Tag Archives: বিএনপি

বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে :পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নেওয়া। তারা নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। তারা বরং বিদেশি দেশগুলোর কাছে নালিশই দিচ্ছে। এ জন্য বিএনপি হচ্ছে নালিশপার্টি।’

আজ মঙ্গলবার নগরীর ধোপাদিঘির এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি নির্বাচন নস্যাৎ করতে যা যা করার তা করছে। তারা আগের মতো অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা ও অবরোধ চালিয়ে যাচ্ছে। দেশের সম্পদ নষ্ট হচ্ছে। ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশবাসী তাদের সঙ্গে নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক লোক সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। আমরা সিলেট-১ আসনে সবচেয়ে বেশি ভোট ফেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো। সিলেট-১ আসনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে সারাবিশ্বকে প্রমাণ করতে হবে আমরাও পারি। আমরা বিজয়ের জাতি।’

ড. মোমেন বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। আমরা ভালো উপস্থিতি দেখাতে চাই। কারণ শেখ হাসিনার অনুগ্রহে সিলেটের এতো উন্নয়ন হয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যার কারণে।’

নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ আরও অনেকে।

সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

ডেস্ক রিপোর্ট:

‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ দফায় দফায় অবরোধের পর এবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি। আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

বিএনপি-জামায়াতের অপরাজনীতি নির্মূল করতে হবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের অপরাজনীতি নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের অপরাজনীতি যদি না থাকত বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যেত। বাংলাদেশকে স্বপ্নের ঠিকানা নিয়ে যেতে হলে এই অপরাজনীতি এবং এই অপরাজনীতি যারা করে তাদেরকে নির্মূল করতে হবে।

বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক বলেন, আমরা আরো বহুদূর এগিয়ে যেতে পারতাম। কিন্তু আজকে ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেমন নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে, আজকে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি।

তিনি বলেন, তারা আজকে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে জিম্মি করছে, গাড়িঘোড়াতে আগুন দিচ্ছে। নব্য হানাদার হিসেবে রূপান্তরিত হয়েছে বিএনপি জামায়াত।

দেশে দুর্ভিক্ষ ঘটানো বিএনপির পরবর্তী পরিকল্পনা : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি কীভাবে নির্বাচন করবে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতা কে? তাদের কোনো নেতা নেই। সামনে নির্বাচন। বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না। এখন নির্বাচন হয়ে যাচ্ছে। এক সময় বলেছিল নির্বাচন হতে দেবে না। উসকানি আছে যে নির্বাচন ঠেকাও। নির্বাচনের সিডিউল হয়ে গেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে, দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা আছে। যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুই দিনের গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা কে? যে ভোটারদের অধিকার কাড়বে, ভোটারদের অধিকার কাড়ার ক্ষমতা তাদের নেই। নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারা আগুন দিতে যাবে, তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে। প্রত্যন্ত এলাকায় সবাইকে সজাগ থাকতে হবে। যদি আগুন সন্ত্রাসী বেশি হয়, তাহলে তাদের আগুনেই ফেলে দিতে হবে।

কোটালীপাড়াবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আমি মা, বাবা, ভাই-বোন সবাইকে হারিয়েছি। আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা, বিশ্বাস সবচেয়ে বড় পাওয়া। যাদের নমিনেশন দিয়েছি তারা আসন পায় একটি। আমার হলো ৩০০ আসনের দায়িত্ব। তাই আমি বলতে পারি আমার মতো সৌভাগ্য কারো নেই যে আমার মতো এলাকা নিয়ে ভাবতে হয় না, চিন্তাও করতে হয় না, যেটা আপনারা করেন। আমি জানি না আর কোনো প্রার্থী সৌভাগ্যবান কিনা, যতটা আমি। একটা দায়মুক্ত করে রেখেছেন। আমি স্বাধীনভাবে সারা বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করতে পারি, কাজ করতে পারি। যার সুফলটা সবাই পায়।

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, এখনো তারা জ্বালাও পোড়াও করছে। এদের শিক্ষাটা বোধ হয় ইজরাইলের কাছ থেকে, যারা প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে। নিজেরা ক্ষমতায় থেকে সমানে অর্থ কামিয়েছে। অর্থ সম্পদের পাহাড় গড়েছে। কিন্তু এরা মানুষকে কোনো দিন শান্তিতে থাকতে দেবে না, এটাই তাদের চরিত্র। এখন তারা নির্বাচন করবে না। ২০১৪ সালে একই কথা বলেছিল। আসলে তারা নির্বাচন করবে কীভাবে? বাস্তব কথাটা কি? বাস্তব হলো ২০০৮ সালের নির্বাচন। এ নির্বাচন নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তোলে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে কোটালীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রায় দুই ঘন্টা ধরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সেখানে থেকে ফিরে যান টুঙ্গিপাড়ায়।

সভায় আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের দিক-নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মতবিনিময় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খোন্দকার, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসেন তন্ময় এমপিসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এক পর্যায়ে বিএনপি হবে জামায়াতের বি-টিম : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ভুলের রাজনীতি করছে অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক পর্যায়ে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দেবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম।

তিনি বলেছেন, মানবাধিকার দিবসে সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। জনসম্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতা করে সেই আন্দোলনকে এগিয়ে নিতে চায়।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন ৷

তিনি বলেন, বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাতে এক পর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দেবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেরাই তালা লাগিয়েছে। সাহস থাকলে বের হয়ে আসুক।

১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন বণ্টন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বৈঠকের আগে বলব কেমন করে? আগে বৈঠক করি, তাদের বক্তব্য আগে শুনব, আগামী দিনে কীভাবে চলব- দলীয় বক্তব্যটা আগে শুনব।

নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী দল বিষয়ে ওবায়দুল কাদের জানান, বিরোধী দল দাঁড়িয়ে যাবে। তৃণমূল বিএনপি- তারা তো বৃহৎ জোট। সুপ্রিম পার্টি। আরও অনেকে আছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এবার জাতীয় পার্টির শক্তিশালী বিরোধী দল হওয়ার মোক্ষম সময় নিয়ে নিজের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। তারা আমার মতের সঙ্গে একমত নাও হতে পারে। এটাও গণতন্ত্র। যারাই নির্বাচন করবে তারাই পরস্পরের প্রতিপক্ষ হবে।

তিনি জানান, ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আসন বণ্টন ২/১ দিনের মধ্যে হবে।

আজ ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল। এর পরও শত বাধা-বিপত্তি-প্রতিবন্ধকতার মুখেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ’৭৫ পরবর্তী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই গণতন্ত্রের হাল ধরেছেন। সে কারণে কিছু ত্রুটি-বিচ্যুতির পরও আমরা গণতন্ত্র বিকাশের পথে এগিয়ে যাচ্ছি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।

বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের বুধবার (৬ ডিসেম্বর) থেকে সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

পাশাপাশি আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হবে। আর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

নবম দফায় দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে সোমবার। সেই হিসাবে বুধবার থেকে শুরু হতে যাওয়া অবরোধটি দশম দফার অবরোধ।

আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

ডেস্ক রিপোর্ট:

আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকার পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন।

রিজভী বলেন, আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা-মামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেছেন রিজভী।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। এরপর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালন করছে দলটি।

নির্বাচনে বিএনপি এলে তফশিল পেছানোর সময় আছে: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে এলে তফশিল পেছানোর সময় এখনো আছে। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বারবার আহবান জানিয়ে আসছি নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তাই তারা যদি নির্বাচনে আসে তাদের অংশ নেওয়ার বিষয়ে অবশ্যই বিবেচনা করা হবে।

সোমবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, রাঙামাটির পুলিশ সুপার মীর মো. আবু তৌহিদ, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল সাহিদুর রহমান ওসমানসহ রাঙামাটি ও খাগড়াছড়ির জেলার নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তা, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনার। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে যা যা করণীয় তার সব ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা সব কর্তৃপক্ষকে বলে দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সারা দেশে অতীতের নির্বাচনগুলোর মতো এবারো সেনাবাহিনী মোতায়েনের প্রক্রিয়া চলছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উপস্থিতি আগে থেকেই রয়েছে। তাই এখানকার জন্য আমাদের কৌশলগতভাবে খুব বেশি করা লাগবে না। তাছাড়া এখানে নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনী নিয়োজিত আছেন। কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরও বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বারবার আহবান জানিয়ে আসছে নির্বাচন কমিশন। দেশে মোট ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল নির্বাচনে এসেছে। ১৮টি দল এখনো নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। তারা নির্বাচনে আসবে কিনা, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু কাউকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া কিংবা নির্বাচন বানচালের অধিকার তাদের নেই। কারণ নির্বাচনে অংশ নেওয়ার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে।

বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা সব দেশের পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়েছি। তাদের আবেদনের সময় ২৬ নভেম্বর পর্যন্ত ছিল; কিন্তু আমরা ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছি।

বিএনপি নির্বাচনে আসলে তফশিল রিসিডিউল করা যেতে পারে: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের কমিশনাররা বলেছেন যদি বিএনপি নির্বাচনে আসে তফশিল রিসিডিউল করা যেতে পারে, এটা নির্বাচন পেছানো বলা যায় না। তফশিল রিসিডিউল করে তাদের অ্যাকোমোডেট করা হবে।

রোববার নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

বিএনপি ভোটে না আসলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এগুলো নিয়ে আমি উত্তর দেব না। বিএনপিকে একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, দশবার আমন্ত্রণ জানিয়েছি। তারা আসেনি। এখনো সময় আছে। সমঝোতা হলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আশা করি, তারা যদি আসে পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক।

তফশিল পেছানোর বিষয়ে সিইসি বলেন, আমাদের নির্বাচন কমিশনাররা তফসিল পুনর্নির্ধারণের কথা বলেছেন। এর অর্থ এই নয় যে, ভোটের তারিখ পেছানো হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা এখতিয়ারের বাইরে যাব না। প্রশাসনের রদবদল কে কখন করেছিল? বিচারপতি লতিফুর রহমান সাহেব করেছেন। তিনি সিইসি ছিলেন কি-না জানি না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। আমরা নির্বাচনের স্বার্থে যেটা ভালো মনে করব সেটা করব। আমরা এখতিয়ারের বাইরে যাব না। এখতিয়ারের মধ্যে যা আছে করব।

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী (সশস্ত্র বাহিনী) নিয়ে একেবারে শেষপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যদি প্রয়োজন মনে করি, চাইলে তারা (সরকার) আমাদের দেবে। এ নিয়ে কোনো সংশয় নেই।

অন্য আরেক প্রশ্নের জবাবে সাবেক এই আইন সচিব বলেন, নির্বাচন পূর্ব সময় হচ্ছে তফশিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত। এতে কতগুলো ধাপ আছে। যখনই তফসিল ঘোষণা করে থাকি একটা ধাপ হচ্ছে মনোনয়নপত্র দাখিল পর্যন্ত। এরপর বাছাই। এরপরও কিছু স্টেজ থাকে। এরপর আপিল স্টেজ থাকে। শুনানি করে সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেব। এরপর থাকে প্রত্যাহার। সেগুলো বিবেচনায় নিয়ে রিটার্নিং অফিসার চূড়ান্তভাবে বরাদ্দ করবেন। তারপর বলবেন এখন আপনারা প্রচার করতে পারবেন। এরপর ভোটের ৪৮ ঘণ্টা আগে সেটা থেমে যাবে।

এখনো বিএনপির নির্বাচনে আসার সুযোগ আছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না। তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।’

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আগামীকাল শনিবার না হলেও রোববারের মধ্যে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী কারা, তা ঘোষণা করতে পারব। নতুন অনেকে এসেছেন, কিছু বাদও পড়েছে। উইনেবল (সম্ভাব্য জয়ী) প্রার্থী আমরা বাদ দেইনি।

কাদের বলেন, ‘আমরা যখন বিভাগের নাম ঘোষণা করি তখন ভিড় বেড়ে যায়, নির্দিষ্ট বিভাগ শুনলে পিড়াপীড়ি শুরু হয়ে যায়। কীভাবে নাম বাহির করা যায়। সে কারণে বিভাগের নাম ঘোষণা করছি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি— ভিন্নভাবে, জেলাভাবে বা বিভাগভাবে প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।