Tag Archives: আহ্বান

আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে

আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিশ্বে ভুল বার্তা পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তি বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানোর কথা উল্লেখ করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা সম্পত্তির ওপর আক্রমণ চালিয়েছেন, তাদের ক্ষোভ বোধগম্য। কারণ তারা এবং তাদের আত্মীয়স্বজন ও বন্ধুরা হাসিনার শাসনামলে বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছেন। সরকার তাদের এই ক্ষোভের অনুভূতি বুঝতে পারে। তবে, এমনকি নয়াদিল্লিতে আশ্রয় থাকার সময়ও হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশকে পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই বাস্তবতা বোঝার পরও সরকার সকল নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্বকে দেখিয়ে দেন যে আমরা একটি এমন দেশ গড়ে তুলতে চাই, যেখানে আইনের শাসন বজায় থাকবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য হবে। আমরা একসঙ্গে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যা অতীতের ফ্যাসিবাদী শাসনের বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে দুর্বল করা আমাদের উচিত নয়। আইন না মানার যেকোনো প্রচেষ্টা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকিস্বরূপ।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই ও আগস্টে যেসব নাগরিক হাসিনা শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা নিজেরা এবং আমাদের বিশ্বব্যাপী বন্ধুদের দেখিয়ে দিই—একে অপরের প্রতি আমাদের প্রতিশ্রুতি হলো নাগরিক ও মানবাধিকারকে সম্মান জানানো এবং আইনের শাসনের অধীনে পরিচালিত হওয়া। একটি ন্যায়সঙ্গত নতুন বাংলাদেশের পক্ষের সংগ্রামীদের এমন কিছু করা উচিত নয়, যা বর্তমান প্রতিষ্ঠানগুলোর আচরণকে আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনা করার সুযোগ তৈরি করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমাদের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে সচেতন। সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সব বাংলাদেশির জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। যদি কেউ দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য উসকানিমূলক কার্যকলাপে লিপ্ত হয়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে। যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিচারের আওতায় আনা হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদী নেতারা দেশকে চরম দুর্দশার মধ্যে ফেলে গেছেন। যতদিন আমরা সজাগ থাকবো এবং নৈতিক উচ্চতা ধরে রাখবো, ততদিন তারা ফিরে আসার কোনো সুযোগ পাবে না। তাদের সম্পত্তির ওপর হামলা চালালে তারা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের সুযোগ পাবে এবং তাদের সাজানো গল্প ছড়ানোর চেষ্টা করবে। আমরা তাদের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের আওতায় আনছি। সারাবিশ্ব আমাদের সঙ্গে আছে। আইনশৃঙ্খলার কোনো অবনতি হলে বিশ্বে ভুল বার্তা পৌঁছাবে।

দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা যেন এমন একটি দেশ গড়ে তুলি, যেখানে সব বাংলাদেশি নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এজন্য আমাদের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ইতিবাচক পরিবর্তনের পক্ষে গঠনমূলক ও শান্তিপূর্ণ উদ্যোগে নিজেদের শক্তিকে কাজে লাগাতে হবে।

শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়

শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ব্যবসায়ীদের শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সংকটপূর্ণ খাতগুলোতে সামাজিক ব্যবসা গড়ে তুললে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব। আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে এই দায়িত্ব মনে করিয়ে দেওয়া, যেন কেউ এই দায়িত্ব ভুলে না যায় বা দূরে সরে না যায়। এ কারণেই এ দিবসটি উদযাপন করা হচ্ছে, যেন দেশের সকল নাগরিককে এই দায়িত্বের কথা স্মরণ করানো যায়। তিনি আশা প্রকাশ করেন, তার এই আহ্বান সবার কাছে পৌঁছাবে।

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই অন্যের স্বার্থে কাজ করার ইচ্ছা রয়েছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কাজ করার চেয়ে অন্যের কল্যাণে কাজ করায় বেশি আনন্দ পাওয়া যায়। তাই তিনি দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির চেয়েও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে, ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

জাতীয় ঐক্যের আহ্বান আজহারীর

জাতীয় ঐক্যের আহ্বান আজহারীর

জাতীয় ঐক্যের আহ্বান আজহারীর

ডেস্ক রিপোর্ট:

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর গুলদি তাফসির ময়দানে আয়োজিত মাহফিলে রাত পৌনে ১০টার দিকে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

পবিত্র আল কুরআনের বাণী ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে আলোচনার প্রসঙ্গ ধরে ড. মিজানুর রহমান আজহারী বলেন, “নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পর মুসলিম সম্প্রদায় ধৈর্যের পরিচয় দিয়েছে। এমনকি মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা। তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা ধরনের গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটি বন্ধুসুলভ আচরণ নয়, বরং প্রভুত্ব দেখানোর চেষ্টা।”

ভয়েস অব আমেরিকার একটি জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপদ। কিন্তু ভারত গুজব ছড়ানোর দিক থেকে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।”

ড. আজহারী আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের মতো প্রধান উপদেষ্টারা রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনা চালিয়ে একটি ঐক্যের উদাহরণ সৃষ্টি করেছেন। আমাদেরও এখন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে। অন্যথায় আন্তর্জাতিক পরাশক্তিগুলো আমাদের দুর্বল ভেবে ট্রানজিট বা সেন্টমার্টিন দাবি করতে পারে।”

১২ ঘণ্টাব্যাপী এই তাফসির মাহফিল সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।

ইসরাইলকে বয়কট করার আহ্বান খামেনির

ডেস্ক রিপোর্ট:

গাজা উপত্যকায় বোমা হামলার মধ্যে ইসরাইলকে বয়কট করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। যুদ্ধ বন্ধে বাধ্য করতে মুসলিম দেশগুলোকে ইসরাইলের কাছে তেল ও খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খামেনি বলেন, ‘গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ইহুদিবাদী শাসকদের কাছে তেল ও খাদ্য রপ্তানির পথ বন্ধ করা উচিত।’

ফিলিস্তিনের সমর্থনে বিশ্বজুড়ে বিক্ষোভের কথা উল্লেখ করে খামেনি বলেন, ‘ধৈর্যধারণের মাধ্যমে গাজার জনগণ বিশ্ববাসীর বিবেককে জাগ্রত করেছে।’

তিনি বলেন, ‘দুনিয়াতে কী ঘটছে দেখুন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালিসহ খোদ যুক্তরাষ্ট্রের বহু মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন। এসব দেশের নেতারা জনতার কাছে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। গাজায় ইসরাইলের হামলাকে সমর্থন করতে পারে না তারা।’

মুসলিম বিশ্বকে উদ্দেশ করে খামেনি বলেন, ‘মুসলিম বিশ্বের এ কথা ভুলে গেলে চলবে না যে, শুধু ইহুদিই নয়, গাজার নিপীড়িত সাধারণ মানুষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যও দাঁড়িয়েছে।’

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে ইরানের শীর্ষ কূটনীতিক হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, ‘ইসরাইলের দ্বারা সংঘটিত এসব অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠী ও আন্দোলনকারীরা নীরব থাকবে না, এটাই স্বাভাবিক। কারও পরামর্শের জন্যও অপেক্ষা করবে না তারা। তাই যুদ্ধ বন্ধে আমাদের অবশিষ্ট রাজনৈতিক সুযোগগুলো ব্যবহার করতে হবে।’

পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে’ বলেও সতর্ক করেছেন তিনি।

৭ অক্টোবরে হামলার পর গাজার শাসকগোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে ইসরাইল। হামাসের হামলায় ইসরাইলে এক হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি যোদ্ধারা দুই শতাধিক জিম্মিকে বন্দি করে গাজায় নিয়ে গেছেন। এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় নজিরবিহীন বোমা হামলা এবং উপত্যকাটিতে অবরোধ আরোপ করেছে ইসরাইল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় আট হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন।

ইসরাইলের অবিরাম হামলায় ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ফলে মানবেতর দিন কাটাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে এ আগ্রাসন বন্ধ না হলে ইসরাইলের বিরুদ্ধে এই অঞ্চলে তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো পদক্ষেপ নিতে পিছ পা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের ধর্মীয় নেতারা।