয় দুর্গোৎসব নিয়ে বিভিন্ন সময় দেশে বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যারা ঘটায়ে সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করছে, তারা সংখ্যায় কিন্তু বেশি না। গুজবের মাধ্যমে তারা সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করতে চায় বা করে। এদের প্রতিহত করতে সবাইকে গুজবের বিষয়ে সচেতন হতে হবে।

কোন রকম গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে পুলিশ সুপার বলেন, চিলে কান নিয়ে গেছে একথা শুনে চিলের পিছনে দৌড়ানোর আগে কানে হাত দিয়ে দেখতে হবে আপনার কান আছে কিনা। আর এখন গুজব ছড়ায় ফেসবুকের মাধ্যমে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোন ঘটনা বা লেখা দেখে আগে যাচাই করতে হবে ঘটনাটি সত্য না মিথ্যা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম। সভায় স্বাগত বক্তব্যে দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, এবার দাউদকান্দি উপজেলার ৪৮টি মন্ডবে পূজা উদযাপিত হবে। প্রতিটি পূজা মন্ডবকে আইপি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শারদীয় উৎসবকে কেন্দ্র কওে কোন প্রকার গুজবে কান না দেয়ার অনুরোধ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ঘোষ, সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ আচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য জেবুন নেছা জেবু, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, মসজিদের ঈমাম এবং পূজামন্ডব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ।

চাঁদপুরে বৃদ্ধার মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি প্রতিপক্ষের

চাঁদপুরে বৃদ্ধার মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি প্রতিপক্ষের

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের মাঝে দুদু গাজী নামে এক বৃদ্ধের মৃত্যু হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান প্রতিপক্ষ হেলাল গাজী গংরা। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিহত দুদু গাজীর পরিবার।

জানা যায়, গত শনিবার ১৪ অক্টোবর সকালে ইউনিয়নের ছোট সুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঘরে পল্লী বিদ্যুতের লোকজন বৈদ্যুতিক সংযোগ দিতে আসলে সম্পত্তিগত বিরোধে নিহত দুদু গাজীর ছেলে মনির গাজী বাঁধা দিলে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা তৈরি হয়। এর মাঝেই হঠাৎ করে প্রায় ১২০ ফুট দূরত্বে দুদু গাজী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে তুলে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে বিছানায় রাখে। স্থানীয় এক পল্লী চিকিৎসক আসার পর অবস্থার অবনতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় হেলাল গাজী বলেন, আমাদের এ সম্পত্তি নিয়ে চাঁদপুর আদালতে একটি মামলা চলমান আছে। পরে তারাও আমাদের বিরুদ্ধে একটি মামলা দেন। ঘটনার দিন আমাদের বসত ঘরে পল্লী বিদ্যুতের কর্মীরা মিটার লাগাতে এলে মনির গাজী বাঁধা দেন। পরে পল্লী বিদ্যুতের লোকজনকে বুঝিয়ে মিটারটি তাদের অফিসে রেখে দিতে বলি। এর মধ্যে নিহত দুদু গাজী ছোট সুন্দর বাজার থেকে উক্ত সম্পত্তির সামনের রাস্তার পাশে এসে দাঁড়ালে প্রায় ১২০ ফুট দূরে মনিরের সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে দুদু গাজী তার ছেলেকে ডাক দিয়ে চলে আসতে বলে স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যুতে মারধরের কোন ঘটনা ঘটেনি। তখন স্থানীয়রা সহ আমরা ওনাকে মাটি থেকে তুলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুরে পাঠিয়ে দেই। পরে শুনি তিনি মারা গেছেন। এর আগেও দুদু গাজী কয়েকবার স্ট্রোক করেন। গত কয়েকদিন আগের বৃষ্টিতে বাড়ির সামনে পড়ে গিয়ে হাত ভেঙ্গে আহত হয়েছেন। তবে এ ঘটনায় তারা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেন। আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আামাদের কে অহেতুক হয়রানি থেকে রেহাই দেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

নিহতের বড় ছেলে মনির হোসেন জানান, হেলাল গাজী গংরা আমাদের নিজেদের সম্পত্তিতে অন্যায়ভাবে ঘর নির্মাণ করে। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনারদিন সকালে ওই সম্পত্তিতে পল্লী বিদ্যুতের লোকজন বৈদ্যুতিক সংযোগ দিতে আসলে আমি বাঁধা প্রদান করি। পরে বিদ্যুতের লোকজন চলে গেলে আমার বাবা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে ওখান থেকে চলে আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল গাজী গংরা আমার বাবাকে মারধর করেন। এক পর্যায়ে আমার ডাক চিৎকারে আমার পরিবার ও আশপাশের লোকজন সহ বাবাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে।

এ বিষয়ে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী জানান, ঘটনাটি মোবাইলে শুনতে পেয়ে আমি তাৎক্ষনিক গ্রাম পুলিশ কে ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রত্যক্ষদর্শী ৪/৫ জনের দেয়া তথ্য মতে, দুদু গাজী যেখানে লুটিয়ে পড়েছেন সেখান থেকে বিদ্যুতের খুঁটি প্রায় ১২০ ফুট দূরত্বে অবস্থিত। বিদ্যুতের খুঁটির কাছে ছিল মনির গাজী ও হেলাল গাজী পক্ষের ৩/৪ জন, সেই প্রেক্ষিতে দুদু গাজীর মৃত্যুতে মারধরের কোন ঘটনা ঘটেনি। পরে প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশ সহ উপস্থিত হই। আমি উক্ত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছি।

এদিকে ঘটনার সময় উপস্থিত মাসুদ পাটওয়ারী, মিলন হোসেন ও সেফায়েত উল্যাহ নামে কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীদের জানান, দুদু গাজীর মৃত্যুতে মারধরের কোন ঘটনাই ঘটেনি। উনি ওনার ছেলেকে বিদ্যুতের খুঁটির সামনে থেকে চলে আসতে বলেন। এ সময়ে উচ্চ স্বরে কথা বলার এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে আমরা উদ্ধার করি। আর এসব ঘটনা আমাদের সামনেই ঘটেছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন জখমের চিহ্ন দেখা যায়নি। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট ও সরেজমিনে তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য সাপেক্ষে এর সত্যতা জানা যাবে।

এ ঘটনায় রবিবার (১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ঘটনাস্থলে আসেন। এর আগে বাদ জোহর নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রবিবার সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

এদিকে সেমবার (১৬ অক্টোবর) সকালে নিহত দুদু গাজীর ছেলেরা হেলাল গাজীর ঘর বাড়ি ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেন হেলাল গাজীর পরিবার। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে গাছের চারা কর্তন ও বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে গাছের চারা কর্তন ও বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুরে ইউসুফ বকাউল সহ আরো ৪-৫ জন ব্যক্তির বিরুদ্ধে একই বাড়ির মোহাম্মদ আলী বকাউলের লাগানো গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির ঘটনায় একজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী বকাউল।

ঘটনার বিবরণে জানা যায়, ইউনিয়নের মেনাপুর গ্রামের বকাউল বাড়ির মোহাম্মদ আলীর সম্পত্তিতে তার ছেলে নেছার আহমেদ কয়েক বছর আগে কিছু ফলজ গাছ লাগান। কিন্তু পরবর্তীতে পার্শ্ববর্তী অংশীদার একই বাড়ির বাসিন্দা মৃত জুনাব আলীর অংশ দাবী করে বাঁধা দেন তার ছেলেরা। এক পর্যায়ে গত শনিবার (১৪ অক্টোবর) সকালে মোহাম্মদ আলীর ছেলে নেছার আহমেদের লাগানো জীবন্ত গাছগুলো কেটে সাবার করে দেন মৃত জুনাব আলীর ছেলে ইউসুফ বকাউল, কামাল বকাউল, আব্দুস সাত্তার বকাউলের ছেলে আলম বকাউল, কামাল বকাউলের ছেলে রাহুল বকাউল ও রাতুল বকাউল। এ নিয়ে সামাজিক মহলে নিন্দা প্রকাশ করেন অনেকেই। তারা বলেন, মানুষ মানুষের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা থাকতেই পারে। কিন্তু জীবন্ত গাছগুলো কি অন্যায় করেছে। গাছগুলো কেটে ফেলা মোটেও ঠিক হয়নি।

ঘটনার দিন বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলী বকাউল এক পা হারিয়ে বৃদ্ধ জীবন নিয়ে চলাচল করতে কস্ট হচ্ছে খুবই। তার ছেলে নেছার আহমেদও ব্যবসার সুবাদে রাজারগাঁও বাজারেই থাকা হয় দিনের বেশিরভাগ সময়। মৃত জুনাব আলীর ছেলেরা সংখ্যাঘনিষ্ট হওয়ায় তাদের সাথে কুলিয়ে উঠতে পারেন না এই ভুক্তভোগী পরিবারটি। তার প্রমাণ হিসেবে সংবাদকর্মীরা যখন ঘটনাস্থলে যায়, তখন সাংবাদিকদের সামনেই বেশী বাড়াবাড়ি করলে মৃত জুনাব আলীর ছেলেরা ক্ষিপ্ত হয়ে ঐ অসহায় পরিবারটিকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।

ভুক্তভোগী মোহাম্মদ আলী বকাউলের ছেলে নেছার আহমেদ বলেন, আমাদের সম্পত্তিতে আমরা কিছু গাছ লাগাই। পরে তারা আমাদেরকে গাছগুলো উঠিয়ে নিতে বললে আমরা এলাকার কয়েকজনকে জানালে এবছর তারা পানি কমলে জায়গা মাপ দিয়ে যে পাবে তাকে সীমানা নির্ধারণ করে দেয়ার সিদ্ধান্তে মেনে নেয়ার পর শনিবার জুনাব আলীর ছেলেরা গাছগুলো কেটে ফেলে। আমার মা বাঁধা দিতে গেলে তাকে মারধর করেন এবং তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে মৃত জুনাব আলীর এক ছেলে বলেন, সম্পত্তি নির্ধারণ না করে নেছার আহমেদ আমাদের সম্পত্তিতে গাছ লাগিয়েছে। তাদেরকে কয়েকবার বলেছি তারা কোন কর্ণপাত করেন নি। তাই আমরা গাছগুলো কেটে ফেলেছি। তবে গাছগুলো কাটা আমাদের মোটেও ঠিক হয়নি।

এ বিষয়ে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর কাজী এ প্রতিবেদককে বলেন, ঘটনারদিন আমি ঢাকায় ছিলাম। ভুক্তভোগীরা আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো, এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। শুধু পাড় বাধলেই হবে না, নদীর ড্রেজিংও করতে হবে।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রত্যেক এলাকায় নদী, খাল, বিল, হাওরের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

একই সঙ্গে দেশের ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া ছুরি হামলায় আহত হয়েছেন ৬ বছর বয়সী ওই শিশুর মা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় এই হামলার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া এই হামলাকে মুসলিমবিরোধী হামলা বলেও অভিহিত করেছে মার্কিন পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বছরের এক ছেলে শিশুকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে হত্যা এবং তার ৩২ বছর বয়সী মাকে গুরুতরভাবে আহত করার দায়ে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে মার্কিন পুলিশ। তার বিরুদ্ধে হত্যা এবং বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের অভিযোগ, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে ও ধর্মীয় বিশ্বাসের কারণে ওই ব্যক্তি ছোট্ট শিশু ও তার মায়ের ওপর হামলা চালায়।

শিকাগো শহরতলীর উইল কাউন্টি শেরিফের কার্যালয় রোববার এক বিবৃতিতে বলেছে, ‘ওই মা ও শিশু মুসলিম হওয়ায় এবং হামাস ও ইসরায়েলিদের সাথে চলমান সংঘাতের কারণে তাদের ওপর ওই ব্যক্তি নৃশংস হামলা চালান বলে গোয়েন্দারা নির্ণয় করতে সক্ষম হয়েছেন।’

এর আগে কর্মকর্তারা স্থানীয় সময় গত শনিবার সকালে শিকাগো থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে একটি বাড়িতে ওই মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করেন। শেরিফের কার্যালয় জানিয়েছে, হাসপাতালে মৃত ঘোষণা করা ছেলে শিশুটিকে হত্যার আগে বড় সামরিক-শৈলীর ছুরি দিয়ে ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল।

অন্যদিকে হামলায় আহত মায়ের শরীরেও এক ডজনেরও বেশি ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তিনি রোববার হাসপাতালে ভর্তি ছিলেন, তবে তিনি বেঁচে থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিবিসি বলছে, হামলায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম জোসেফ কসুবা। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ৭১ বছর বয়সী এই অভিযুক্তের কপালে কাটা দাগ ছিল। ৩২ বছর বয়সী ওই নারী এবং তার ৬ বছর বয়সী ছেলে সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে জোসেফ।

যদিও হামলায় শিশুটি মারা গেলেও ওই মা বেঁচে যান। গ্রেপ্তারের পর গোয়েন্দারা জোসেফকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, ইসরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে ‘প্রতিশোধ’ নিতে এই হামলা চালায় সে।

পুলিশ জানিয়েছে, গত শনিবার বাড়ির বেডরুমে ওই নারী এবং তার শিশু সন্তানের ওপর হামলা চালায় জোসেফ। আহত অবস্থায় কোনও রকমে ‘৯১১’ ইমারজেন্সি নম্বরে ডায়াল করেন ভুক্তভোগী নারী। পুলিশের দল সেখানে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারী ও তার সন্তানকে পড়ে থাকতে দেখে। আর বাড়ির সামনেই নির্বিকার ভাবে বসে ছিল অভিযুক্ত জোসেফ।

রয়টার্স বলছে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) নিহত ওই শিশুকে ওয়াদেয়া আল-ফায়ুম নামে শনাক্ত করেছে এবং বলেছে আহত ওই নারী হচ্ছেন হানান শাহিন। তিনি ওই শিশুর মা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সিএআইআর বলেছে, ‘রাজনীতিবিদদের বক্তৃতায়, মিডিয়া আউটলেট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়া ইসলামফোবিক বা ইসলামবিদ্বেষী প্রোপাগান্ডা এবং ফিলিস্তিনি-বিরোধী বর্ণবাদ বন্ধ করতে হবে।’

লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

ডেস্ক রিপোর্ট:

আজেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার হিসেবে আজের্ন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিলের সুপারস্টার নেইমারকে ছাড়িয়ে গেছেন রোনালদো।

২০২৩ সালে রোনালদোর আয় ২৬০ মিলিয়ন ডলার। সৌদি ক্লাব আল নাসর থেকে তার আয়ের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। বিজ্ঞাপন থেকে আয় ৬০ মিলিয়ন ডলার।

আয়ের দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। ইন্টার মিয়ামিতে মেসির আয় ১৩৫ মিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল হিলালে খেলা নেইমার। তার আয়ের পরিমাণ ১১২ মিলিয়ন ডলার।

সৌদি ক্লাবে খেলা করিম বেনজেমা ১০৬ মিলিয়ন ডলার এবং সাদিও মানে ৫২ মিলিয়ন ডলার আয় করে এ তালিকায় পঞ্চম ও সপ্তম স্থানে রয়েছেন।