Tag Archives: নির্বাচন

লক্ষ্যই হলো নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা : সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের লক্ষ্যই হলো নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দেশ আমাদের নির্বাচন নিয়ে খোঁজখবর নিচ্ছে; বিশেষ করে ডোনার কান্ট্রিগুলো। সেটাকে আপনারা চাপ বলেন, দৌড়ঝাঁপ বলেন; সেজন্য সরকার বারবার বলেছে নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। আমরাও বলছি নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সেখানে কেউ যদি প্রতিহত করতে চায় সেটা তাদের রাজনৈতিক কৌশল। আমাদের লক্ষ্য— নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।

তিনি বলেন, এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ দল (বিএনপি) অংশগ্রহণ করছে না। আপনারা জানেন আমরা প্রথম থেকেই তাদের নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছিলাম। তারা অংশগ্রহণ করলে নির্বাচনটা আরো বেশি ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি হতো। তবে না নিলে কী হবে, সেই বিষয়ে আমি যাচ্ছি না।

বিএনপিসহ তাদের জোট নির্বাচনে অংশ না নিলে বাইরের বিশ্বে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।

সিইসি বলেন, জাপান আমাদের নির্বাচনকে খুব গুরুত্ব দিচ্ছে। এজন্য তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাচ্ছে। আমরা তাদের ধন্যবাদ দিয়েছি। তারা আমাদের নির্বাচনের বিস্তারিত জানতে চেয়েছেন। সর্বশেষ প্রস্তুতির অবস্থা তাদের জানিয়েছি।

নতুন করে ৮৩ নির্বাচন কর্মকর্তা নিয়োগ

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে ৮৩ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।

ইসি জানায়, ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদে ৮৩ জনকে নবম গ্রেডে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশক্রমে তাকে (নিয়োগপ্রাপ্তরা) লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকার/কর্তৃপক্ষ নির্ধারিত বিষয়ের ওপর বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রয়োজন বোধে সরকার/কর্তৃপক্ষ এই প্রশিক্ষণের সময়কাল বাড়াতে বা কমাতে পারবে; অথবা প্রয়োজন বোধে সরকার/কর্তৃপক্ষ বুনিয়াদি প্রশিক্ষণের পূর্বে বা পরে তাকে অন্য যেকোনো প্রশিক্ষণের জন্য মনোনীত করতে পারবে।

এতে আরও বলা হয়, বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও কর্তৃপক্ষের অভিপ্রায় অনুযায়ী তাকে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ ছাড়া ‘উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা’ পদে যোগদানের তারিখ থেকে ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

নির্বাচনে প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক: মাহবুব হোসেন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামার দিকে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুদক সচিব বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিল্পকলার জাতীয় নাট্যশালায় কমিশনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচন: আরও ১৫৮ ইউএনওকে বদলির অনুমোদন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২০৫ জন ইউএনওকে নির্বাচন কমিশনের অনুমতিস্বাপেক্ষে বদলি করল সরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫৮ জন ইউএনওকে বদলির পৃথক দুটি প্রস্তাব পাঠালে তাতে সম্মতি দেয় ইসি। এর মধ্যে গতকাল বুধবার ১১০ জন ও আজ বৃহস্পতিবার ৪৮ জন ইউএনওকে বদলির তালিকা ইসিতে পাঠায় মন্ত্রণালয়।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। এ নিয়ে এখন পর্যন্ত ২০৫ জন ইউএনওকে বদলি করা হয়েছে।

এদিকে আজ দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে ইসি। আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দেয় সংস্থাটি।

এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর দেশের সব ইউএনও ও ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় ইসি। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি। সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি।

১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, আবারও ক্ষমতায় আসবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে সিদ্ধান্তটি।

এরমাধ্যমে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার নির্বাচন ব্যবস্থার ওপর প্রেসিডেন্ট পুতিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। ফলে পুতিন আবারও ক্ষমতায় আসছেন এ বিষয়টি মোটামুটি নিশ্চিত। দেশটিতে যেসব বিরোধী দলীয় নেতা রয়েছেন তাদের বেশিরভাগই জেলে অথবা বিদেশে পালিয়ে আছেন এবং রাশিয়ার সবচেয়ে স্বাধীন গণমাধ্যমটিও নিষিদ্ধ করা হয়েছে।

৭১ বছর বয়সী পুতিন এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি। তবে বার্তাসংস্থা এপি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঠিক হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে এ ঘোষণা দেবেন তিনি।

সংবিধানে আমূল পরিবর্তন আনার কারণে, এবারের মেয়াদ শেষ হওয়ার পর পুতিন চাইলে আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। অর্থাৎ তিনি চাইলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।

রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।

মাতভিয়েনকো আরও বলেন, প্রথমবারের মতো ইউক্রেনের দনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমরা একত্রে প্রেসিডেন্ট নির্বাচন করার মাধ্যমে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারবো।

নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ সচেষ্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সব সময়ই একটি পক্ষ সচেষ্ট থাকে। সেসব যেন না হয়, এরজন্যই নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর পূর্তি’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতিনিয়তই শীর্ষ সন্ত্রাসীদের নিরাপত্তা বাহিনী দ্বারা আটক করা হচ্ছে। আমরা সব সময়ই তাদের চিহ্নিত করে আসছি, এটি একটি চলমান প্রক্রিয়া। এদের বেশির ভাগই এখন জেলখানায়, না হয় দেশত্যাগ করেছে। বিদেশে যারা আত্মগোপন করেছে, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। ইতোমধ্যে কয়েকজনকে আনাও হয়েছে।

সীমান্তে অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এ নিয়ে মন্ত্রী পর্যায়েও মিটিং হচ্ছে। আমরা চেষ্টা করছি, সীমান্তে নন লিথ্যাল অস্ত্র ব্যবহার করার।

নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তারা প্রশাসনিক পর্যায়ে কিছু পরিবর্তনের কথা বলেছেন। নিরাপত্তা বাহিনী সব সময়ই অবৈধ অস্ত্র উদ্ধারের কাজে রয়েছে। যাদের কাছে অস্ত্র রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।

নির্বাচনে থাকবে সেনাবাহিনীও: ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর।

ইসি আলমগীর আরও বলেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে তাদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য : সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। এই বিষয়টা আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের স্পষ্ট করে বুঝিয়েছি।

বুধবার (২৯ নভেম্বর) রাজধনীর আগারগাঁওয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে, ইইউ’র প্রতিনিধি দলের সঙ্গে বিকেল ৩টায় নির্বাচন কমিশন বৈঠকে বসে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

অন্যদিকে ইইউর পক্ষে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিইসি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিসহ ৭টি দেশের রাষ্ট্রদূত এসেছিলেন। এটাকে আমরা বলি ইইউ ডেলিগেশন। তারা আগেও একাধিকবার এসেছেন। তাদের একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যেই চারজন এসেছেন। তারা দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে। এটা তারা জানতেন না। তারা আজও এসেছেন, এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে সেগুলো আমরা তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়— সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, আমাদের মাননীয় কমিশনাররা বিগত দুই সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণ ও প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেছেন। যাতে করে প্রশাসন স্থানীয়ভাবে তাদের সব শক্তিকে সমন্বিত করে; যাতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। তারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। এটা আমরা খুব স্পষ্ট করে তাদের বুঝিয়েছি। আমার বিশ্বাস, আমাদের যে সাংবিধানিক সীমাবদ্ধতা এটা তারা বুঝতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ থাকে, বিভেদ-বিভাজন থাকে সেখানে কোনভাবেই আমরা হস্তক্ষেপ করতে পারি না।’

নির্বাচন বাধাগ্রস্তকারীর ওপর নিষেধাজ্ঞা আসা উচিত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আসা উচিত। এসব বিষয়ে তো সভ্য দেশগুলো কিছু বলছে না।

বুধবার (২৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে বাংলাদেশের একটা দল এবং তার দোসররা এখন হরতাল ডাকছে, অবরোধ করছে। তারা প্রকাশ্যে হামলা করে পুলিশ হত্যা করেছে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, এসব কর্মকাণ্ড যারা করছে, তারা তো নির্বাচনকে বাধা দেওয়ার জন্য করছে। আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করছে। আমাদের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করছে। আমাদের স্বাধীন বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। এটার কোনো প্রতিঘাত নেই।

তিনি বলেন, এটা কী আন্দোলন? এটাতো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসার কথা। এসব যে চলছে, এ ব্যাপারে কারো কোনো কথা নেই, সভ্য গণতান্ত্রিক দেশ অনেক বিষয়ে কথা বলে, কিন্তু এখানে নিরব কেন?

তিনি আরও বলেন, তারা নির্বাচন প্রক্রিয়াকে বাধা দিচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধা দিচ্ছে, তারা গাড়ি পোড়াচ্ছে, তারা ট্রেনে হামলা করছে, তারা প্রতিনিয়ত গাড়িতে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ, এসব ঘটনা ঘটাচ্ছে।

বিএনপি অবরোধ কার বিরুদ্ধে করছে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, তারা হরতাল ডাকছে কার বিরুদ্ধে, এটা তো নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এসব কর্মকাণ্ড করছে।

তিনি বলেন, আজকে যারা মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের সুশাসনের কথা বলে, যারা ফ্রি ফেয়ার নির্বাচনের কথা বড় গলায় বলে, তারা আজকে একটা পক্ষের এসব অপকর্ম, গণতন্ত্রবিরোধী, সংবিধান বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে কেন নিরব। এটা নিয়ে তো কেউ কিছু বলছে না। নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বাধা দিচ্ছে, তাদের ব্যাপারে তারা কেন নিরব। আমাদের দেশে যারা সুশীল সমাজ যারা মানবাধিকারের কথা বলে, তাদের কাছে আমার প্রশ্ন।

কাদের বলেন, আমরা শুনেছিলাম আন্তর্জাতিকভাবে, নির্বাচন বাধাগ্রস্ত হবে এমন কোনো কর্মকাণ্ড হলে, সেটা নির্বাচন বিরোধী কর্মকাণ্ড বলে বিবেচিত হওয়ার কথা। এখন তো সবাই নিরব। এখন কেউ কিছু বলে না। ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হরতাল অবরোধকে কি কোনোভাবে ঢেকে রাখা যায়? পুলিশ হত্যাকে কী কোনোভাবে ঢেকে রাখা যায়? প্রধান বিচারপতির বাড়িতে হামলা, গাড়িতে অগ্নি সংযোগ করছে, এগুলো কী অন্ধকারে ঢেকে রাখা যাবে? এগুলো তো প্রকাশ্যে হচ্ছে। আজকের বিশ্বে এখানকার খবর সারা দুনিয়ায় ছড়িয়ে যেতে কতক্ষণ লাগে? এখানকার কোনো খবর ল্যাটিন আমেরিকার কোনো দেশ বা দক্ষিণ আফ্রিকার কোনো দেশে পৌঁছতে কি দেরি হচ্ছে? ওয়াশিংটনের পৌঁছতে কি দেরি হচ্ছে? এসব নিয়ে তো কোন কথা আমরা শুনছি না।

ওবায়দুল কাদের বলেন, যারা অপকর্ম করেছে, শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে মামলা তো হবে। আপনি প্রকাশ্যে পুলিশকে খুন করেছেন, সেটার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে জেলে পাঠানো হবে না? এটা কোন সভ্য দেশ আছে।

তিনি আরো বলেন, একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে আছে। কেউ তাদেরকে বাইরে রাখেনি। আমরা বারবার বলে যাচ্ছি, আমরা চাই না কেউ নির্বাচনের বাইরে থাকুক। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন চাই।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক কিছুর সঙ্গে বিদেশির ইন্ধন আছে। কোনো বিশেষ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সংবিধানে একটি সময়সীমা আছে, সেই সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আমরা কখনো সমর্থন করব না। সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পদক্ষেপ, এমন কোনো পরিবর্তন আমরা সমর্থন করব না।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

নির্বাচনে স্বামীর বিপক্ষে লড়বেন স্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন (কালিয়া-নড়াইল সদরের আংশিক) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি। এবার তার বিপক্ষে লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন কবিরুল হকের স্ত্রী চন্দনা হক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কালিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র নেন অনুসারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা (কালিয়া) রুনু সাহা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, এ পর্যন্ত নড়াইলের দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১৪ জন।

নড়াইল-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৯ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি), তার স্ত্রী চন্দনা হক, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইসলামী ঐক্যজোটের মো. সাজ্জাদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন মোল্ল্যা, সিকদার মো. শাহাদাত হোসেন এবং জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন)।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইল-২ আসনে (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) মনোনয়ন সংগ্রহ করেছেন পাঁচজন। তারা হলেন- মাশরাফি বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা লতিফুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান, নূর ইসলাম (স্বতন্ত্র)।