Tag Archives: মির্জা আব্বাস

জাতিকে সুস্পষ্ট করে জানান

জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন করতে চান: মির্জা আব্বাস

জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন করতে চান: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ধরনের কৌশল বা ছলচাতুরির প্রয়োজন নেই, জাতিকে স্পষ্টভাবে জানান কবে নির্বাচন করতে চান। জাতি জানতে চায়, তাদের অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া হবে, আর তারা বসে বসে তামাশা দেখবে—এটা ভাবার কোনো কারণ নেই।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা ঘোলাটে, এবং তার ধারণা এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বর্তমান সরকার জাতির জন্য আশার আলো জ্বালাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে জাতি তার ওপর থেকে বিশ্বাস হারায়।

সরকারের বিরুদ্ধে সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সরকার দাবি করছে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তবে আমরা বলি আপনারা নিজেরা ক্ষমতায় থাকার জন্যই মরিয়া হয়ে আছেন।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, ‘জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না’। আমরাও বলছি, জাতিকে বিভক্ত করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

নাশকতা মামলায় মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিস আক্তার বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১ নভেম্বর মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০-৮০০ জনকে আসামি করা হয়। এ মামলায় মির্জা আব্বাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর গত ১ নভেম্বর এ মামলায় মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর বিকাল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং হত্যার উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা দেয় তারা। এ সময় আসামিরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়।

৫ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নূর ইসলাম।

অন্যদিকে, বিএনপিপন্থি আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০/৮০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন। মামলায় মির্জা আব্বাসকে প্রধান আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে তারা। এসময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

একদিকে বিজয় আনন্দ, আরেক দিকে খালেদা জিয়াকে নিয়ে উদ্বিগ্ন : মির্জা আব্বাস

একদিকে বিজয় আনন্দ, আরেক দিকে খালেদা জিয়াকে নিয়ে উদ্বিগ্ন : মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিজয় আনন্দ করছি।

আমার মনে হচ্ছিল ঈদের আগে চাঁদ রাত পালন করছি। একদিকে বিজয় আনন্দ, আরেক দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন।

তিনি জানান, খালেদা জিয়ার পক্ষে বারবার আবেদন করা হলেও সরকার থেকে বিদেশের চিকিৎসা দিতে সুযোগ দিচ্ছে না।

মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রোডমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস জানায়, আমি ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত অসুস্থ্য। আমি তখন ম্যাডামকে বলে এসেছি সারাদেশবাসী অত্যন্ত চিন্তিত। মানুষ আপনার জন্য দোয়া করছেন। সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো।

তিনি জানান,দেশের অর্থনীতির খুব খারাপ অবস্থা। বাংলাদেশে এখন ডলারের রিজার্ভ নেই বললেই চলে। অর্থনীতিবিদরা বলছেন, ২০০৯ সালে বাংলাদেশের ঋণ খেলাপি ছিল ২১ হাজার কোটি টাকা। আজকে বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ ১০৯ হাজার কোটি টাকা। এই টাকা কে খেল, এই টাকা আপনার টাকা, আমার টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা কোথায় গেল জনগণ জানতে চায়?

সরকার পতনের একদফা দাবিতে এবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি। ১৬০ কিলোমিটার দীর্ঘপথে মাগুরায় ২টি, যশোরে ৩টি ও খুলনার প্রবেশমুখে একটি পথসভা হবে। খুলনা শহরের শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি’র স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ দাবিতে ১৯শে সেপ্টেম্বর থেকে আগামী ৫ই অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট ও বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত চারটি রোডমার্চ করেছে তারা। এ ছাড়া রাজধানীতে একাধিক সমাবেশ করেছে তারা।

এদিকে আগামী ১লা অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩রা অক্টোবর ফরিদপুর বিভাগে ও ৫ই অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ অনুষ্ঠিত হবে।