Tag Archives: কুবি শিক্ষার্থীকে

প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো

প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো তাই মানতে হবে’– কুবি শিক্ষার্থীকে সমন্বয়ক

প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো তাই মানতে হবে’– কুবি শিক্ষার্থীকে সমন্বয়ক

চাঁদনী আক্তার, কুবি:

“প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো, তাই মানতে হবে। তোকে এখন থেকে ৫ মিনিটের সময় বেঁধে দেওয়া হলো, এর মধ্যে ব্যাগ গুছিয়ে হল থেকে বের হয়ে যাবি।” এসব বলে এক শিক্ষার্থীকে হল থেকে বের হয়ে যেতে হুমকি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এমরান হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থানা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (২ ফেব্রুয়ারি) ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহিম প্রক্টরিয়াল বডির কাছে এক লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে গত ১ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া এসব ঘটনা উল্লেখ রয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

মোট তিনজন অভিযুক্ত হলেন, সমন্বয়ক এমরান হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব হাসান এবং আইন বিভাগের শিক্ষার্থী রাজু।

অভিযোগপত্রে রাহিম উল্লেখ করেন, তিন মাস ধরে তিনি একদল শিক্ষার্থীর মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ১ ফেব্রুয়ারি রাত ১১টার পর একদল শিক্ষার্থী স্লোগান দিতে দিতে তার কক্ষের সামনে এসে দরজায় কড়া নাড়ে। দরজা খোলার পর তারা কক্ষে ঢুকে বলেন “১০ মিনিটের মধ্যে রুম খালি কর, নইলে রুম তালা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু না; আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত।

একপর্যায়ে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব তাকে হুমকি দিয়ে বলেন “রুম না ছাড়লে ছাত্রলীগের মতো কইরা পিটামু, তোকে মারা ওয়ান-টু ব্যাপার।”

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এর আগে, ৩১ জানুয়ারি রাত ১২টা ৫০ মিনিটে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব ও আইন বিভাগের শিক্ষার্থী রাজু মিয়াজি রাহিমকে ডাইনিং সংলগ্ন সিঁড়ির সামনে ডেকে নিয়ে প্রকাশ্যে হেনস্থা করেন। তারা বলেন “১ ফেব্রুয়ারির মধ্যে রুম না ছাড়লে সব জিনিসপত্র ফেলে দেবো। পারলে তোর কোনো বাপ আছে নিয়ে আসিস!”

রাহিম জানান, তিনি জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে টিউশন হারিয়েছেন, ফলে তার থাকার বিকল্প কোনো জায়গা নেই। কিন্তু বারবার হুমকি ও মানসিক নির্যাতনের কারণে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রতিবেদকের হাতে আসা কিছু ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড অনুযায়ী, অভিযুক্ত সমন্বয়ক এমরান হোসেনকে বলতে শোনা যায় “প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো, তাই মানতে হবে। তোমাকে এখন থেকে ৫ মিনিটের সময় বেঁধে দেওয়া হলো, এর মধ্যে ব্যাগ গুছিয়ে হল থেকে বের হয়ে যাবা।”

অন্যদিকে, হাসিব বলেন “রুম ছাড়বি, না হলে ছাত্রলীগের মতো করে তোকে পিটামু। তোকে মারা ওয়ান-টু ব্যাপার।”

এছাড়াও, এমরান ও হাসিবের নেতৃত্বে আইন বিভাগের শিক্ষার্থী রাজু মিয়াজিসহ আরও ২০ জন শিক্ষার্থীকে হল ছাড়তে হুমকি দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী হাসিব বলেন, “হিট অব মোমেন্টে এই কথা বলেছি। ৫ই আগস্টের পর যারা হলে উঠবে, তারা সবাই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য হলে উঠবে। তাই হল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আন্দোলনের পর উঠা শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেওয়া হবে।”

একজন শিক্ষার্থী হয়ে আরেকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের মতো করে মারার হুমকি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন “আপনি আপনার সুবিধার্থে এই নিউজ করতেছেন।” বলে কল কেটে দেন।

অন্যদিকে, অভিযুক্ত এমরান হোসেন বলেন “হল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫ই আগস্টের পর হলে উঠেছে এ রকম শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেয়া হবে।”

ছাত্রলীগের মতো করে মারার হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন “হ্যাঁ! একথা বলা হয়েছে। তবে বলার সাথে সাথে আমি তাকে বলেছি এ ধরনের কথা না বলার জন্য।”

এ বিষয়ে নজরুল হলের প্রভোস্ট মো. হারুন বলেন “শিক্ষার্থীদের এরকম আচরণ কাম্য নয়। এ বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমি চেষ্টা করবো এ বিষয়ে উদ্যোগ নিতে। আমার কাছে কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগপত্র আসেনি। যেহেতু প্রক্টর স্যারের কাছে অভিযোগ করা হয়েছে, তাহলে এটি এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে।”

সহকারী প্রক্টর মাহমুদুল হাসান রাহাত বলেন “আমরা এ বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। আমরা প্রক্টরিয়াল বডি বসে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা অভিযুক্ত শিক্ষার্থীদেরকে শো-কজ নোটিশ দেবো।”

পূর্ব ঘটনার জেরে

পূর্ব ঘটনার জেরে কুবি শিক্ষার্থীকে মারধর

পূর্ব ঘটনার জেরে কুবি শিক্ষার্থীকে মারধর

কুবি প্রতিনিধি:

পূর্বের ফুটবল খেলায় মারামারির জের ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহিনুল হাসানকে মারধরের অভিযোগ উঠেছে ফার্মাসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিম সাকিব, আইসিটি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আনোয়ার জাহেদ ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সেজান খানের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ নভেম্বর) ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে এক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিসমিল্লাহ হোটেলে মাহিনুল দুপুরের খাবার শেষ করে হোটেল থেকে বাহির হওয়ার সময় ওয়াসিমসহ কয়েকজন মাহিনুলের পথ আটকায় এবং কোন ব্যাচ তা জানতে চায়। ওয়াসিম বলে ফুটবল খেলার সময় তুই আমাকে মারধর করছিস। মাহিনুল তখন অস্বীকার করলে পাশে থাকা আনোয়ার জাহেদ উত্তেজিত হয়ে লাঠি দেখিয়ে মাহিনুলকে তাদের সঙ্গে যেতে বাধ্য করে। পরে হোটেলের পাশে গুদামের সামনে নিয়ে গিয়ে আনোয়ার জাহেদ, ওয়াসিম ও সেজান মাইনুলকে এলোপাতাড়ি মারধর করে। এসময় তারা লাঠি ও চাবির রিং দিয়ে মাহিনুলের শরীরে ও মাথায় আঘাত করে, ফলে মাথা থেকে রক্তক্ষরণ হয়। রক্তাক্ত অবস্থায়ও তারা মাহিনুলকে আটকে রাখার চেষ্টা করে, তবে ১৫তম ব্যাচের সাইফসহ কয়েকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আঘাতের বিষয়ে কুমিল্লা মেডিকেল হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার আতাউর রহমান বলেন, ‘যখন সে এসেছিল তার মাথায় দিয়ে রক্ত পড়ছিল। মাথায় ও হাতে আঘাত পেয়েছে । তাই দুইটা এক্সরে পরীক্ষা করতে দিয়েছি। হাতের আঘাতটি বড় কিছু হতে পারতো মিনিমাম ৬ মাস কোনো কাজ করতে পারতো না। এখন তার বিশ্রাম প্রয়োজন। আপতত কয়েকদিন হাত দিয়ে ভারী কাজ করা যাবে না।

এ বিষয়ে ভুক্তভোগী মাহিনুল বলেন, আমি খাবার খেয়ে বের হওয়ার সময় ওয়াসিম ভাই, আনোয়ার ভাই ও সেজান ভাই পথ আটকায়। ওনারা আমি কোন বিভাগের জিজ্ঞেস করে। তখন লোক প্রশাসন ১৭ ব্যাচ বলাতে আমাকে এদিকে আয় বলে তারা তিনজন মিলে বেধড়ক কিল, ঘুসি মারে। এক পর্যায় আমি মাটিতে পড়ে গেলে প্রথমে পা দিয়ে বেধড়ক লাথি মারে তারপরে আমার মাথায় তিনজনে লাটি ও চাবির রিং দিয়ে আঘাত করে। আমার মাথা দিয়ে অনেক রক্ত বের হয়েছে। পরে বিভাগের শিক্ষার্থীরা আমাকে কুমিল্লা মেডিকেল হসপিটালে নিয়ে আসে। বিচারের দাবিতে আমি প্রশাসন বরাবর মৌখিক অভিযোগ দিয়েছি এবং রবিবারে লিখিত অভিযোগ পত্র জমা দিব।

মারধরের বিষয়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী আনোয়ার জাহেদ বলেন, আমি কাউকে আঘাত করি নাই। আমি তাদের মারামারি বন্ধ করতে চেয়েছি। তাহলে মাহিনুলকে কে বা কারা মারছে এমন প্রশ্নে জাহেদ বলেন, ‘আমি মারিনি। ওয়াসিম মাহিনুলকে মারধর করেছে।’

অভিযুক্ত ফার্মাসি বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী ওয়াসিম সাকিব বলেন,“গতকালের খেলার মাঠের ঘটনার সূত্র ধরে মাহিনুল আমাকে হেনস্তা করার চেষ্টা করে। সে আমাকে উদ্দেশ্য করে একটি কটূক্তি করে বলে, ‘গতকাল যাকে মারছিলাম, সে আছে কিনা দেখ।’ এই মন্তব্যের মাধ্যমেই ঘটনার সূত্রপাত ঘটে। এরপর, যখন পরিচয় জানতে চাওয়া হয়, তখন কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এই ঘটনাটি আমার সাথেই ঘটেছে, আমার বন্ধুবান্ধব কেউ এই ঘটনায় জড়িত ছিল না।’

সার্বিক বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে সে মেডিকেল হসপিটালে ভর্তি আছে। আমি মৌখিক একটা অভিযোগ পেয়েছি। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।’

উল্লেখ্য ; গতকাল ১৪ নভেম্বর আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে লোক প্রশাসন বনাম এআইএস বিভাগের খেলার শেষদিকে বল শট নেওয়া নিয়ে লোক প্রশাসন বিভাগের একজন খেলোয়াড় ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি বরাবর দুই বিভাগের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ দেয়।