Tag Archives: প্রধান উপদেষ্টার

আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে

আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিশ্বে ভুল বার্তা পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তি বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানোর কথা উল্লেখ করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা সম্পত্তির ওপর আক্রমণ চালিয়েছেন, তাদের ক্ষোভ বোধগম্য। কারণ তারা এবং তাদের আত্মীয়স্বজন ও বন্ধুরা হাসিনার শাসনামলে বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছেন। সরকার তাদের এই ক্ষোভের অনুভূতি বুঝতে পারে। তবে, এমনকি নয়াদিল্লিতে আশ্রয় থাকার সময়ও হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশকে পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই বাস্তবতা বোঝার পরও সরকার সকল নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্বকে দেখিয়ে দেন যে আমরা একটি এমন দেশ গড়ে তুলতে চাই, যেখানে আইনের শাসন বজায় থাকবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য হবে। আমরা একসঙ্গে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যা অতীতের ফ্যাসিবাদী শাসনের বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে দুর্বল করা আমাদের উচিত নয়। আইন না মানার যেকোনো প্রচেষ্টা নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকিস্বরূপ।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই ও আগস্টে যেসব নাগরিক হাসিনা শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা নিজেরা এবং আমাদের বিশ্বব্যাপী বন্ধুদের দেখিয়ে দিই—একে অপরের প্রতি আমাদের প্রতিশ্রুতি হলো নাগরিক ও মানবাধিকারকে সম্মান জানানো এবং আইনের শাসনের অধীনে পরিচালিত হওয়া। একটি ন্যায়সঙ্গত নতুন বাংলাদেশের পক্ষের সংগ্রামীদের এমন কিছু করা উচিত নয়, যা বর্তমান প্রতিষ্ঠানগুলোর আচরণকে আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনা করার সুযোগ তৈরি করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমাদের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে সচেতন। সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সব বাংলাদেশির জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। যদি কেউ দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য উসকানিমূলক কার্যকলাপে লিপ্ত হয়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে। যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিচারের আওতায় আনা হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদী নেতারা দেশকে চরম দুর্দশার মধ্যে ফেলে গেছেন। যতদিন আমরা সজাগ থাকবো এবং নৈতিক উচ্চতা ধরে রাখবো, ততদিন তারা ফিরে আসার কোনো সুযোগ পাবে না। তাদের সম্পত্তির ওপর হামলা চালালে তারা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের সুযোগ পাবে এবং তাদের সাজানো গল্প ছড়ানোর চেষ্টা করবে। আমরা তাদের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের আওতায় আনছি। সারাবিশ্ব আমাদের সঙ্গে আছে। আইনশৃঙ্খলার কোনো অবনতি হলে বিশ্বে ভুল বার্তা পৌঁছাবে।

দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা যেন এমন একটি দেশ গড়ে তুলি, যেখানে সব বাংলাদেশি নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এজন্য আমাদের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ইতিবাচক পরিবর্তনের পক্ষে গঠনমূলক ও শান্তিপূর্ণ উদ্যোগে নিজেদের শক্তিকে কাজে লাগাতে হবে।

শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়

শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ব্যবসায়ীদের শুধুমাত্র ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সংকটপূর্ণ খাতগুলোতে সামাজিক ব্যবসা গড়ে তুললে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব। আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে এই দায়িত্ব মনে করিয়ে দেওয়া, যেন কেউ এই দায়িত্ব ভুলে না যায় বা দূরে সরে না যায়। এ কারণেই এ দিবসটি উদযাপন করা হচ্ছে, যেন দেশের সকল নাগরিককে এই দায়িত্বের কথা স্মরণ করানো যায়। তিনি আশা প্রকাশ করেন, তার এই আহ্বান সবার কাছে পৌঁছাবে।

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই অন্যের স্বার্থে কাজ করার ইচ্ছা রয়েছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কাজ করার চেয়ে অন্যের কল্যাণে কাজ করায় বেশি আনন্দ পাওয়া যায়। তাই তিনি দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির চেয়েও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে, ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা হাইকমিশনে খোলা শোক বইতে শোকবার্তা লিখেন।

জানা গেছে, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তার দীর্ঘদিনের বন্ধু ড. মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করে বলেন, “তিনি কত না সরল ছিলেন! কত না প্রজ্ঞাবান ছিলেন তিনি!”

তিনি আরও বলেন, “মনমোহন সিং ভারতকে বৈশ্বিক অর্থনীতির পরাশক্তি হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেছেন।”

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৬ ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

‘প্রধান উপদেষ্টার ভাষণে

‘প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি’

‘প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি’

ডেস্ক রিপোর্ট:

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় বিএনপি আশাহত হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মঈনুদ্দিন-ফখরুদ্দীন আমলের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়। যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় ক্ষমতায় থাকলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আলোচনা সভা আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররা আন্দোলনের মূল স্ট্রাইকার ছিলেন, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না।

গতকাল জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপির প্রত্যাশা পূর্ণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

এসময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের সহযোগীরা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।