Tag Archives: বাগমারা উপজেলা

অতিথিদের দেওয়া উপহার ভাগাভাগি নিয়ে ঝগড়া, বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ

 

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয় শুক্রবার বিকেলে। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ। এর মধ্যেই বিয়েতে অতিথিদের দেওয়া উপহারসামগ্রী ভাগাভাগি নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের গতকাল এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি বাধে। উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

কনের পরিবারের অভিযোগ, উপহারসামগ্রী নিয়ে যে শর্ত ছিল, বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ। বরপক্ষ ঠিক করেনি বলে এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে জানতে বরপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চায়নি। তবে বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয় পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।

প্রবীণ শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার একজন

 

ডেস্ক রিপোর্টঃ

নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙা গ্রামে প্রবীণ শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অন্যতম আসামি এরশাদ আলী (৩৫) নামে এক স’মিল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিত শিক্ষক নাসিম উদ্দিন (৫৫) সোমবার সন্ধ্যায় তাকে নির্যাতনের অভিযোগ করে মান্দা থানায় মামলা দায়ের করেন।

এই মামলায় সোমবার রাতেই এরশাদ আলীকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। সে উপজেলার পাজরভাঙা গ্রামের দিলশাদ আলীর ছেলে।

প্রবীণ শিক্ষক নাসিম উদ্দিনের অভিযোগ, রাজশাহীর বাগমারা সদরের নিজ বাড়ি থেকে সম্প্রতি মান্দার পাজরভাঙ্গা গ্রামে মেয়ের বাড়িতে আসেন তিনি। এলাকায় অবৈধ স’ মিলের শব্দ দূষণ, কাঠের গুড়া ও ধূলোবালিতে মানুষের ভোগান্তি দেখে প্রতিবাদ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে হামলা ও নির্যাতন চালায় করাত কলের মালিক দেলশাদ আলী মণ্ডলের দুই ছেলে এরশাদ আলী মণ্ডল, আব্দুর রাজ্জাকসহ তাদের সহযোগীরা। নির্যাতনের একপর্যায়ে তাকে মেরে বিবস্ত্র করে ফেলা হয়। এ সময় গ্রামবাসী ও আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

স’মিল মালিক দেলশাদ হোসেন মণ্ডলের দাবি, আইন মেনেই তার করাত কল করা হয়েছে। প্রায় ৩৫ বছর ধরে পাজারভাঙ্গায় স’ মিলটি চালিয়ে আসছেন তারা। কোনো দিনই কারো সমস্যা হয়নি। মূলত নাসির উদ্দিনের জামাতা রেজাউল ইসলামের কাছে পাওনা রড সিমেন্টের ৪ লাখ ৫৬ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে এই উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেদিন তাদের হয়রানি করায় হাতাহাতি হলেও শিক্ষক নাসির উদ্দিনকে বিবস্ত্র করার অভিযোগ অস্বীকার করেছেন স’ মিল মালিক দিলশাদ আলী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান বলেন, এ ঘটনায় প্রথমে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার অন্যতম আসামি এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি শাহিনুর রহমান।