Tag Archives: ব্যালন ডি’অর

আজ রাতে জানা যাবে

আজ রাতে জানা যাবে ‘নতুন যুগের’ প্রথম ব্যালন ডি’অর বিজয়ীর নাম

আজ রাতে জানা যাবে ‘নতুন যুগের’ প্রথম ব্যালন ডি’অর বিজয়ীর নাম

ডেস্ক রিপোর্ট:

পদার্পণ হলো ব্যালন ডি’অরের ‘নতুন যুগে’। আজ রাতে জানা যাবে ‘নতুন যুগের’ প্রথম ব্যালন ডি’অর বিজয়ী কে হতে যাচ্ছেন। দুই দশকের বেশি সময় পর এই মর্যাদাপূর্ণ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই দুই মহাতারকা লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।

এই পরিবর্তিত প্রতিযোগিতায় এবার লড়াইটা তরুণ তারকাদের মধ্যে। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, লাউতারো মার্টিনেজসহ বেশ কয়েকজন উদীয়মান ফুটবলার রয়েছেন এই দৌড়ে। তবে এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অনেক বিশ্লেষক ও সাবেক ফুটবলার মনে করছেন, এবার ব্যালন ডি’অর উঠতে পারে এই ব্রাজিলিয়ানের হাতে, যা দীর্ঘদিনের ব্রাজিলিয়ান শূন্যতা পূরণ করতে পারে। ২০০৭ সালের পর কোনো ব্রাজিলিয়ান ফুটবলার ব্যালন ডি’অর জেতেননি।

তবে ভিনিসিয়ুসের সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি স্পেনের জাতীয় দলের হয়ে ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রদ্রির ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য তাকে এগিয়ে রাখছে এই প্রতিযোগিতায়।

এছাড়া ব্যালন ডি’অরের দৌড়ে রয়েছেন জুড বেলিংহ্যাম ও লাউতারো মার্টিনেজের মতো তারকারাও। তবে শেষ পর্যন্ত কে জিতবেন, তা জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত। তখনই প্যারিসের থিয়েটার দু শাটলেতে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর বিজয়ীর নাম।

শুধু পুরুষদের ব্যালন ডি’অরই নয়, ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে এদিন সেরা নারী ফুটবলার ‘ব্যালন ডি’অর ফ্যামিনিন’, সর্বোচ্চ গোলদাতা ‘গার্ড মুলার অ্যাওয়ার্ড’, মানবিকতা প্রদর্শনের জন্য ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’, সেরা উদীয়মান ফুটবলার ‘কোপা অ্যাওয়ার্ড’-সহ পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ডও প্রদান করা হবে।

ফের ব্যালন ডি’অর জয় লিওনেল মেসির

ডেস্ক রিপোর্ট:

অষ্টমবারের মতো ব্যালন ডি’আর জয় করে ফেললেন লিওনেল মেসি। এর আগেও সাতবার ব্যালন ডি’অর জয় করেন আর্জেন্টাইন লিজেন্ড। এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনালদোর থেকে অনেক এগিয়ে গিয়েছিলেন মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ৮ম ব্যালন ডি’অর জয় অনেকাংশেই নিশ্চিত করে ফেলছিলেন এই ফুটবল জাদুকর। সেটার জন্যই দীর্ঘ প্রায় ১১ মাসের অপেক্ষার পর কাঙ্ক্ষিত সোনালি বলটি উঠল লিওনেল মেসির হাতে।

রোজারিওর সেই ছোট্ট মেসি যখন গ্রোথ হরমোনের কারণে খেলাটাই ছেড়ে দিতে যাবেন তখনই বার্সেলোনা যেন আশীর্বাদ হয়ে আসে। তাই তো সেই স্বপ্নের ক্লাবকে আজও মনে প্রাণে ধারণ করেন, এখনো মনের গহীনে সুপ্ত বাসনা ঈপ্সিত থাকে বার্সেলোনায় ফেরার।

বার্সায় ফিরতে না পারলেও মেসি যে ইন্টার মায়ামিতে দারুণ খুশি তা তার খেলাতেই স্পষ্ট। এমএলএস ক্লাবটিকে এনে দিয়েছেন তার ইতিহাসের প্রথম শিরোপা।

মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ে ফিকে হয়ে গেলো নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের স্বপ্নের মতো কাটানো মৌসুমটি। ট্রেবল জয়ের পাশাপাশি ইউরোপের গোল্ডেন বুটও ছিল তার ঝুলিতে। ২৩ বছর বয়সি এই গোল মেশিন গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫৩ গোল করেছেন। কিন্তু এক বিশ্বকাপের কাছে যে সবকিছুই অর্থহীন।

ব্যালন ডি’অর যে সময়ের বিবেচনায় দেওয়া হয় সেই সময়টায় মেসি জিতেছেন বিশ্বকাপ ট্রফি, জিতেছেন বিশ্বকাপ গোল্ডেন বল। এ ছাড়া ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারও হয়েছেন তিনি। তাছাড়া ফ্রেঞ্চ লিগ, ট্রফি দিস চ্যাম্পিয়নস, লরিস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ারও হয়েছেন মেসি। ভেঙেছেন অসংখ্য রেকর্ডও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতাও মেসি।

তাই যোগ্যতার ভিত্তিতেই আর্জেন্টিনার বিশ্বকাপ খরা কাটিয়ে ব্যালন ডি’অর জয় কেবল মেসিরই প্রাপ্য। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন এই ফুটবল সুপারস্টার।