Tag Archives: আবেদন

ইসকন নিষিদ্ধ চেয়ে

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

ডেস্ক রিপোর্ট:

ইসকন নিষিদ্ধ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান।

বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “কেউ না কেউ কোনো দৃষ্টিকোণ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে।”

এই সময় উচ্চ আদালত বলেন, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। কেউ যাতে এই পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। ইসকন ও সাম্প্রতিক বিষয় নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপ আগামীকাল (বৃহস্পতিবার) জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি

জনবল নিয়োগ দেবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি

ডেস্ক রিপোর্টঃ

‘ড্রাইভার’ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি। আগ্রহীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১

জনবল নিয়োগ

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: কুমিল্লা

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবদেনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ০৬ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় দিনে ইসিতে ১৫৩ জন প্রার্থীর আপিল আবেদন

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন ফিরে পেতে তৃতীয় দিনে ১৫৩ জন আপিল আবেদন করেছেন নির্বাচন কমিশনে (ইসি)। এ নিয়ে মোট আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৩৬৬ জনে। এর মধ্যে মোট ছয়জন প্রার্থিতা বাতিলের আবেদনও করেছেন।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা অঞ্চলে ২৬ জন, চট্টগ্রাম অঞ্চলে ১১ জন, ফরিদপুরে ৪ জন, সিলেটে ৯ জন, ময়মনসিংহে ৮ জন, বরিশালে ৪ জন , খুলনায় ১৭ জন, রাজশাহীতে ১৭ জন, কুমিল্লায় ৩৩ জন ও রংপুর ২৪ জন আপিল আবেদন করেছেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট:

সর্বোচ্চ পদ নিয়ে ৪৬তম বিসিএসসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০টি ফাঁকা পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১০টি বিসিএসের মধ্যে এটিই সবচেয়ে বেশি ক্যাডার পদ।

মঙ্গলবার পিএসসির বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে অংশগ্রহণের জন্য প্রার্থীদের আবেদন ফরম পূরণ ও ফি জমাদান কার্যক্রম শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। সেদিন সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের আগে বা পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এই বিসিএসে সর্বোচ্চ সংখ্যায় প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার, ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদে নিয়োগ দেওয়া। এসব শূন্য পদের সংখ্যা ২ হাজার ৭৪টি। এছাড়া অন্যান্য ক্যাডার পদ মিলিয়ে এই বিসিএস থেকে মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ সুপারিশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিসিএসের প্রিলিমিনারি টেস্ট ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে ৩৪তম বিসিএসে ২ হাজার ১৫৯ জন, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩, ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০, ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪, ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯ ও ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন, ৪৪তম থেকে ১ হাজার ৭১০ ও সর্বশেষ ৪৫তম থেকে ২ হাজার ৩০৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ৩৯তম ও ৪২তম বিসিএস দুটি ছিল চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস।

শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু আজ

শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু আজ

ডেস্ক রিপোর্ট:

একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ। বুধবার সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের পর এ আবেদন করা যাবে।

শেষ ধাপে আবেদন চলবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। এরপর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যদি সময়সীমা না বাড়ায়, তাহলে আর কারও আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না।

এদিকে, দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ পাননি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২৯১ জন শিক্ষার্থীও। কলেজে ভর্তি হতে তাদের পুনরায় তৃতীয় বা শেষ ধাপে আবেদন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপে ২ লাখ ৯৪ হাজারের কিছু বেশি শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে কলেজ পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮৭০ জন। এ ধাপেও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজারের বেশি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ২ হাজার ২৯১ জন। প্রথম ধাপে কলেজ পাওয়াদের মধ্যে ২৩ হাজার শিক্ষার্থী মাইগ্রেশনে নতুন কলেজ পেয়েছেন।

এদিকে, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এ পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় রয়েছেন ১২ লাখ ৫১ হাজার ৯২৮ জন শিক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হিসাবে এখনো সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী একাদশে ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়েছেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন ১ লাখের কিছু বেশি। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হওয়ার কথা।

ভর্তির প্রথম ধাপে আবেদন করেন ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে কলেজ পান ১২ লাখ ৬১ হাজার। আর ভর্তি হবেন বলে নিশ্চিত (নিশ্চায়ন) করেন ১০ লাখ ২৬ হাজার শিক্ষার্থী।

অন্যদিকে দ্বিতীয় ধাপে আবেদন করেন ২ লাখ ৯৪ হাজারের মতো শিক্ষার্থী। কলেজ পেয়েছেন ২ লাখ ৭২ হাজার। প্রথম ধাপে নিশ্চায়ন করা এবং দ্বিতীয় ধাপে কলেজ পেয়ে প্রাথমিক নির্বাচিত হওয়া শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১২ লাখের মতো। বাকি সাড়ে ৩ লাখ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়াতে নেই।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সবাইতো কলেজ-মাদরাসায় ভর্তি হয়ে এইচএসসি বা আলিম পরীক্ষা দেবে না। বড় একটি অংশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মিডওয়াইফারি, নার্সিং, মেডিকেল ডিপ্লোমা, পলিটেকনিকের বিভিন্ন ডিপ্লোমা, এগ্রিকালচার ডিপ্লোমার দিকে ঝুঁকেছে। কিছু শিক্ষার্থী আবার বিদেশে চলে গেছে। অনেকে পারিবারিক প্রয়োজনে চাকরিতেও ঢুকে গেছে।’

আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি- তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করবো। বিশেষ প্রয়োজনে বাড়ানো হয়ে থাকে। সেটা বোর্ড কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেন। এবার এখনো সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। সেজন্য যারা এখনো আবেদন করেনি, তাদের এ ধাপে আবেদন করে ফেলা উচিত হবে।’ একইসঙ্গে পছন্দক্রমে বেশি কলেজ রাখার পরামর্শও দেন তিনি।

একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

একাদশে শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদন শেষ আজ, শনিবার ফল প্রকাশ

একাদশে শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদন শেষ আজ, শনিবার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন।

এদিকে, দ্বিতীয় ধাপে আবেদনের ফল শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন। এরপর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। ওই ধাপের ফল ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের প্রাথমিক নিশ্চায়ন চলবে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধাপে আবেদন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৩ শিক্ষার্থী।

অন্যদিকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। কিন্তু তাদের মধ্যে নির্বাচন নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। অর্থাৎ প্রথম ধাপে কলেজ পেয়েও নিশ্চয়ন করেননি ২ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

৩ লাখ শিক্ষার্থী এখনো ভর্তি প্রক্রিয়ার বাইরে

এসএসসি পাস শিক্ষার্থী এবং এ পর্যন্ত আবেদন বা নিশ্চায়ন করা শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণে দেখা যায়, এখনো প্রায় ৩ লাখ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে। তাদের দ্রুত আবেদন করার পরামর্শও দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটি সূত্র জানায়, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন ১ লাখের কিছু বেশি। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি হওয়ার কথা। প্রথম ধাপে আবেদন করেন ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার। আর ভর্তি হবেন বলে নিশ্চিত (নিশ্চায়ন) করেছেন ১০ লাখ ২৬ হাজার শিক্ষার্থী। আর দ্বিতীয় ধাপে এ পর্যন্ত আবেদন করেছেন দুই লাখের মতো শিক্ষার্থী। সেই হিসাবে সবমিলিয়ে সাড়ে ১২ লাখের মতো শিক্ষার্থী এখন ভর্তি প্রক্রিয়ায় রয়েছেন। বাকি ৩ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন অথবা নিশ্চায়ন করেননি।

বিষয়টি কিছুটা উদ্বেগের বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জাগো নিউজকে বলেন, ‘দ্বিতীয় ধাপে তো ভেবেছিলাম আরও বেশি আবেদন আসবে। সবাই এ ধাপে সেরে ফেলে আবেদনের কাজটা। এখনো আড়াই-তিন লাখ শিক্ষার্থী আবেদন-নিশ্চায়নের বাইরে কেন, তা বুঝতে চেষ্টা করছি।’

তপন কুমার সরকার বলেন, ‘আশা করি- তারা দ্বিতীয় ধাপের শেষ দিনে আজ এবং তৃতীয় ধাপে আবেদন করে ফেলবে। সবাই কলেজ পাবে এবং উচ্চমাধ্যমিকে অধ্যয়ন করবে।’

প্রেমিকের খোঁজে নেটে বিজ্ঞাপন, একদিনে ৩ হাজারেরও বেশি আবেদন!

প্রেমিকের খোঁজে নেটে বিজ্ঞাপন, একদিনে ৩ হাজারেরও বেশি আবেদন!

ডেস্ক রিপোর্ট:

প্রেম কিংবা বিয়ে করতে গেলে পরীক্ষা দিতে হবে। আর সেই পরীক্ষা নেবেন খোদ প্রেমিকাই। সিনেমার গল্পে এমনটা দেখা গেলেও, বাস্তবে কখনো এমনটা হতে দেখেছেন? আশ্চর্যজনক হলেও, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে।

হ্যাঁ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের খোঁজে বিজ্ঞাপন দিয়ে নেট দুনিয়ায় হৈ-চৈ ফেলে দিয়েছেন ডাচ তরুণী ভেরা ডিজকম্যানস। তবে প্রেমিক হতে হলে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে তার ঠিকানায় পাঠাতে হবে। আবেদনকারীর সব তথ্য মনে ধরলে তবেই মিলবে ২৩ বছর বয়সী এ তরুণীর প্রেমিক হওয়ার সুযোগ।

গত ১ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে লন্ডনে বসবাস করলেও, নেদারল্যান্ডসের স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে পরিচিত মুখ ভেরা ডিজকম্যানস। সম্প্রতি টিকটকে নিজের প্রেমিক খোঁজার বিষয়টি ভক্ত ও অনুসারীদের সঙ্গে শেয়ার করেন তিনি। বিজ্ঞপ্তি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার প্রেমিক হওয়ার জন্য ৩ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতি মাসে প্রায় সাড়ে ৩ লাখ ডলার আয় করেন ভেরা ডিজকম্যানস। তবে ভালোবাসা খুঁজে পেতে আবেদনের প্রয়োজন কেন হচ্ছে, তা নিয়ে কৌতুহলী অনেকে।

ভেরা বলেছেন, বিষয়টি একটু অদ্ভুত হলেও তরুণদের কাছ থেকে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০২৩ সালে এসে একজন ভালো প্রেমিক খুঁজে পাওয়া মোটেই সহজ কাজ না।

ঠিক কী প্রশ্ন রয়েছে ওই ফর্মে?

একেবারে সাধারণ প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন রয়েছে সেখানে। প্রথমে অবশ্যই যিনি আবেদন করছেন তার নাম, ঠিকানা বয়স লিখতে হবে। এর আগে কতজন নারীর সঙ্গে তিনি প্রেম করেছেন, সেই সংখ্যাও উল্লেখ করতে হবে। এমনকি, আবেদনকারী যদি বিবাহিত হন, তাহলে কতদিন বিয়ে হয়েছে, সেই সংক্রান্ত তথ্য দিতে হবে প্রথমেই। আর এইসব লিখতে হবে পূর্ণবাক্যে।

এরপরও একগুচ্ছ প্রশ্ন রয়েছে। সেসবের উত্তর অবশ্য দিতে হবে হ্যাঁ কিংবা না-তে। আর সেই তালিকায় প্রথম প্রশ্ন হলো, আবেদনকারী চাকরি করেন কি না, পরিবারের সঙ্গে থাকেন নাকি একা। একইসঙ্গে রয়েছে কিছু সাধারণ প্রশ্ন। যেমন আবেদনকারীর কোন কোন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে।

সবচেয়ে অবাক করা প্রশ্ন হলো, ওই ব্যক্তি কার্টুন দেখেন কি না? ভাবছেন, এমন আজব সব প্রশ্ন ওই তরুণী কেন ফর্মে রেখেছেন? ভেরার দাবি, তিনি এবার স্থায়ী সম্পর্কে জড়াতে চান। তার আগে সঙ্গীকে পুরোপুরি জেনে নিতে চান।

প্রেম করতে করতে এইসব উত্তর খুঁজতে নারাজ তিনি। আগে থেকেই সব জেনে নিয়ে, যার সঙ্গে মিলবে তার সঙ্গেই প্রেম করবেন বলে ঠিক করেছেন ভেরা। তবে সমবয়সী কারও সঙ্গেই প্রেম করবেন বলে জানান তিনি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট