Tag Archives: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কমছে না দুর্ভোগ

কুমিল্লার মুরাদনগরে পুলিশের তাড়া খেয়ে সিএনজি খাদে পড়ে যাত্রী নিহত

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে ট্রাফিক পরিদর্শকের তারা খেয়ে সিএনজি খাদে পড়ে মহিউদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ জনতা দেবিদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলামকে ধাওয়া করলে সে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

নিহত মহিউদ্দিন (৩২) পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমাস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে বসে বিভিন্ন যানবাহনের তল্লাশি পরিচালনা করছিল দেবিদ্বার জুনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিকে সিগনাল দিলে সে গতিরোধ না করে চলে যায়। এতে ক্ষুব্ধ ওই টিআই মোটরসাইকেল যোগে সিএনজিটিকে পেছন থেকে ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে পালাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মহিউদ্দিন নিহত হন। এ ঘটনায় ওই ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ওই ট্রাফিক পরিদর্শক বলেন, আমি কোন সিএনজিকে ধাওয়া করিনি, অথবা আমাকেও কেউ ধাওয়া করেনি, আমি নিয়ম অনুযায়ী সেখানে বিভিন্ন প্রকার যানবাহনের কাগজপত্র তল্লাশি করছিলাম। কিন্তু সড়ক দুর্ঘটনা অথবা নিহতের ঘটনা সম্পর্কে আমি অবগত নই। হাইওয়ে পুলিশ মিরপুর ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন যাত্রী নিহত হয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করে ঘটনার সম্পর্কে তদন্ত করছি। তিনি বলেন এলাকার লোকজন ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। বাস্তব বিষয়টা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় নিরব (৮) নামের এক শিশু নিহত হয়। নিহত নিরব উপজেলার থোল্লা গ্রামের অটোচালক সোহেলের ছেলে।

একইদিনে সকাল সাড়ে ৬টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার অটোব্রিক্স ফিল্ডের সামনে ট্রাকের চাপায় অটোরিক্সার ৫ জন যাত্রীর মধ্যে ৩ জন নিহত হন ও গুরুতর আহত হয় আরও ২ জন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন দিক থেকে আসা অপর একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। বাকী ৩জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কুমেক হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।

নিহতরা হলেন, মুরাদনগরের দারোরা গ্রামের মৃত; বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

আহতরা হলেন, কাজিয়াতল গ্রামের সফিকুল ইসলামের ছেলে আজিজুল হক (১০) ও অটো রিক্সা চালক লিটন মিয়া, সে মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের মৃত; বাচ্চু মিয়ার ছেলে।

নিহত আবুল কালামের ভাই আনোয়ার জানান, তার ভাই কুমিল্লায় বাসায় বাসায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন, পরিবার নিয়ে কুমিল্লাতেই বসবাস করতেন। আমার তালতো ভাই অটোচালক লিটন, লিটনের স্ত্রি কামরুন্নাহার, লিটনের আত্মীয় আজিজুল হক, বন্ধু বাবুল মিয়াসহ বাড়িতে আসার পথে এই দূর্ঘটনায় পড়েন।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উজ্জল ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবনধ এলাকায় ব্রীজের মেরামত কাজ চলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সমস্ত পরিবহন পারপার হওয়ায় হঠাৎ সড়কে চাপ পড়েছে। দুর্ঘটনায় কবলিত দু’টি টাক ও অটোরিক্সা উদ্ধার করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কমছে না দুর্ভোগ

 

কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ ও দেবিদ্বার এলাকার তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়েও কেউ সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে পারছেন না। ফলে এই সড়কে চলাচলকারী যাত্রীরা ভোগান্তি বা অভিশাপ হিসেবে ধরে ফেলেছেন। কেউ কেউ নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, দেবিদ্বারের অংশে সওজের কাজ চলার কারণে যানজট লেগে থাকলেও কোম্পানীগঞ্জ এলাকায় মাটিবাহী ট্রাক্টর যানজটের মূল কারণ। এই ট্রাক্টর গোমতীর চর থেকে মাটি নিয়ে বেড়ি বাঁধ দিয়ে মহাসড়কে উঠে যানজট সৃষ্টি করছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় গাড়িগুলো চলার কারণে এই ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয় না। মাঝে মধ্যে লোক দেখানোর মত দুই-একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর কারণে প্রতিদিন তৈরি হচ্ছে যানজট।

ফারজানা ও নিউ জনতার সুপারভাইজার জানান, এই যানজটের মূল কারণই হচ্ছে মাটিবাহী ট্রাক্টর। আমরা কাউন্টার থেকে নির্দিষ্ট সময়ে গাড়ি ছেড়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না।

নিয়মিত চলাচলকারী কলেজশিক্ষক আবদুল হামিদ বলেন, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কটি আমাদের মতো চাকরিজীবীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কোম্পানীগঞ্জ ও দেবিদ্বার নামক স্থানে প্রতিদিন অফিস সময়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। ফলে প্রতিদিনই অফিসে দেরিতে পৌঁছাতে হয়। এতে অধ্যক্ষ মহোদয়ের বকাঝকাও শুনতে হয়। এই অবস্থা শুধু আমার না। এই রোডে চলাচলকারী প্রতিটি যাত্রীরই।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রব জানান, এই যানজট নিরসনে প্রতিদিনই আমাদের টিম কাজ করছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।