All posts by jitu

সাভারে বাসে অগ্নিসংযোগ, আটক ২

ডেস্ক রিপোর্ট:

সাভারের হেমায়েতপুরে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে হেমায়েতপুরের মধুমতী মডেল টাউন এলাকায় রিমি পরিহনের একটি যাত্রীবাহী বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আটকরা হলেন- আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের অগ্নিসংযোগের স্থান থেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে মধুমতি হেমায়েতপুরের মডেল টাউন এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় বিএনপির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজছে পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমরা স্পট থেকে দুইজনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

চান্দিনায় অবরোধের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

চান্দিনা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি সমর্থিত চান্দিনা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সারাদেশে বিএনপি’র ডাকা ৭২ ঘন্টার অবরোধ, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও পুলিশ হত্যার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে তারা।

চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে অবস্থান করে শান্তি সমাবেশ করে।

শান্তি সমাবেশে বক্তৃতা করেন- চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সুমন, চান্দিনা পৌরসভার সাবেক কমিশনার দৌলতুর রহমান, মাইজখার ইউপি চেয়ারম্যান সেলিম প্রধান, কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভুঁইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর আওয়ামী লীগ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা বাহারুল ইসলাম বাহার, মনির হোসেন, মিজানুর রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন সরকার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হোসেন, যুবলীগ নেতা ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুসা জনি, উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন গাজী, পৌর ছাত্রলীগ আহবায়ক কাজী ইমদাদুল ইসলাম জয় প্রমুখ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি সমর্থিত চান্দিনা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে ২ বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ২ শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলেন,ইফরা ((৮) ও হাফছা (২) । তারা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে।

সোমবার (৩০ অক্টোবর) সৌদি সময় বিকেল ৫টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দূর সম্পর্কের মামা জামাল উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলাল গত ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করে আসছেন। গতকাল সোমবার বিকেলের দিকে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকার যোগে ওমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে একটি কার্ভাডভ্যান তাদের বহনকারী প্রাইভেটকারের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বোন গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে এ বিষয়ে নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হবে।

কুমিল্লায় উষসী পরিষদের আলোচনা সভা, দোয়া ও কবিতা পাঠের আসর

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদের আয়োজনে, দোয়া মোনাজাত,কবিতা আবৃত্তি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর ২০২৩ খ্রিঃ) রাত ৮ টায় রেইনড্রপ চাইনিজ রেস্টুরেন্ট, মনোহরপুর,
কুমিল্লায় উষসী পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি
এডভোকেট মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক এড:কামরুজ্জামান চৌধুরী ফারুক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন আহম্মদ, অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোঃ ইউনুছ,অধ্যাপিকা সালমা আক্তার,মোঃ এমদাদুল হক প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন,কবি ও লেখক আহমেদ কবির, ড, উত্তম কুমার মজুমদার, রীতা রানী সরকার,জামাল উদ্দিন দামাল,
মনিরুল ইসলাম মাস্টার,
আজাদ সরকার লিটন,এ কে এম জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রমিজ খানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মোঃ আবদুল আউয়াল সরকার।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ মনিরুল ইসলাম, শেখ ফরিদ আহমেদ,মোঃ মজিবুল হক দুলাল,নাসির আহমেদ বাদল,কার্তিক কুমার সাহা,তানজিনা ইয়াসমিন তন্নি,মাহমুদা আক্তার,জামাল উদ্দিন দামাল,মু,এহতেশামুল আরেফীন (রুমেল), দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন চাষী,সাংবাদিক আরিফ আজগর,শ্যামল বড়ুয়া ববি,মহিম উল্ল্যাহ চৌধুরী টিটু,মোঃ তফাজ্জল হোসেন, অচিন্ত্য দাস টিটু,জাহিদুর রহমান মামুন,মোঃ মাহাবুব আলম বাবুল,মোঃ সফিউল্যাহ পলিন,ডাঃ সুমাইয়া রহমান,শোয়েব আহমেদ মজুমদার,

আ ক ম মাসুদ ভূইয়া কুদ্দুস,আবদুর রহমান সাইফ প্রমুখ।

নোয়াখালীতে শপিং ব্যাগে মিলল এলজি-গুলি, ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে দেশীয় তৈরী এলজি-গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মাসুদুর রহমান ওরফে সজীব (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় রাত্রিকালীন পাহারায় ছিল টহল পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল পার্টির পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি সচল দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসবে, আশা পিটার হাসের

ডেস্ক রিপোর্ট:

গণতন্ত্রে রাজনৈতিক সংঘাতের কোনো স্থান নেই, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন শর্তহীন রাজনৈতিক সংলাপ এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে হয় পিটার হাসের। বৈঠকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের ওপর জোর দেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব।

পিটার হাস আরও বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবমূল্যায়ন করে এমন যে কোনো প্রতিক্রিয়া, ইন্টারনেট ব্যবহারে বাধা প্রদান, সহিংসতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। আমি আশা করি সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনের দিকে এগোবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এ আকষ্মিক বৈঠক।

সকাল সাড়ে ১০টায় বৈঠকের জন্য সময় নির্ধারিত থাকলেও ১০টার আগেই ইসিতে প্রবেশ করেন পিটার হাস। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কক্ষেই শুরু হয় বৈঠক। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও কমিশন সচিব অংশ নেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে প্রথমেই গণমাধ্যমে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার, ওসিসহ ৫০ জন আহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজারে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ঘটনাস্থল ও আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

ঘটনার সময় আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) হুমায়ুন কবির মোল্লা, এএসআই আবদুল মতিন ও কনস্টেবল নজরুল এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে পুলিশ সদস্য নজরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার পাঁচরুখী এলাকায় মহাসড়কে শুরু হয় সংঘর্ষ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি গিয়ে সোয়া ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টায় অবরোধের সমর্থনে পাঁচরুখী এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে অবরোধ সফলে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশ টিয়াস গ্যাস ও গুলি ছুড়ে। এক পর্যায়ে পুলিশকে ঘিরে ফেলে বিএনপির নেতাকর্মীরা। এ সময় অপর পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও ৩ পুলিশ সদস্য আহত হন।

এ সময় কয়েকটি বাস ভাংচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটাসহ আসলে তাদেরকেও ধাওয়া দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় কয়েকজন আওয়ামীলীগ কর্মী গুরুতর আহত হন।

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় আহত হয়েছেন। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ওপর নির্বিচারে গুলি করেছে। তবুও আমরা ৭২ ঘণ্টা রাজপথে থেকে অবরোধ সফল করব।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, বিএনপির নেতাকর্মীরা সড়কে নৈরাজ্য করতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

ইসির হাতে অপশন নেই, যথাসময়েই ভোট: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচন কমিশনের (ইসি) হাতে কোনো অপশন নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতেই হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সিইসি। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠক শেষে সিইসি জানায়, আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি নির্বাচনের জন্য। দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক নির্বাচন হবে যথাসময়ে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, এখনো প্রত্যাশা করবো সবগুলো দল অংশ নেবে। প্রতিকূল হলে নির্বাচন হবে না, তা নয়। নির্বাচন যথাসময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপের। উনি (পিটার ডি হাস) বলেছেন এখনো আহ্বান করবেন বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলোকে সংলাপে বসতে।

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার:

বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনের কর্মসূচিতে কুমিল্লায় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচির সমর্থনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশও অবস্থান নেয়। বিএনপি নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিলে তারা একপাশে গিয়ে আরও বেশি ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটে।

বিএনপি নেতারা জানান, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ আমাদেরকে দেখেই ফাঁকা গুলি করতে শুরু করে। আমাদের বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন। জেলা পুলিশের কেউ মোবাইল ফোন না ধরায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফের ব্যালন ডি’অর জয় লিওনেল মেসির

ডেস্ক রিপোর্ট:

অষ্টমবারের মতো ব্যালন ডি’আর জয় করে ফেললেন লিওনেল মেসি। এর আগেও সাতবার ব্যালন ডি’অর জয় করেন আর্জেন্টাইন লিজেন্ড। এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনালদোর থেকে অনেক এগিয়ে গিয়েছিলেন মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ৮ম ব্যালন ডি’অর জয় অনেকাংশেই নিশ্চিত করে ফেলছিলেন এই ফুটবল জাদুকর। সেটার জন্যই দীর্ঘ প্রায় ১১ মাসের অপেক্ষার পর কাঙ্ক্ষিত সোনালি বলটি উঠল লিওনেল মেসির হাতে।

রোজারিওর সেই ছোট্ট মেসি যখন গ্রোথ হরমোনের কারণে খেলাটাই ছেড়ে দিতে যাবেন তখনই বার্সেলোনা যেন আশীর্বাদ হয়ে আসে। তাই তো সেই স্বপ্নের ক্লাবকে আজও মনে প্রাণে ধারণ করেন, এখনো মনের গহীনে সুপ্ত বাসনা ঈপ্সিত থাকে বার্সেলোনায় ফেরার।

বার্সায় ফিরতে না পারলেও মেসি যে ইন্টার মায়ামিতে দারুণ খুশি তা তার খেলাতেই স্পষ্ট। এমএলএস ক্লাবটিকে এনে দিয়েছেন তার ইতিহাসের প্রথম শিরোপা।

মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ে ফিকে হয়ে গেলো নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের স্বপ্নের মতো কাটানো মৌসুমটি। ট্রেবল জয়ের পাশাপাশি ইউরোপের গোল্ডেন বুটও ছিল তার ঝুলিতে। ২৩ বছর বয়সি এই গোল মেশিন গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫৩ গোল করেছেন। কিন্তু এক বিশ্বকাপের কাছে যে সবকিছুই অর্থহীন।

ব্যালন ডি’অর যে সময়ের বিবেচনায় দেওয়া হয় সেই সময়টায় মেসি জিতেছেন বিশ্বকাপ ট্রফি, জিতেছেন বিশ্বকাপ গোল্ডেন বল। এ ছাড়া ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারও হয়েছেন তিনি। তাছাড়া ফ্রেঞ্চ লিগ, ট্রফি দিস চ্যাম্পিয়নস, লরিস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ারও হয়েছেন মেসি। ভেঙেছেন অসংখ্য রেকর্ডও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতাও মেসি।

তাই যোগ্যতার ভিত্তিতেই আর্জেন্টিনার বিশ্বকাপ খরা কাটিয়ে ব্যালন ডি’অর জয় কেবল মেসিরই প্রাপ্য। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন এই ফুটবল সুপারস্টার।