Tag Archives: দুদক

মুজিবুল-বাহার ও তার মেয়েসহ

মুজিবুল-বাহার ও তার মেয়েসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদক

মুজিবুল-বাহার ও তার মেয়েসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদক

ডেস্ক রিপোর্ট:

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের এমপি মুজিবুল হক এবং কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ চারজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া, বাহারের মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রীর সাবেক পিএস মো. কামাল হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই চারজনের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার, প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের সূত্রে জানা যায়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আইনজীবী মো. জিয়া উদ্দিনের আবেদন ও টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ অন্যান্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ওই অনুসন্ধান শুরু করা হয়।

অন্যদিকে, বাহাউদ্দিন বাহার, তাহসিন বাহার সূচনা এবং কামাল হোসেনসহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া, বিদেশে অর্থপাচারসহ নিজের ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

নির্বাচনে প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক: মাহবুব হোসেন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামার দিকে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুদক সচিব বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিল্পকলার জাতীয় নাট্যশালায় কমিশনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দুদকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কারাগারে

দুদকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কারাগারে

ডেস্ক রিপোর্ট:

দুদকের প্রাথমিক তদন্তে জাকিরের নামে বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের (এফডিআর) রসিদ, বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির তথ্য পাওয়া যায়। অবৈধভাবে ১৫ কোটি ৮৮ লাখ টাকা অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জাকির তার আইনজীবীর মাধ্যমে মামলায় জামিন চেয়ে আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) এ আদেশ দেন।

জাকির এর আগে কেনিয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক তদন্তে জাকিরের বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের (এফডিআর) রসিদের তথ্য, বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির তথ্য পেয়েছে। যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছিলেন।

অনুসন্ধানের পর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত বছরের ১৪ মার্চ ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মো. জাকিরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিবরণীতে আর বলা হয়েছে, আসামিরা আরও অনেক অবৈধ সম্পদ অর্জন করেছে, যেগুলোর আয়ের উৎস উল্লেখ নেই।

স্ত্রী ও শাশুড়িকে নিয়ে ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন পুলিশ পরিদর্শক, দুদকের মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ১৮ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলা করেন।

মামলায় ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী ও শাশুড়িকেও আসামি করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম সৈয়দ আবদুল্লাহ। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বর্তমানে তিনি ফেনী পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক হিসেবে কর্মরত। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামে। মামলার অপর দুই আসামি হলেন- সৈয়দ আবদুল্লাহর স্ত্রী ফারহানা আক্তার এবং শাশুড়ি কারিমা খাতুন।

মামলার এজাহারে বলা হয়েছে, সৈয়দ আবদুল্লাহ প্রতারণার উদ্দেশ্যে তার স্ত্রী ফারহানা আক্তারের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেন। যেগুলো ব্যবহার করে তিনি এক কোটি টাকা মূল্যের সঞ্চয়পত্র কেনেন। ফারহানা আক্তারের নামে বিভিন্ন ব্যাংকে ১ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৮৫৪ টাকার আমানত গচ্ছিত রাখা এবং ৩১ লাখ টাকায় গাড়ি কেনার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সৈয়দ আবদুল্লাহর নিজ নামে দুটি প্লট, ফারহানা আক্তারের নামে দুটি আবাসিক ফ্ল্যাট, একটি বাণিজ্যিক স্পেস কেনা হয়েছে। ফারহানা আক্তারের ব্যাংক হিসাব থেকে টাকা পরিশোধ করে তার মা কারিমা খাতুনের নামে আবাসিক ফ্ল্যাট কেনা হয়েছে। সব মিলিয়ে আসামিরা অবৈধভাবে ১৮ কোটি ১৫ লাখ ৬০ হাজার ২৮৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, সৈয়দ আবদুল্লাহ সরকারি কর্মচারী হিসেবে পুলিশ বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তার পদমর্যাদার অপব্যবহার করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত টাকা নিজের নামে, স্ত্রী ফারহানা আক্তার ও শাশুড়ি কারিমা খাতুনের নামে করেছেন।

আদালতের আদেশে সৈয়দ আবদুল্লাহর অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুর সূত্রে জানা গেছে, সৈয়দ আবদুল্লাহ ১৯৯১ সালে উপপরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০০৭ সালে পরিদর্শক পদে পদোন্নতি পান। তিনি ২০১৯ সালের ২৯ মার্চ থেকে ২০২০ সালের ২৪ মার্চ পর্যন্ত মঠবাড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

কুমিল্লার সন্তান মঈনউদ্দিন দুদকের নতুন চেয়ারম্যান

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ।

বুধবার (৩ মার্চ) তাকে এই নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তাকে কমিশনার নিয়োগ দেয়া হয়।

তিনি কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের ভূইয়া বাড়ির কৃতিসন্তান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইনের বিধানমতে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হল।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, কমিশনের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হল।