Tag Archives: জলোচ্ছ্বাসের

ঘূর্ণিঝড় দানার আঘাতে

ঘূর্ণিঝড় দানার আঘাতে উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা

ঘূর্ণিঝড় দানার আঘাতে উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় দানা। এর অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং নিকটবর্তী দ্বীপ ও চরসমূহে দমকা হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় জেলা যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের আশপাশের দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট উঁচু বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আজ (২৪ অক্টোবর) মধ্যরাতে ঘূর্ণিঝড় দানা ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের পুরী ও সাগর দ্বীপের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-১০ এ বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ দুপুর ১২টায় (২৪ অক্টোবর) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৫৩৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা ও পায়রা বন্দর থেকে ৪৩৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কি.মি. এলাকার মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি., যা দমকা হাওয়ার আকারে ১১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।