বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধভাবে ডিজেল বিক্রি, অভিযানে ২৫০০ লিটার জ্বালানি উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২৬
news-image

 

হাবিবুর রহমান মুন্নাঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে ডিজেল বিক্রি ও মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা এনএসআই, কুমিল্লার তথ্যের ভিত্তিতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধভাবে ডিজেল বিক্রি, অভিযানে ২৫০০ লিটার জ্বালানি উদ্ধার

উক্ত অভিযানে ‘সূর্যমুখী’ নামীয় এজেন্সি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এজেন্সির বাইরে তেলের গাড়িসহ ‘জনপ্রিয় ট্রেডার্স’-এ কোনো প্রকার চালান বা মেমো ছাড়াই ডিজেল বিক্রি করছে। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ‘জনপ্রিয় ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এসময় প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল (যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা) উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জ্বালানি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

নিলামে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স জিসান ফুয়েল স্টেশন, ভরসার বাজার, বুড়িচং-এর স্বত্বাধিকারী মোঃ আব্দুস সালামের কাছে জনসম্মুখে ২ লাখ টাকায় জ্বালানি বিক্রি করা হয়।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন বলেন, “লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি বিক্রি ও মজুদ রাখার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কালিকাপুর বাজারে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”