Tag Archives: আহত ২

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, গাড়ি ও দোকানপাট ভাংচুর, লুটপাট, আহত-২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকার কালিরবাজারে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাসড়কের বেশ কয়েকটি আটকে পড়া গাড়ি ভাংচুর করে। জ্বালিয়ে দেয়া হয় একটি মোটরসাইকেল। পাল্টাপাল্টি হামলায় মহাসড়কের দুইপাশের অন্তত ১০-১২টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৮-১০ জন। আহতদের মধ্যে রামচন্দ্রপুরের বদিউল আলমের ছেলে অনিক এবং গোমারবাড়ীর আবুল কাশেমের ছেলে রায়হানের নাম পাওয়া গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানচলাচল স্বাভাবিক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কালিরবাজার হোসাইনিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সোমবার সন্ধায় উভয়গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে করে উভয়পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়। একপর্যায়ে উভয়পক্ষ বাজারের ১০-১২টি দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় মহাসড়কের উভয়পাশে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের অন্তত ২ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়। এসময় মহাসড়কের ৫-৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিরবাজার এলাকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, রবিবার রাতে কালিকাবাজারের একটি ওয়াজ মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়। এর জেরে সোমবার সন্ধার পরে উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে একপর্যায়ে তারা আমার দোকানসহ বাজারের ১০-১২টি দোকানে হামলাও ভাংচুর চালায়। হামলাকারীরা আমার দোকানে থাকা কয়েকলক্ষ নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সোবহান জানান, মাগরিবের একটু আগে রামচন্দ্রপুর গ্রামের আমার দোকানসহ একাধিক দোকান ও বাড়িঘর ভাংচুর চালায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, কালিরবাজার এলাকায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এসময় কিছুক্ষনের জন্য বন্ধ থাকা মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

দাউদকান্দিতে বাস-অটোরিকশা

দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১,আহত ২

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে অজ্ঞাত(৪০) এক পুরুষ নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকাল চারটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশের ইউর্টানে এ দুর্ঘটনায় আরো এক নারী ও শিশু আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি ইউর্টান দিয়ে সরাসরি মহাসড়কের ঢাকমুখী লেনে প্রবেশ করলে ঢাকাগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোচালক (অজ্ঞাত) মারা যায়। অটোরিকশার যাত্রী বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দি গ্রামের আমজাদ হোসেনর স্ত্রী শাহানাজ বেগম(৪৫) ও তার মেয়ে আনিসা(৮) আহত হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লোপা ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জাফর আহম্মেদ মিশু আজকের কুমিল্লাকে জানান, বাস অটোরিকশা সংঘর্ষে নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

চান্দিনায় মোটরসাইকেল দূর্ঘটনায়

চান্দিনায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো কিশোর, আহত ২

চান্দিনায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো কিশোর,আহত ২

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইয়াছিন আহমেদ নামের ১৩ বছরের এক কিশোর। ওই দূর্ঘটনায় আহত হয়েছে তার আরও ২ বন্ধু।

নিহত কিশোর চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের কৃষক শাহজাহান মিয়ার ছেলে।

ওই দূর্ঘটনায় আহত হয়েছে একই গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে মোশারফ (২৬), মেহবুব মিয়ার ছেলে অনিক (১৬)। গুরুতর আহত অবস্থায় তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ইয়াছিন শৈশব থেকেই চঞ্চল প্রকৃতির। তাকে মারধর করেও বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয়নি। শিক্ষা বিমুখ ইয়াছিন বন্ধুদের সাথে সে প্রায়ই মোটরসাইকেলে কোথাও না কোথাও ঘুরতে যেত। সোমবার দুপুরে তার চাচাতো ভাই মোবাইল রিচার্জ ও বিকাশ ব্যবসায়ী মোশারফের মোটরসাইকেলে করে ইয়াছিন ও তার বন্ধু অনিক সহ ঘুরতে বের হয়। নিজ বাড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লায় যাওয়ার পথে নূরীতলা এলাকায় দূর্ঘটনার শিকার হয় তারা।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটি ছুটে আসছিল। এসময় একটি বাস তাদেরকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে এক পথচারীকে ধাক্কা দিয়ে মহাসড়কে আঁছড়ে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন নামের ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে কুমিল্লায় রেফার করেন।

এদিকে সোমবার সকালেই ইয়াছিনের বাবা শাহজাহান মিয়া ও মা জোৎস্না বেগমের চোখের অপারেশন কুমিল্লার আলেখার চরে অবস্থিত চক্ষু হাসপাতালে সম্পন্ন হয়। সন্তানের মৃত্যুর খবর শুনে তারা চোখে বেন্ডেজ লাগানো অবস্থায়ই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে পৌঁছায়। ইয়াছিন এই দম্পতির কনিষ্ঠ সন্তান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর আমাদের পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু সেখানে কাউকে পায়নি।

 

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

নিহত মোহাম্মদ কবির (৫০) উপজেলার রসুলপুর ইউনিয়নের ছমিরমুন্সি গ্রামের মো.হোসেেেনর ছেলে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় চৌমুহনীগামী অজ্ঞাতনামা একটি ট্রাক ফেনীগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে সিএনজি যাত্রী কবির ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরও ২ সিএনজি যাত্রী গুরুতর আহত হয়।আহতরা জেলা শহর মাইজদীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজ উদ্দিন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানায়, একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে।

তিতাসে মোটরসাইকেল দুঘর্টনায় একজন নিহত, আহত ২

 

তিতাস প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় দুই জন আহত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুরস্থ মোহন মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম নামের একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

নিহত ব্যাক্তির নাম আরিফুল ইসলাম (২৫) সে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।  আহতরা হলেন তিতাস উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন(২২) ও মহিন মিয়া(২০)।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মদ মোস্তফা জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলা, আহত ২

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর শাসনগাছায় অভিযানে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছে বিজিবি। ভাঙচুর করা হয় বিজিবির গাড়ি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোতয়ালী মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ এবং ১৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি ভারতীয় মালামাল উদ্ধারে এলে চোরাকারবারিরা রেল লাইন থেকে পাথর কুড়িয়ে নিক্ষেপ করে। এ সময় পাশে অবস্থিত রেলওয়ের লাইন নির্মাণ প্রতিষ্ঠানের অফিসে গিয়ে আশ্রয় নেয় বিজিবি সদস্যরা। পরে চোরাকারবারিরা বিজিবির গাড়ি ভাঙচুর করে। ক্যাম্পের ভিতরে পাথর নিক্ষেপ করে। বিজিবি যাতে পাল্টা ব্যবস্থা না নিতে পারে, সে জন্য হামলাকারীরা নারীদের সামনে রেখে পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে কোতোয়ালি থানা পুলিশ ও ম্যাজিস্ট্রেট আসলে চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানে দুই কার্টন ভারতীয় চকলেট জব্দ করেছে বিজিবি।

কোম্পানির সিকিউরিটি অফিসার আব্দুল মালেক ভুঁইয়া বলেন, আমাদের ক্যাম্পের ভিতরে পোশাক পরা বিজিবি গাড়ি প্রবেশ করলে বাইর থেকে বৃষ্টির মত পাথর নিক্ষেপ করা হয়েছে। বিজিবির গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বিজিবি-১০ কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসহাক জানান, এ ঘটনায় যৌথ টাস্কফোর্স বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের গাড়ির কাচ ভেঙেছে। তবে এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হয়নি।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লার তিতাসে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ২

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে হামলায় এক নারীসহ ২ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার খলিলাবাদ খোয়াজ বাড়ির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, খলিলাবাদ গ্রামের শির মিয়ার ছেলে মহাসিন ও তার স্ত্রী ফাতেমা।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎস দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত মহাসিনের বাবা শির মিয়া বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খলিলাবাদ গ্রামের মহসিন মিয়া ও তার চাচাতো ভাই প্রবাসী অহিদ মিয়া গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে উক্ত ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে আহত মহসিন মিয়া জানান, আমরা মাদবর মিয়ার মেয়ে ও স্ত্রীর কাছ থেকে ৫ শতাংশ জমি ক্রয় করে প্রায় ২৫ বছর যাবৎ জমিতে চাষাবাদ করে আসছি। এবছর ঐ জমিতে বোরো ধানের চারা লাগানোর পর অহিদ মিয়ার স্ত্রী লতিফা ও তার মেয়েরা একাধিকবার চারাগুলো উপড়িয়ে ফেলেছে তার পরও আমরা কিছু বলিনি কিন্তু আজ পুনরায় বোরো ধানের চারা গুলো লতিফা ও তার মেয়েরা উপড়িয়ে ফেলতে গেলে আমি বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে আহত করে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে পিটিয়ে আহত করে।

এদিকে অভিযুক্ত প্রবাসীর স্ত্রী লতিফা জানান, এটা আমার স্বামীর ক্রয় করা সম্পত্তি।মৃত সোবহানের ছেলে আউয়াল মিয়ার কাছ থেকে আমার স্বামী ২শতক জায়গা ক্রয় করে। সেই ক্রয়কৃত জায়গাতে ধানেরচারা লাগাতে বাধা দিলে এ মারামারির ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই স্থানীয় এক ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। তারা হলেন, মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)।

আহত দুজন হলেন, খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।

হতাহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে বলে জানিয়েছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মইনুল ইসলাম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে শাহবাজপুর সিএনজিচালিত অটোরিকশাযোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় নিরব (৮) নামের এক শিশু নিহত হয়। নিহত নিরব উপজেলার থোল্লা গ্রামের অটোচালক সোহেলের ছেলে।

একইদিনে সকাল সাড়ে ৬টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার অটোব্রিক্স ফিল্ডের সামনে ট্রাকের চাপায় অটোরিক্সার ৫ জন যাত্রীর মধ্যে ৩ জন নিহত হন ও গুরুতর আহত হয় আরও ২ জন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন দিক থেকে আসা অপর একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। বাকী ৩জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কুমেক হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।

নিহতরা হলেন, মুরাদনগরের দারোরা গ্রামের মৃত; বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

আহতরা হলেন, কাজিয়াতল গ্রামের সফিকুল ইসলামের ছেলে আজিজুল হক (১০) ও অটো রিক্সা চালক লিটন মিয়া, সে মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের মৃত; বাচ্চু মিয়ার ছেলে।

নিহত আবুল কালামের ভাই আনোয়ার জানান, তার ভাই কুমিল্লায় বাসায় বাসায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন, পরিবার নিয়ে কুমিল্লাতেই বসবাস করতেন। আমার তালতো ভাই অটোচালক লিটন, লিটনের স্ত্রি কামরুন্নাহার, লিটনের আত্মীয় আজিজুল হক, বন্ধু বাবুল মিয়াসহ বাড়িতে আসার পথে এই দূর্ঘটনায় পড়েন।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উজ্জল ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবনধ এলাকায় ব্রীজের মেরামত কাজ চলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সমস্ত পরিবহন পারপার হওয়ায় হঠাৎ সড়কে চাপ পড়েছে। দুর্ঘটনায় কবলিত দু’টি টাক ও অটোরিক্সা উদ্ধার করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

কুবিতে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই হলের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একজন গুরুতর আহতসহ দুইজন আহত হয়।

সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আহতরা হলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ নেতা সোহেল হাওলাদার ও একাউন্টিং এন্ড সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগ কর্মী প্রীতম সেন।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগ কর্মী ও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সালমান চৌধুরীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ কর্মী ও ম্যানেজমেন্ট বিভাগের ১১ তম ব্যাচের সোহেল হাওলাদারের মাঝে পূর্ব শত্রুতার জের ধরে সালমানের নেতৃত্বে দত্ত হল ছাত্রলীগ নেতা প্রীতম সেন, সিফাত, সোহাগ, আল-আমিন, অভিসহ ১০-১২ জন নেতা-কর্মী সোহেলের উপর হামলা করে। এসময় সোহেলের ডান চোখের উপরের অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে সোহেলের সাথে থাকা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা সেতু, হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিফুল ইসলাম সাদিফসহ কয়েকজন প্রতিরোধ করতে গেলে তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দত্ত হলের প্রীতম সেন আহত হয়।

আহত সোহেল হাওলাদার বলেন, পূর্ব ঘটনার কারণে দত্ত হলের ১২ তম ব্যাচে শিক্ষার্থীরা আমার উপর হামলা করে।
হোটেল থেকে খাবার খেয়ে রুমে ফেরার সময় তারা পেছন থেকে ১৫-২০ জন এসে আমাকে এলোপাথাড়ি মারতে থাকে। পূর্বে তাদের সাথে আমাদের ঝামেলা হয় তখন ইলিয়াস ভাই-মাজেদ ভাই মীমাংসা করে দেয়।

আরেক আহত প্রীতম সেন বলেন, আমি হলে যাচ্ছিলাম, এসময় দেখি কয়েকজন বাকবিতন্ডা করছে। কৌতূহলবসত আমি দেখতে গেলে ওয়াসিভাই ও তার বন্ধুরা আমি কিছু বুঝে না ওঠার আগে আমাকে কোনো কারণ ছাড়াই মারধর করে।

তবে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিফুল ইসলাম সাদিফ বলেন, আমরা সোহেলসহ হলের দিকে যাচ্ছিলাম। এসময় কয়েকজন সোহেলের উপর হামলা চালায়। সোহেলকে বাঁচানোর সময় আমরা তাদের প্রতিহত করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দত্ত হল ছাত্রলীগ কর্মী সালমান চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা। আমি মারামারি দেখে ওখানে গিয়েছি। যারা আমাকে জড়িয়েছে তারা কান্ড-জ্ঞানহীন। আমি এ বিষয়ে কিছুই জানি না।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। আজকের মধ্যেই আমরা এ ঘটনার সমাধান দিবো।

এবিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির সদস্যরা যেয়ে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকে ছাত্রপ্রতিনিধিদের নিয়ে সব পক্ষের সাথে বসে বিষয়টি মীমাংসা করা হবে।