Tag Archives: কুমিল্লা সিটি করপোরেশন

কুমিল্লা সিটিতে প্রশাসক বসবে, নির্বাচন ২০ জুনের মধ্যে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) প্রশাসক বসাবে সরকার। কেননা, আইনে নির্ধারিত সময়ে কুসিক নির্বাচন করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ এপ্রিল) স্থানীয় সরকার সচিব মো. হেলালুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। তার পরের দিনই আমরা একজন প্রশাসক বসিয়ে দেবো। এক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি বা সরকারি কর্মচারীকে বসানো হতে পারে। কোনো করপোরেশনের মেয়াদ শেষ হলে পুরো করপোরেশন চলে যাবে। এক্ষেত্রে প্যানেল মেয়র বসানোর সুযোগ নেই।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এর আগে জানিয়েছেন, সময় স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। বিষয়টি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়ে দেবো।

ইসি সচিব বলেন, ভোটার তালিকার সিডি প্রস্তুত ও ইভিএমের প্রস্তুতির যে সময় লাগবে তাতে ১৬-মের মধ্যে নির্বাচন করা সম্ভব না। এক্ষেত্রে আগামী ২০ জুনের মধ্যে নির্বাচন হবে এটা কমফার্ম। তফসিল হবে রমজানের শেষ সপ্তাহে। ২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ কুসিক নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছর ১৭ মে। এক্ষেত্রে ভোটগ্রহণ করতে হবে আগামী ১৬ মে এর মধ্যে।

কর্মকর্তারা বলছেন, আইনানুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। এজন্য মেয়াদ শেষ হবে ২০২২ সালের ১৬ মে। আর ভোটগ্রহণ করতে হয়, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এই হিসাবে গত বছর ১৬ নভেম্বর থেকে এ সিটি নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে।

২০১৭ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয়বারের মতো এ সিটিতে নির্বাচিত হয়েছিলেন। এই সিটিতে সে সময় ভোট হয়েছিল ১০৩টি কেন্দ্রে। মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন নামে নতুন একটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভূক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। কুমিল্লা সিটি করপোরেশ ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।

খাল ভরাট করে সড়ক চায় না কুসিক, মানছে না সওজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে লাকসাম রোডের সড়কটি চার লেনে উন্নীত করার জন্য শহরের পানি অপসারণের কান্দিখাল ভরাট করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।কিছু অংশ ভরাটের পর বর্তমানে খালটি সরু একটি ড্রেনে রূপান্তরিত হয়েছে।

কুমিল্লা শহরের মূল অংশ এবং নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বজ্র ও ময়লা পানি এই খাল দিয়ে অপসারণ করা হয়। সওজ কর্তৃক খাল ভরাটের কারণে পানি অপসারণ প্রক্রিয়া স্বাভাবিক না থাকায় কুমিল্লায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করবে। এদিকে বর্ষার মৌসুমে প্রবল বর্ষণ এবং অতিবৃষ্টির কারণে শহর ডুবে যাওয়ার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। তবে সওজ এর প্রকৌশলী কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শহরের পানি অপসারণের পথ বন্ধ করে সড়ক নির্মাণের ঘটনায় কুমিল্লা নগরজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের জন্য খাল ভরাট বন্ধ করা হোক। এমনকি যে অংশে মাটি ফেলানো হয়েছে, সেগুলোও অপসারণ করা হোক দ্রুত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর টমছমব্রিজ থেকে কচুয়া চৌমুহনী সড়কের পাশের কান্দিখালটির সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ পথের কালভার্টের দুপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। মনগড়াভাবে মাটি দিয়ে ভরাটে খালটি সরু হয়ে গেছে। পানি অপসারণের স্রোত বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, খাল ভরাটের কথা শুনে তিনি তার প্রকৌশলীদের পাঠিয়েছে ঘটনাস্থলে্বং তারা গিয়ে কাজ বন্ধ করেছেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্তে আসে যে, বৃহস্পতিবার সিটি করপোরেশন এবং সওজ বিভাগ যৌথভাবে সীমানা নির্ধারণ করে কাজ করবেন।

সিটি মেয়র বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, খাল ভরাট শুরুর আগে সিটি করপোরেশনের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ কোনও যোগাযোগ করেনি।’

সিটি করপোরেশনের অভিযোগের বিপরীতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘সড়ক নির্মাণে আমি আমার জায়গায় কাজ করছি। অন্যের জায়গায় আমি এক চুলও যাবো না। আর খাল ভরাট করে আমি সড়ক নির্মাণ করতে যাবো কেন? আমি আমার জায়গায় সঠিক আছি। খাল বাচাঁতে হলে সিটি করপোরেশনের উচিত যারা তাদের খাল ও জমি দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

এ বিষয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘যৌথভাবে সীমানা চিহ্নিত না করে খাল ভরাট করলে আমি স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে অভিযোগ করবো। প্রয়োজন হলে সড়কের মন্ত্রণালয়েও অভিযোগ করবো এই বিষয়ে।’