All posts by jitu

সরকার পতনে আর কয়েকটা দিন: মির্জা ফখরুল

সরকার পতনে আর কয়েকটা দিন: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্ট:

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনে আর কয়েকটা দিন আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘তিনি বলেন, কয়েকটা দিন আছে। এখন কিন্তু মাসও নেই। সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে…মারবে তো মারবেই, এগিয়ে যাবো। মারছেই তো, গত ১৫ বছরে আমাদের হাজারো নেতা-কর্মীকে মেরে ফেলেছে। গুম করেছে। আমাদের ৫০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সরকারি হিসাবে গতকালও ৭৭ জনকে গ্রেপ্তার করেছে।’

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি: সরকারের অব্যবস্থাপনা- কৃষক এবং জনগণের নাভিশ্বাস শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সোনালী দল, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

মির্জা ফখরুল জানান, কোনো কথা নয়, আসুন আজকে আমরাই সবাই ঐক্যবদ্ধ হই। একটা জিনিস কিন্তু আশা জোগাবে, সাহস জোগাবে, আজকে দেশের সকল মানুষ এক হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম ডান সবাই একটা কথাই বলছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে। আমরা খালি হাতে আছি। আমাদের হাতে তো বন্দুক নেই যে আপনাকে ভয় দেখাব, গ্রেপ্তার করে নিয়ে আসবো। ডিবিতে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করবো। সেই ক্ষমতা তো আমার নেই। তাই সবাইক রাস্তায় বেরিয়ে আসতে হবে।

ফখরুল বলেন, আমাদের একটাই ক্ষমতা আছে। মানুষকে সংগঠিত করা, মানুষকে বলা এই অবস্থা থেকে বেরোতে চাইলে, মুক্তি পেতে চাইলে রাস্তায় বেরিয়ে আসতে হবে। এই রাস্তায় বেরিয়ে আসাই তো বড় কথা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন বিএনপির নেতাকর্মীরা রাস্তায় কি করছে। সবাইকে রাস্তায় বেরিয়ে আসতে হবে।

বিএনপি সন্ত্রাসী দল-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এখন নতুন সুর শুরু করেছেন—বিএনপি সন্ত্রাসী দল! গতকালও প্রধানমন্ত্রী বলেছেন, তো বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কী? আপনারা তো সন্ত্রাসের বাবা।

আওয়ামী লীগ রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে দাবি করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসের রাজত্ব বানিয়ে দিয়েছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে মন্তব্য করে তিনি বলেন, এখন একেবারে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নজিরবিহীন। সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে এটা অবিশ্বাস্য ও নজিরবিহীন। এর পেছনে কারণ অনেকগুলো। মূল কারণ জবাবদিহিহীন সরকার। তাকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না। ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারছে। তাদের দুঃশাসন-দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের নাভিশ্বাস উঠেছে।

তিনি বলেন, সাধারণ মানুষ ডিম, ডাল কিনতে পারছে না। শাক কিনতে পারছে না কিন্তু নির্বাচনে ঘুষ দেওয়ার জন্য ইউএনও ও ডিসিদের জন্য ৩৬৫ কোটি টাকা দিয়ে নতুন গাড়ি কেনা হচ্ছে। তাদের টাকা দেওয়া হচ্ছে আলাদা করে। শোনা যাচ্ছে ইতোমধ্যে যারা ডিসি-এসপি, যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের কাছে টাকা পৌঁছে গেছে।

বর্তমান পরিস্থিতির উত্তরণে সরকারকে সড়ানো ছাড়া বিকল্প কিছু নেই বলেও মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণের নূন্যতম অধিকার ফেরত পেতে চাই।

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করে বিএনপি মহাসচিব। বলেন, তাকে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না।

বর্তমান নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন একটা বানিয়েছে। এটার তো কোনো কিছুই ঠিক নেই। তারা বলছে যদি পরিবেশ অনুকূলে হয়, তাহলে পরিবেশ অনুকূলে নয়! এখনো পরিবেশ অনুকূলে হয়নি। দরকার কি বাবা, পদত্যাগ করো না, আসো আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আসো।

শেষবারের মতো সরকারের কাছে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেষ বারের মতো সরকারকে বলতে চাই দয়া করে পদত্যাগ করুন। শান্তিতে আপনারা নিরপেক্ষ নির্দলীয় সরকারে হাতে ক্ষমতা দিয়ে চলে যান। দেশের মানুষকে বাঁচতে দেন।

ময়মনসিংহের বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ সেমিনারে সভাপতিত্ব ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনা সেমিনারে আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরি এস এ ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।

সূত্র: ঢাকাপোষ্ট

হিন্দুদের পূজামণ্ডপ-বাড়িঘর পাহারার নির্দেশ ওবায়দুল কাদেরের

হিন্দুদের পূজামণ্ডপ-বাড়িঘর পাহারার নির্দেশ ওবায়দুল কাদেরের

ডেস্ক রিপোর্ট:

দুর্গাপূজা চলাকালে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে পাহারা দিতে সারাদেশে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকের কাছে দলীয় এ নির্দেশনার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, কুমিল্লার সহিংসতার ঘটনাটি দলের গোচরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে নিজেই খোঁজখবর নিয়েছেন। দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের একই পরিণতি হবে ২৮ অক্টোবরে।

দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

শারদীয় দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই ঘটাচ্ছেন সঙ্গে সঙ্গে না হলেও দ্রুত সময়ের মধ্যে আমরা শনাক্ত করে ফেলছি। কাজেই সেটা করেও তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সবদিকেই খেয়াল রাখছে।

শুক্রবার সকালে পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুটিকয়েক মানুষ যারা সবসময় বাংলাদেশ সৃষ্টিতও বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধে তারা আছে। বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদাতবরণ করতে হয়েছিল। কাজেই আমি বলতে চাই এ সমস্ত দুষ্কৃতকারী সংখ্যায় খুবই কম তারপরও এরা ঘটনা ঘটিয়ে থাকে। সেজন্যই আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে।

এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এসময় ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদসহ পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট:

অধিকৃত পশ্চিমতীরের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। এ ছাড়া গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া ক্যাম্পে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ইসরাইল পশ্চিমতীরে এ হামলা চালায়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুই ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে জড়িত সন্দেহে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার বাসিন্দারা, যারা পশ্চিমতীরে কাজ করছে, তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরাইলে ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনী ইতোমধ্যে ৮৫০ জনেরও বেশি গ্রেফতার করেছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া ক্যাম্পে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পের আনোয়ার আজিজ মসজিদ স্কোয়ারে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় বিপুলসংখ্যক মানুষও আহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে কামাল আদওয়ান হাসপাতালে (উত্তর গাজার) সিভিল ডিফেন্স এবং মেডিকেল টিমগুলোকে নিহতদের উদ্ধারের পাশাপাশি আহতদের সেবা দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুর সংবাদদাতাকে বলেছেন, ‘হামলার পর বিস্তৃত ধ্বংসযজ্ঞের মধ্যে কয়েক ডজন আহত মানুষ ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।’

ইসরাইল-হামাস সংঘাতের বিস্তার ঘটলে পরিণতি হবে ভয়াবহ: যুবরাজ সালমান

ইসরাইল-হামাস সংঘাতের বিস্তার ঘটলে পরিণতি হবে ভয়াবহ: যুবরাজ সালমান

ডেস্ক রিপোর্ট:

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক বৈঠকে এমন হুশিয়ারি দেন।

ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের অংশ হিসেবে একই দিন তেলআবিব সফরে গিয়ে ইসরাইলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর সৌদি আরব সফরে যান ঋষি সুনাক।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমান জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইল যেভাবে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই গর্হিত অপরাধ। গাজার বেসামরিক নাগরিকদের নিশানা করে ইসরাইলের বোমা বর্ষণকে সৌদি আরব পাশবিক হামলা হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে গাজায় এসব নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংঘাতের বিস্তার ঠেকাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ওপর জোরারোপ করেন সৌদি যুবরাজ। তিনি বলেন, এই সংঘাতের যাতে বিস্তার যাতে না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে। কারণ এটা নিশ্চিত না করা গেলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ইসরাইল ও গাজায় গত দুই সপ্তাহ ধরে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি যে ভয়ংকর এক ঘটনা এ ব্যাপারে দুই রাষ্ট্রনেতা একমত হয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ গাজায় পানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্য পৌঁছানোর বিষয়েও জোরারোপ করেছেন তারা।

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে আল-কাশেম ব্রিগেডস

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে আল-কাশেম ব্রিগেডস

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীগোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস। গাজা উপত্যকায় বেসামরিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিশোধে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

টেলিগ্রামে নিজেদের চ্যানেলে দেওয়া এক বার্তায় আল-কাশেম ব্রিগেডস বলছে, গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিশোধে তেল আবিবে বোমা হামলা করা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তেল আবিবে রকেট হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার তেল আবিবে রকেট হামলা হয়েছে। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে শূন্যেই সেই রকেট ধ্বংস করা হয়েছে। তেল আবিব ছাড়াও ইসরায়েলের রামাত গ্যান, কিরিয়ান ওনো, অর ইয়েহুদা, বিনেই ব্রাক ও গিভাট এশমুয়েল শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের রকেট হামলার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা দ্য মেগান ডেভিড অ্যাডম বলছে, তাৎক্ষণিকভাবে রকেটের সরাসরি আঘাত হানার তথ্য পাওয়া যায়নি। এমনকি এতে কোনও হতাহত হয়েছে কি না তাও জানা যায়নি। এর আগে, একই দিন সকালের দিকে গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বসতি আশকেলোনে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস।

এদিকে, হামাস-ইসরায়েল যুদ্ধের ১৩তম দিনেও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেটের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ট্যাংক-বিধ্বংসী দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের হুলা এবং মায়েজ আল-জাবাল এলাকায় গোলাবর্ষণ করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে হিজবুল্লাহর মাঝে প্রত্যকদিনই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। মঙ্গলবার সীমান্ত এলাকায় হিজবুল্লাহর পাঁচ সদস্য নিহত হওয়ার পর ইসরায়েলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী। মঙ্গলবার দিনভর লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত ১৩ দিনের হামাস-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় ৩ হাজার ৭৮৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ১২ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস।

সূত্র: টাইমস অব ইসরায়েল, হারেৎজ, মেহের নিউজ।

কুমিল্লায় বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩ তে সরাইল রিজিয়ন চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সকল স্তরের সৈনিকদের ফায়ারিং এর মানোন্নয়ন তথা পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি’র সেক্টর সদর দপ্তর, কুমিল্লার ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে ‘বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর সার্বিক তত্ত্বাবধানে এবং কুমিল্লা সেক্টরের ব্যবস্থাপনায় গত ১৭-১৯ অক্টোবর  বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিজিবি’র ৫টি রিজিয়ন ও ০১টি স্বতন্ত্র সেক্টর থেকে আগত মোট ০৬ টি দলের সর্বমোট ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ ফায়ারিং প্রতিযোগিতায় সরাইল রিজিয়ন চ্যাম্পিয়ন এবং কক্সবাজার রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ফায়ারিং এ ব্যক্তিগত নৈপূণ্য প্রদর্শন করে কক্সবাজার রিজিয়ন এর বলিপাড়া ব্যাটালিয়নের নম্বর- ১০২৪৬ মুন্নাফ হাসান জীবন ১ম শ্রেষ্ঠ ফায়ারার এবং সরাইল রিজিয়নের সরাইল ব্যাটালিয়নের নম্বর- ৮৫৭০৫ ল্যান্স নায়েক নীর স্বাধীন কুমার সুজন ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হয়।

সমাপনী বক্তব্যের শুরুতেই বিজিবি মহাপরিচালক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এ বাহিনী কালের পরিক্রমায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ এবং পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে আজ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি মহাপরিচালক বলেন, একজন প্রশিক্ষিত সৈনিকের বন্ধু হচ্ছে তার ব্যক্তিগত অস্ত্র। কাজেই এই অস্ত্রের উপর তার পারদর্শিতা থাকতে হবে। দেশপ্রেম এবং মনোবল নিয়ে প্রতিটি বিজিবি সদস্য দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে। আর এই প্রস্তুতির একটি বড় অংশ হচ্ছে পেশাগতভাবে নিজেকে গড়ে তোলা। পেশাগত উৎকর্ষতার একটি অন্যতম উপাদান হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ এবং ফায়ারিং এ দক্ষতা অর্জন। বিজিবি মহাপরিচালক ফায়ারিং এ অংশগ্রহণকারী সকল সদস্যকে অভিনন্দন জানান। বিশেষ করে অংশগ্রহণকারী অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ সৈনিক এবং মহিলা সৈনিকদের তিনি বিশেষ সাধুবাদ জানান।

তিনি প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করার জন্য বিজিবি মহাপরিচালক নিজেই ফায়ারিং এর মাধ্যমে নিপুণ লক্ষ্যভেদ করে অস্ত্র চালনার ব্যাপারে তার পারদর্শিতা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের সকল কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও সকল পদবীর সৈনিকবৃন্দ এবং বিভিন্ন রিজিয়ন ও সেক্টর থেকে আগত ফায়ারিং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
মো: শরিফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় মহাসড়কের জিংলাতুলি এলাকায় এদূর্ঘটনায় আরো ২৫ বাস যাত্রীসহ ৩০ জন আহত হয়েছেন। দূর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায়।

নিহতরা হলেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই হাজারী বাড়ীর মৃত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম(৬২), বারপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা(৬৫) ও তার পুত্রবধু সুমাইয়া আক্তার(২৫) । নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেয়া হলে ৪জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে নোয়াখালীগামী কে কে পরিবহনের যাত্রীবাহী একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে আসা একটি অটোকে চাপা দিয়ে পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছা এবং রোসিয়া বেগম মারা যায়। তারা দু’জন আপন বোন। তাৎক্ষনিক দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা দূর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠায়।
পরে ঢাকা মেডিকেল নেয়ার পথে সুমাইয়া আক্তার নামে আরো একজন মারা যায়। সেও অটোরিকশা যাত্রী ছিল বলে স্বজনরা জানান।

দূর্ঘটনা কবলিত বাসের যাত্রী আহত পলাশ ভৌমিক জানান, ঢাকা থেকে কে কে ট্রাভেলসের এসি বাসে নোয়াখালী যাইতে ছিলাম। গৌরীপুর পার হওয়ার পর জিংলাতুলি এলাকায় ওল্টো পথে আসা একটি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে আমাদের বাসটি খাদে পড়ে যায়।

নিহতদের স্বজন রুহুল আমিন ও লোকমান হাজারী বলেন, ফজিলাতুন্নেছার ছেলে আব্দুল মান্নানের শশুর বাড়ী ছান্দ্রা বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দূর্ঘটনা আমাদের একই পরিবারের তিনজন মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ মহসিন জানান, দূর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাসটির চালক ও হেলপার পলাতক।