Tag Archives: পানিতে ডুবে

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পানিতে গোসল করতে নেমে জুঁই আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সিংগারবীল ইউনিয়নের আলিনগর বিজিবি ক্যাম্প-সংলগ্ন নরিন্দা বিলে এ ঘটনা ঘটে।

জুঁই আক্তার পশ্চিম মিরাশানী এলাকার বাদল মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের নরিন্দা বিলের পানিতে ডুবে যায় শিশু জুঁই আক্তার। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

নোয়াখালীতে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাট, হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই ভাই ও দুই বোনসহ ছয় শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

তিন শিশু হলো কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭) এবং হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫)।

কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু বলেন, দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড় ভাই রিশাদ পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

হাতিয়ার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ বলেন, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে দুই ভাইয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত দুদিনে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগে পানিতে পড়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।