Tag Archives: কুমিল্লা নামে বিভাগের দাবিতে উত্তাল পূবালী চত্তর

“কুমিল্লা” নামে বিভাগের দাবিতে, সাধারণ ছাত্রজনতার সমাবেশ

ডেস্ক রিপোর্ট:

‘আমরা কুমিল্লা বিভাগ চাই’ এই স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে কুমিল্লা নগরী। মঙ্গলবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে হাজারো শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ জড়ো হয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেন। সমাবেশস্থলে ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যায় চারদিক।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সেখানে এসে অবস্থান নেন।

কেউ হাতে জাতীয় পতাকা, কারো কণ্ঠে স্লোগান। সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মনছুর নিজামী, গোলাম সামদানী, ছাত্রনেতা ওমর ফারুক শুভ, রিদোয়ান জাহান জিসান, ইয়াসির ফাহিম, মুনতাসীর জারিফসহ অন্যরা।

শিক্ষার্থীরা বলেন, প্রাচীন সমতট সভ্যতার ঐতিহাসিক রাজধানী ছিল কুমিল্লা। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ড এই অঞ্চল বরাবরই ছিল অগ্রগামী।

তারা প্রশ্ন তোলেন যেখানে বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার ৪২টি আঞ্চলিক দপ্তর ইতিমধ্যেই কুমিল্লায় পরিচালিত হচ্ছে, সেখানে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে এত বিলম্ব কেন?

তারা আরো বলেন, কুমিল্লা বিভাগের দাবি কোনো রাজনৈতিক নয়, এটি প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। উন্নয়ন ত্বরান্বিত করতে, জনসেবা সহজ করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা জরুরি। সমাবেশ শেষে শিক্ষার্থীরা নগরীর প্রধান প্রধান সড়কে মিছিল করেন।

কুমিল্লা নামে বিভাগের দাবিতে উত্তাল পূবালী চত্তর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল কুমিল্লা নগরী। রাজপথে আন্দোলনে নেমেছেন লাখো মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন সাধারণ মানুষ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন কুমিল্লার সর্বস্তরের জনতা। এ সময় তারা হুশিয়ারি উচ্চারণ করেন আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা না হলে দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ব্লক করে দেয়া হবে।

সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লা প্রেমী নারী পুরুষ। এসময় কুমিল্লা বিভাগের দাবিতে নানান স্লোগান দিতে শোনা গেছে।

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। এসময় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজারো ইতিহাস, ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। একটা যুক্তিও নেই যেকুমিল্লা বিভাগ হয় না।

তারা আরও বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিতে হবে।কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না তাদেরকে বাদ রেখেও কুমিল্লা বিভাগ সম্ভব। কুমিল্লা বিভাগ যতদিন না বাস্তবায়ন হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।

সমাবেশে বক্তারা সরকারকে ১ সপ্তাহ সময় বেঁধে দেন। আগামী ১ সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না করলে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড অংশ ব্লক করে দেওয়া হবে।