Tag Archives: বিয়ে

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে এসে কোরিয়ান যুবকের বিয়ে

প্রেমের টানে বাংলাদেশে এসে কোরিয়ান যুবকের বিয়ে

ডেস্ক রিপোর্ট:

হাজার মাইলের ব্যবধান পেরিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রেম-পরিণয়ের ঘটনা এখন খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। ভিনদেশি তরুণ-তরুণীরা প্রেমের টানে প্রিয়জনের কাছে ছুটে আসছেন, এমন খবর প্রায়ই শোনা যায়। এমনই এক ভালোবাসার গল্প দেখা গেল এবার সাভারে।

দক্ষিণ কোরিয়ার তরুণ জে. মিঙ্গি, যার বয়স ২০ বছর, প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করেছেন সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার রেজভি আক্তার সুমাইয়াকে। সুমাইয়া একজন ১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। এ মাসের শুরুতে তাদের বিয়ে হলেও, শুক্রবার (২২ নভেম্বর) আয়োজন করা হয় বিবাহ-পরবর্তী সংবর্ধনার।

প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বাসিন্দা জে. মিঙ্গির সঙ্গে সুমাইয়ার পরিচয় ঘটে অনলাইনে। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। সেই প্রেমের টানেই গত ১ নভেম্বর সাভারে আসেন জে. মিঙ্গি। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন আরফান ইসলাম। পরের দিন, ২ নভেম্বর, ইসলামি রীতিতে সুমাইয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

শুক্রবার বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের জন্য শুভকামনা জানান। সুমাইয়ার বাবা-মাসহ পরিবারের সবাইও এই নতুন সম্পর্কে বেশ খুশি।

কোরিয়ান তরুণ আরফান ভাঙা বাংলায় তার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন, যা অতিথিদের মন ছুঁয়ে যায়। বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্কের সফল পরিণয়ে উচ্ছ্বসিত আরফান-সুমাইয়া দম্পতি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যাশা করেন, হাজার মাইল দূরত্ব ঘুচিয়ে শুরু হওয়া এই ভালোবাসা আজীবন অটুট থাকবে।

চান্দিনায় বিয়ের

চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি, কনের বাড়ি ভাঙচুর

চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি ও কনের বাড়ি ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৭নং এতবারপুর ইউনিয়নের ওয়ারিশ হাজী বাড়িতে মো. খোকন মিয়ার মেয়ে ফাতেমা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফাতেমার বিয়ে পাশের দেবিদ্বার উপজেলার নূরিতলা গ্রামের আরাফাতের সঙ্গে সম্পন্ন হয়। বিয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বর পক্ষ গেইটে কিছু টাকা দেয়, যা নিয়ে কনের প্রতিবেশী খুশি আক্তার (১৮) এককভাবে সেই টাকা নিতে চান। এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয় এবং পরে তা মারামারিতে রূপ নেয়। খুশির পরিবারের লোকজন কনের পিতার বাড়িঘর ভাঙচুর করে এবং কনের দাদিকে মারধর করে।

এই ঘটনায় কনের দাদি ছায়েরা বেগম (৫৮) গুরুতর আহত হয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ছায়েরা বেগম ওইদিন রাতে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় খুশির পিতা আবুল হোসেন, ভাই কেফায়েত উল্লাহ, বিল্লাল হোসেন, নাজমুল ও নাইমুলসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যার বিয়েতে গিয়ে বিপাকে পড়লেন বলিউডের ১৪ তারকা

যার বিয়েতে গিয়ে বিপাকে পড়লেন বলিউডের ১৪ তারকা

ডেস্ক রিপোর্ট:

বলিউড তারকারা বিভিন্ন রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা নিয়ে যান তাদের।

দুবাইয়ে এমন এক বিয়েতে গিয়েছিলেন টাইগার শ্রফ, সানি লিওন, নেহা কক্করসহ ১৪ বলিউড তারকা। আর সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

সেই বিয়ের বাজেট ২০০ কোটি টাকা। সেখানে তারকারা গিয়েছিলেন বিশেষ অতিথি হয়ে। তাতেই বিপত্তি। এ জন্য ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নজরে পড়লেন এ তারকারা।

সম্প্রতি ‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন সৌরভ চন্দ্রশেখর। তার বিয়েতে বিশেষ অতিথি হয়ে যান টাইগার, সানি, নেহা কক্কর, রাহাত

ফাতেহ আলি খান, বিশাল দাদলানি, কৃতি খববন্দা, আতিফ আসলাম, ভারতী সিং, নুসরত ভারুচার মতো তারকা।
‘মহাদেব বেটিং অ্যাপ’ সংস্থার মালিকের নাম রবি উপ্পল, সৌরভ চন্দ্রশেখর। ইডি তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

বেশ কয়েক মাস আগে দুবাইতে গা ঢাকা দেন সৌরভ। অভিযোগ উঠেছে, এই সংস্থা অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে টাকা তুলেছে। সেই টাকা মুম্বাইয়ের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে গেছে বলি তারকাদের কাছে।

প্রায় ১১২ কোটি টাকার লেনদেন হয় এই বাবদ। তারকাদের দুবাইতে থাকার জন্য খরচ হয়েছে ৪২ কোটি টাকা। যার পুরোটাই হয়েছে নগদে। এই টাকার গোটাটাই নাকি কালো টাকা।

বিয়ে করছেন আয়মান-কনে মুনজেরিন শহীদ

বিয়ে করছেন আয়মান-কনে মুনজেরিন শহীদ

ডেস্ক রিপোর্ট:

বিয়ে করতে যাচ্ছেন দেশের সবচেয়ে বড় ইন্টারনেটভিত্তিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এবং একক স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মুনজেরিন শহীদ। শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই সেলিব্রিটির মধ্যে এতদিন প্রেমের যে গুঞ্জন ছিল অবশেষে তা সত্যি হচ্ছে।

আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সেনাকুঞ্জ মিলনায়তনে আয়মান-মুনজেরিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিকটতম বন্ধু-বান্ধবীরা দুজনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভ কামনা জানিয়েছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে ফেসবুকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে।

কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত ও বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজী শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

গ্রামের সবাইকে বাঁচিয়ে দিলো একটি বিয়ে

গ্রামের সবাইকে বাঁচিয়ে দিলো একটি বিয়ে

ডেস্ক রিপোর্ট:

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে গত শুক্রবার আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ধসে পড়া বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে।

তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে থাকা আদাসিল অঞ্চলের ইগহিল এনটাগোমোত গ্রামে— ভূমিকম্পে কোনো মানুষের মৃত্যু হয়নি। যদিও ওই গ্রামের প্রায় সব বাড়ি-ঘর ভূমিকম্পে পুরো ধসে পড়েছে।

ভূমিকম্পের সময় ওই গ্রামবাসীরা একটি বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠানে কনে বাড়িতে গিয়েছিলেন। সেখানে উন্মুক্তস্থানে স্থানীয় সংগীত ও অন্যান্য আয়োজন উপভোগ করছিলেন তারা। আর তখনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে পুরো গ্রাম।

বিয়ে বাড়িতে সে সময় অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। সেসব মোবাইল ফোনে ভূমিকম্পের বিষয়টি ওঠে আসে। ওই সময় সেখানকার আমন্ত্রিত অতিথিদের ভয়ে-আতঙ্কে চিৎকার ও চেঁচামেচি করতে শোনা যায়।

অনুষ্ঠানে আগত এক অতিথি ভূমিকম্প আঘাত হানার আগ থেকেই ভিডিও করছিলেন। সেই ভিডিওতে দেখা যায় সংগীত শিল্পীরা দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে বাঁশি ও ছাগলের চামড়ার তৈরি ড্রাম বাজাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই সেখানে হৈ-হুল্লোড় ও মানুষের আর্তনাদ শুরু হয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরের দিন অর্থাৎ শনিবার ৩০ বছর বয়সী মোহাম্মদ বাওদাদের সঙ্গে ২২ বছর বয়সী হাবীবা আজদিরের বিয়ের দিন ধার্য্য করা হয়েছিল। আর সেখানকার রীতি অনুযায়ী, বিয়ের আগের দিন কনের বাড়িতে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই বিয়ের আয়োজনই সৌভাগ্যক্রমে তাদের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছে।

সূত্র: রয়টার্স

বিয়ের জন্য চাপ দেয়ায় গোপালগঞ্জের গৃহবধূকে চাঁদপুরে এনে হত্যা

বিয়ের জন্য চাপ দেয়ায় গোপালগঞ্জের গৃহবধূকে চাঁদপুরে এনে হত্যা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার মৈশাদীতে চাঞ্চল্যকর গোপালগঞ্জের গৃহবধূ শীলা খানম হত্যার ২ আসামীকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিষয়টি সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন চাঁদপুর পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ। আটককৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর মৈশাদী গ্রামের মজুমদার বাড়ির আজিজ মজুমদারের ছেলে রাজিব মজুমদার (২১) ও আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৃত স্বপন খানের ছেলে কামরুল হাসান হৃদয় (২২)।

বিয়ের জন্য চাপ দেয়ায় গোপালগঞ্জের গৃহবধূকে চাঁদপুরে এনে হত্যা

পিবিআই পুলিশ সুপার জানান, আসামী রাজিব মজুমদার গোপালগঞ্জের একটি কসমেটিকস দোকানে চাকরি করতেন। একই মার্কেটে আরেকটি কসমেটিকস দোকানে শীলা খানমও চাকরি করতেন। সেই সুবাদে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আট মাস সম্পর্কের মাঝে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি মার্কেটের সকলের মাঝে জানাজানি হলে একপর্যায়ে তাদেরকে বের করে দেয়া হয়। পরে শীলা খানম রাজিবকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তারা দুজনে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সামনে থেকে গাড়িতে করে ঢাকায় এসে চাঁদপুরগামী ময়ুর লঞ্চযোগে রাত ১টায় চাঁদপুর এসে পৌঁছায়। এর মধ্যে লঞ্চের কেবিনে তাদের মাঝে দৈহিক সম্পর্ক হয়েছে।

পরে সিএনজি নিয়ে রাজিবের গ্রামের বাড়ি মৈশাদীতে এসে তার বন্ধু রফিককে ফোন করে এনে পুরো ঘটনাটি খুলে বলে শীলা খানমকে হত্যা করার বিষয়টি জানালে রফিক তাদের আরেক বন্ধু হৃদয়কে আনতে বলেন। পরে হৃদয় এলে তারা তিনজনে মিলে আদুরখান স্কুলের পাশে একটি জঙ্গলে শীলা খানমকে শ্বাসরোধ করে হত্যা করে পলাশ পাটওয়ারীর বাগানের ঝোঁপেড় মধ্যে ফেলে রেখে চলে যায় যে যার বাড়িতে। পরদিন সকালে হত্যাকারীরা তিনজন একত্রিত হয়ে রাজিব ও হৃদয় সারাদিন বাবুরহাট এলাকায় ঘুরাঘুরি করে রাতে হৃদয়ের নানার বাড়ি আশিকাটি ইউনিয়নের দাসদী পাঠান বাড়ি থেকে রাত সাড়ে ১১টায় তাদেরকে আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর পিবিআই এর পুলিশ পরিদর্শক আতিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

গৃহবধূ শীলা খানম হত্যাকন্ডে তার স্বামী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। শীলা খানমের দাম্পত্য জীবনে একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। এবং রাজিব মজুমদারও বিবাহিত ছিলেন।

এ দিকে গত ৮ সেপ্টেম্বর সকালে উত্তর মৈশাদীর পলাশ পাটওয়ারীর বাগানে স্থানীয় এক ব্যাক্তি দূর থেকে শীলা খানমের ব্যাগ দেখতে পেয়ে কাছে গিয়ে তার লাশ দেখতে পান এবং আশপাশের মানুষদের বিষয়টি জানালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও পিবিআই পুলিশ ঘটনাস্থলে আসেন। শীলা খানম (২৮) গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের করপাড়া গ্রামের মুনসুর খানের মেয়ে।

বিয়ের পরে মেয়েরা কেন মোটা হয়?

বিয়ের পরে মেয়েরা কেন মোটা হয়?

ডেস্ক রিপোর্ট:

এরকম কথা অনেকেই শুনেছেন যে মেয়েদের বিয়ের পরে ওজন বেড়ে যায়, তাদের দেখতে আগের থেকে বেশি মোটা লাগে। আবার পরিচিত অনেককে দেখবেন, বিয়ের পরে তাদের ত্বকের উজ্জ্বলতা বেড়ে গিয়েছে। এসবে পেছনে যৌক্তিক কোনো ব্যাখ্যা সত্যিই কি রয়েছে? নাকি পুরো ব্যাপারটাই মানুষের মনগড়া? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

জীবনযাপনের পরিবর্তন

আমাদের ওজন বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। এর মধ্যে রয়েছে জেনেটিক্স, জীবনধারা এবং হরমোনের পরিবর্তন ইত্যাদি। এসবের দ্বারা যে কারও ওজন প্রভাবিত হতে পারে। বিয়ের পরে মেয়েদের জীবনধারায় বেশি পরিবর্তন আসে। কারণ তারা চেনা পরিবেশ ছেড়ে নতুন এক পরিবেশে স্থায়ী হন। জীবনযাপনের এই পরিবর্তনের কারণে তার বড় প্রভাব পড়ে ওজনের ক্ষেত্রেও।

হরমোনের প্রভাব

বিয়ের পর নিয়মিত শারীরিক সম্পর্কের কারণে ইস্ট্রোজেন হরমোন বাড়ে। এই হরমোন খাদ্য থেকে চর্বি শোষণ হওয়ার পর তা শরীরে জমাতে থাকে। এ কারণে বিবাহিত নারী মোটা হয়ে যেতে পারে। তবে চিকিৎসকরা বিয়ের পরে মোটা হওয়ার কারণ হিসেবে কোনো ফিজিওলজিকাল কারণের উল্লেখ করেননি।

ওজন নিয়ে সচেতনতা কমে যাওয়া

বিয়ের আগে সব মেয়ের মধ্যেই নিজেকে ফিট রাখার এক ধরনের প্রচেষ্টা থাকে। সেই সময় তারা নিজের ওজন ধরে রাখতে নানাভাবে চেষ্টা করেন। কিন্তু বিয়ের পরে সেই আগ্রহেই ভাটা পড়ে। সব মেয়ের মধ্যেই এক ধরনের গা-ছাড়া ভাব চলে আসে। জীবনসঙ্গী খুঁজে পাওয়ার পর তারা নিজের চেহারা ও ফিটনেস নিয়ে ভাবা বন্ধ করে দেয় অনেক সময়। যে কারণে ওজন বেড়ে যায়।

নিশ্চিন্ত থাকার কারণে

বিয়ের পরে অনেক রকম দুশ্চিন্তা কমে যায়। মেয়েরা স্বামীর কাছে নিজেকে নিরাপদ মনে করে। যে কারণে মন ও শরীর প্রশান্তি পায়। এর ফলেও ওজন কিছুটা বাড়তে পারে। আবার বিয়ের পরপরই অনেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত থাকে। সেখানে ভালো ভালো খাবারের আয়োজন থাকে। সেসব খাবার খেয়েও ওজন কিছুটা বেড়ে যেতে পারে।

ঘুমে অনিয়ম

বিয়ের পরে নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে সব মেয়েরই। যে কারণে তার প্রভাব পড়ে ঘুমের ক্ষেত্রেও। নতুন জায়গায় ঘুমে অনিয়ম হতে পারে। আর অপরিমিত ঘুম ওজন বাড়িয়ে দিতে পারে, একথা জানা আছে নিশ্চয়ই।

বিয়ের আগে পাত্রীর কাছ থেকে যা জেনে নেওয়া জরুরি

বিয়ের আগে পাত্রীর কাছ থেকে যা জেনে নেওয়া জরুরি

ডেস্ক রিপোর্ট:

প্রেমের বিয়ে তো আর সবার ক্ষেত্রে হয় না। প্রস্তাবের বিয়েও অহরহ হচ্ছে। হয়তো দুই-একবার দেখা, পরিবারের সবার মতামত নিয়ে বিয়েতে ‘হ্যাঁ’ বলে দেওয়া। সারা জীবনের জন্য একজন সঙ্গী জুড়ে নিচ্ছেন, তার সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়াটা আপনার অধিকার। মানুষের মুখ দেখে তো আর সব বুঝে ফেলা সম্ভব নয়, তাই বিয়ের আগেই কিছু কথা জেনে নেওয়া জরুরি। এতে করে বিয়ের পরের জীবন তুলনামূলক সহজ হয়। বিয়ের আগে পাত্রীর কাছ থেকে জেনে নিন ৫টি বিষয়-

জোর করে বিয়ে দিচ্ছে কি না

এমনটা তো অনেকই হয়, পাত্রী রাজি না থাকলেও জোর করে বিয়ে দিয়ে দেয় পরিবার। হয়তো পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু বলতেও পারে না, কিন্তু বিয়ের পরে নিজেকেও মানিয়ে নিতে পারে না। ফলে অশান্তির মুখে পড়ে দু’টি জীবন। তখন সুখে সংসার করা হয়ে ওঠে না। তাই ভালো করে জেনে নিন যে এই বিয়েতে পাত্রীর মত রয়েছে না কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে।

তার আর্থিক চাহিদার কথা

সবার স্বপ্ন বা আকাঙ্ক্ষা একইরকম নয়। অনেকের চাহিদা থাকে স্বামীর কাছ থেকে অনেককিছু পাওয়ার। বিয়ের পরে কোনো কারণে তা না পেলে তখন বাড়ে সমস্যা। তাই আপনার আর্থিক সংগতি-অসংগতির কথা তাকে আগেই জানিয়ে দিন। এতে আপনার সামর্থ্য সম্পর্কে সে আগেই বুঝতে পারবে।

আপনাকে পছন্দ তো?

আপনাকে তার পছন্দ হয়েছে কি না সে সম্পর্কে জেনে নিতে হবে। যদি সরাসরি প্রশ্ন না করতে পারেন তবে বোঝার চেষ্টা করুন। তার আচরণের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনাকে তার আদৌ পছন্দ কি না। যদি পছন্দ না হয়ে থাকে তবে এই সমস্যা বিয়ের পরে আরও বাড়তে থাকবে। তখন সুখী হওয়া কঠিন হয়ে উঠবে।

প্রাক্তনের প্রতি দুর্বলতা আছে কি না

প্রাক্তন থাকাটা মোটেই অস্বাভাবিক নয়। তাই তার কাছ থেকে খুব ভদ্রভাবে জেনে নিতে পারেন যে তার কোনো প্রাক্তন আছে কি না। যদি থেকে থাকে তাহলে তার প্রতি এখনও কোনো দুর্বলতা আছে কি না। যদি এখনও সে প্রাক্তনকে ভুলতে না পারে তবে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বিয়ের পরেও। তাই আগেভাগেই জেনে নিন। এতে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

তার কোনো সমস্যা হবে কি না

আপনার সঙ্গে বিয়েতে সে রাজি কি না, আপনার সঙ্গে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হবে কি না তা নিয়ে তার সঙ্গে কথা বলুন। কারণ সে তার পরিচিত সবকিছু ছেড়ে আপনার কাছে আসবে, তাকে একটি সুস্থ পরিবেশ দেওয়া আপনার দায়িত্ব। তাই এসব বিষয়ে আগেভাগে কথা বলে নিন। এতে বিয়ে পরবর্তী জীবন সহজ হবে।

সঠিক সময়ে বিয়ে করলে নতুন দম্পতিরা পাবেন নগদ অর্থ

সঠিক সময়ে বিয়ে করলে নতুন দম্পতিরা পাবেন নগদ অর্থ

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীনের তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ উদ্বেগজনক হারে বাড়ছে। আর তাদের এমন অনাগ্রহের কারণে দেশটির জনসংখ্যাও কমছে আশঙ্কাজনক হারে। ফলে তরুণ বয়সেই বিয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশটির সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এবার চীনের পূর্বাঞ্চলের চ্যাংসান কাউন্টি ঘোষণা দিয়েছে, যদি কোনো তরুণ-তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ওই নববধূর বয়স ২৫ বছর বা তার কম হয় তাহলে নতুন দম্পতিকে নগদ ১ হাজার ইউয়ান পুরস্কার দেওয়া হবে।

চ্যাংসান কাউন্টির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘উপযুক্ত বয়সে বিয়ে’ এবং ‘গর্ভধারনের’ জন্য এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেসব দম্পতির সন্তান রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের বিশেষ সুযোগ-সুবিধাও রেখেছে তারা।

২০২২ সালে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের জনসংখ্যা কমে যেতে দেখা যায়। জন্মহার খুবই কম হওয়ায় দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেছে; অপরদিকে বেড়ে গেছে বয়স্কদের সংখ্যা। এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে চীন। এরপর জন্মহার বাড়াতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।

চীনের আইন অনুযায়ী দেশটিতে ছেলেদের বিয়ের বৈধ বয়স হলো ২২। অপরদিকে মেয়েদের বিয়ের বৈধ বয়স হলো ২০। তবে এ বয়সী তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের কোনো চিন্তাভাবনাই দেখা যায় না। আর এ বিষয়টি জন্মহারে ব্যাপক প্রভাব ফেলেছে।

২০২২ সালে চীনে মাত্র ৬০ লাখ ৮০ হাজার বিয়ে হয়। যা ১৯৮৬ সালের পর সর্বনিম্ন। ২০২১ সালে যে সংখ্যক বিয়ে হয়েছিল ২০২২ সালে সে তুলনায় ৮ লাখ কম বিয়ে হয়েছিল।

শিশু লালন-পালনের ব্যয় ও নানান কারণে চীনে অনেক নারী বিয়ের পরও সন্তান নিতে চান না।

সূত্র: রয়টার্স

অতিথিদের দেওয়া উপহার ভাগাভাগি নিয়ে ঝগড়া, বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ

 

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয় শুক্রবার বিকেলে। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ। এর মধ্যেই বিয়েতে অতিথিদের দেওয়া উপহারসামগ্রী ভাগাভাগি নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের গতকাল এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি বাধে। উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

কনের পরিবারের অভিযোগ, উপহারসামগ্রী নিয়ে যে শর্ত ছিল, বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ। বরপক্ষ ঠিক করেনি বলে এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে জানতে বরপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চায়নি। তবে বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয় পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।