Tag Archives: জাপা

জাপাকে ২৬ ও অন্য শরিকদের ৬টি আসন ছাড় দিল আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২৬১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া জাপা ২৬টি এবং শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

অন্যদিকে ১৪ দলীয় জোটের অন্য শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- বগুড়া ৪, রাজশাহী ২, কুষ্টিয়া ২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

আওয়ামী লীগ ২৬১টি, জাপা ২৬টি এবং জোট শরিকদের ৬টি আসন মিলে হয় ২৯৩টি আসন। তবে ৩০০ আসনের মধ্যে বাকি ৭টি আসনে কারা প্রার্থী হচ্ছেন, সে বিষয়ে কিছু জানাননি বিপ্লব বড়ুয়া।

চার দিনে জাপার ১৭৩৭ মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ হাজার ৭৩৭ জন মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এর মধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকালও (২৪ নভেম্বর) মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

পাশাপাশি শুক্রবার থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এরমধ্যে ২৪ নভেম্বর সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকেল ৩টায় রাজশাহী বিভাগ; ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ ও ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

জাপার দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে বলে জানিয়েছিল জাতীয় পার্টি। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর দুপুর ১২টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথমে মনোনয়ন ফরম নেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সকাল থেকে নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। হাতেগোনা কয়েকজন এসেছেন মনোনয়ন ফরম নিতে। এছাড়া দলটির বেশির ভাগ শীর্ষ নেতা কার্যালয়ে আসেননি। শুধু বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। গত ১ নভেম্বর থেকে এবারের নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

এদেশের মানুষ ভালো নেই, ভালো আছে শোষক দলের লোক: কুমিল্লায় জি এম কাদের

এদেশের মানুষ ভালো নেই, ভালো আছে শোষক দলের লোক: কুমিল্লায় জি এম কাদের

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, এদেশের সাধারণ মানুষ ভালো নেই, ভালো আছে শুধু শোষক দলের লোক। সরকার দেশটাকে দুইভাগে ভাগ করেছে। একটা হলো শাসক, তারা শোষন করছে, আরেকটা হলো শাসিত, তাদেরকে শোষণ করা হচ্ছে। শাসকদলের লোকজন বিদেশে বাড়িগাড়ি করছে। এসব করে বৈষম্য সৃষ্টি করছে সরকার। যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে আবার সেই বৈষম্য সৃষ্টি করেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার তিতাস উপজেলায় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এদেশের মানুষ ভালো নেই, ভালো আছে শোষক দলের লোক: কুমিল্লায় জি এম কাদের

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আমির হোসেন ভুইয়ার সভাপতিত্ব জাপা চেয়ারম্যান আরো বলেন, সরকার সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।

বিশেষ অতিথি পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরী করতে করতে হবে। যেমন তেমন পরিবেশে নির্বাচন দিবেন, সেটা এদেশের জনগণ মেনে নিবে না।

আমরা সংঘাত চাই না, সংঘাত হলে দেশের মানুষের দূর্ভোগ হবে, কষ্ট হবে। আমরা চাই সংলাপ, আমরা চাই সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনকে স্বচ্ছ করতে হবে, নিরপেক্ষ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন আমরা চাই। কারন নির্বচানই হচ্ছে একমাত্র উপায় ক্ষমতা বদলের।

বিশেষ অতিথি জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিবে। জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আমির হোসেন ভূইয়াকে জেলার সভাপতি ঘোষণা করেন।