Tag Archives: মক্কা

বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে ২ বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ২ শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলেন,ইফরা ((৮) ও হাফছা (২) । তারা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে।

সোমবার (৩০ অক্টোবর) সৌদি সময় বিকেল ৫টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দূর সম্পর্কের মামা জামাল উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলাল গত ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করে আসছেন। গতকাল সোমবার বিকেলের দিকে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকার যোগে ওমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে একটি কার্ভাডভ্যান তাদের বহনকারী প্রাইভেটকারের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বোন গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে এ বিষয়ে নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হবে।

পায়ে হেঁটে হজ করতে মক্কা যাচ্ছেন কুমিল্লার যুবক

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী ২০২৪ সালে হজ পালনের উদ্দেশে হেঁটে আলিফ মাহমুদ (২৫) নামে কুমিল্লার এক যুবক গ্রাম ছেড়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা হন। সে বাতাবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে।

আলিফ জানান, যশোরের বেনাপোল বর্ডার দিয়ে দেশ ছাড়ার ইচ্ছে তার।

আলিফ মাহমুদ এই সফরে বাংলাদেশ ছাড়াও আরও অন্তত ছয়টি দেশের মাটিতে হাঁটবেন। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরব। আলিফ বলেন, সফরের দূরত্ব ৭ হাজার ৮১০ কিলোমিটার কিংবা আরও একটু বেশি। এসব দেশের ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র তিনি সঙ্গে রেখেছেন। তার খরচ বহন করছে দুলাল কাজী গ্রুপ।

আধুনিক যোগাযোগব্যবস্থার যুগে দীর্ঘ এ পথে কেন তিনি হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে আলিফ বলেন, ‘আমি আসলে একজন ভ্রমণপ্রেমী মানুষ। ভ্রমণ পছন্দ করি। আমি এর আগে সাইকেলে চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছি। তখন থেকেই আমার এভাবে হজে যাওয়ার পরিকল্পনা ছিল।’

তিনি আরও বলেন, ‘শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা থাকলেও সেটি পরিবর্তন করি এবং হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ, হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।’

স্থানীয় বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ওই যুবক যখন হেঁটে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করে তখন বিশ্বাস হয়নি, পরে তার ইচ্ছাশক্তি দেখে ইংরেজিতে একটি প্রত্যয়নপত্র প্রদান করি। আশা করি সে মক্কা পর্যন্ত যেতে সকল দেশের সহযোগিতা পাবে।

পবিত্র কাবায় মুষলধারে স্বস্তির বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনকারী মুসল্লিরা স্বস্তির বৃষ্টি উপভোগ করলেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার পবিত্র মক্কা শহরে মুষলধারে বৃষ্টি নেমেছে।

এই নিয়ে মক্কার আঞ্চলিক কার্যালয়ের টুইটার পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির মুহূর্তে মুসল্লিরা তাওয়াফ করছেন, অনেকে কাবা প্রদক্ষিণ করছেন এবং কেউ কেউ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে কাবার সামনে নামাজ ও দোয়া আদায় করছেন।

ভারী বৃষ্টির মুহূর্তে সেখানে নিয়োজিত নিরাপত্তা ও জরুরি সংস্থার কর্মকর্তা এমন আবহাওয়ায় কোনো অঘটন যেন না ঘটে তা নিশ্চিত করেছেন।

যেকোনো সময়ের চেয়ে রমজান মাসে ওমরাহকারীর সংখ্যা বেড়ে যায়। এ বছরে সৌদি আরবে পবিত্র মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ এবং তা শেষ হবে আগামী ২১ এপ্রিল।