Tag Archives: মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে এক শিশুসহ ৭ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনের পেছনে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দেয় শিয়ালটি। পরে শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এসময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।

এঘটনায় শিশুসহ ৭ জন আহতদের এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে শনিবার রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদেরকে বাড়িতে প্রেরণ করা হয় এবং পরবর্তী ভ্যাকসিন গুলো সময়মত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দিয়ে বাড়িতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

মুরাদনগরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৪৫টি বিদ্যালয় থেকে চাঁদা নেওয়ার অভিযোগ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৪৫টি বিদ্যালয় থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত এক সপ্তাহে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী অফিস কক্ষ সংস্কারের কথা বলে তার অধীনে থাকা ২টি ক্লাস্টারের ৪৫টি বিদ্যালয় থেকে ৫’শ টাকা করে চাঁদা নিয়েছেন। আর সেই চাঁদা সংগ্রহ করে দিয়েছে মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মীর।

জানা যায়, উপজেলার ২২টি ইউনিয়নে ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখান থেকে ৪টি ইউনিয়নের দুইটি ক্লাস্টারে ৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে আছেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী। গত এক সপ্তাহ আগে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মীর কে অফিস কক্ষ সংস্কারের বিষয়টি জানান। পরে শিক্ষক জাকির হোসেনের পরামর্শে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবীর অধীনে থাকা ২টি ক্লাস্টারের ৪৫ টি বিদ্যালয় থেকে ৫’শ টাকা করে মোট ২২ হাজার ৫’শ টাকা চাঁদা সংগ্রহ করা হয়।

পাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযুক্ত মোহাম্মদ জাকির হোসেন মীর কে মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান ৫’শ টাকা করে দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আগের স্যারেরাও অফিসের রুম সংস্কারের কথা বলে টাকা নিয়েছে এটা ভাই নতুন কিছু না। ঐদিনও হায়াতুন্নবী স্যার আমাদেরকে ডেকে উনার অফিস রুমটা দেখিয়ে বলল রুমটার অনেক দিক দিয়ে ফেটে গেছে কি করা যায়। তখন স্যারের মন রাখতে গিয়ে আমরা নিজেদের পকেট থেকে সবাই ৫’শ টাকা করে দিয়েছি।

ভাংগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মদ বলেন, আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে টাকাটা দিয়েছি বিদ্যালয়ের কোন ফান্ড থেকে না। আর এই টাকা আমাদের কাছ থেকে নিয়েছেন জাকির হোসেন মীর ও লুৎফুর রহমান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, সহকারী শিক্ষা অফিসার কে শিক্ষকরা তাদের নিজ পকেট থেকে টাকা দেয়া এবং জাকির হোসেন টাকা সংগ্রহ করে দেয়ার মূল কারণ হচ্ছে? বিদ্যালয় ফাঁকি দেয়া! টাকা দেয়ার ফলে শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় শিক্ষকরা বিভিন্ন অজুহাতে বিদ্যালয় ফাঁকি দিতে পারবে।

শিক্ষকদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী বলেন, শিক্ষকদের কাছে আমার কোন ডিমান্ড ছিল না। তারা গত বছরও অফিসের একটি রুম সংস্কার করে দিয়েছে। এইবার টিচাররা বলছে স্যার আপনাদের একটা রুম আমরা সংস্কার করে দেব। ওই হিসাবে টিচাররা করছে। আর রুম সংস্কারের কাজও আমি করিনি। সেটা টিচাররাই দপ্তরিদের মাধ্যমে করেছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি দেখেছি রুমের কিছু একটা কাজ করছে তারা। আমি ভেবেছি হয়তো হায়াতুন্নবী সাহেব তার নিজের টাকা দিয়েই কাজ করছে। শিক্ষকদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই। আর উনি টাকা চাইতে পারেন না, উনি কোনভাবেই টাকা কালেকশন করতে পারেন না। যদি এমন কিছু হয়ে থাকে অবশ্যই অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, টাকা দেয়া এবং নেয়া দুইটাই তো অপরাধ। এখানে শিক্ষকরা হয়তো টাকা দিয়েছে সুবিধা নেয়ার জন্য। আর কর্মকর্তা টাকা নিয়েছে সুবিধা দেয়ার জন্য। অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে সুদের টাকা পরিশোধ না করায় উলঙ্গ করে নির্যাতন, কৃষকের আত্মহত্যা

মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় হারুনুর রশিদ নামের এক কৃষককে উলঙ্গ করে নির্যাতন করেছে দুই নারী সুদ ব্যবসায়ী। এ অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে ওই কৃষক। এ ব্যাপারে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নিহতের স্ত্রী আছিয়া বেগম।

গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে নিজ বাড়ির পুকুর পাড়ের গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায, মুরাদনগর উপজেলার ধামঘড় ইউনিয়নের মইয়াকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে কৃষক হারুনুর রশিদ (৫০) একই গ্রামের মৃত শহীদ মিয়ার মেয়ে বিউটি আক্তার ও হিরন মিয়ার মেয়ে নাজমা বেগম এর কাছ থেকে ৭০ টাকা সুদে আনেন। সেই টাকার লভ্যাংশ প্রতিবছরে ২৬ হাজার টাকা পরিশোধ করতে না পারায় সোমবার রাতে কৃষক হারুনুর রশিদের নিজ ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় বিউটি ও নাজমা। পরে তার পরনের লুঙ্গি ও গেঞ্জি খুলে নির্যাতন চালায় তারা। এ সময় হারুনুর রশিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ফেলে রেখে চলে যায় তারা। সেই অপমান সইতে না পেরে পরদিন সকালে গলায় রশি দিয়া আত্মহত্যা করেন কৃষক হারুনুর রশিদ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হব।

মুরাদনগরে সিসা পোঁড়ানোর দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

শাহ ইমরান:

মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া, রামপুর, ইলিয়টগঞ্জ এলাকায় সিসা পোঁড়ানোর (পুরাতন ব্যাটারী) বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর ও মুরাদনগর উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

সিসা পোঁড়ানোর (পুরাতন ব্যাটারী) অপরাধে নিউ হাবিব এন্টারপ্রাইজ, বাবুটিপাড়া, রামপুর, ইলিয়টগঞ্জ, মুরাদনগর, কুমিল্লা নামক প্রতিষ্ঠান কর্তৃক এস.আর.ও- ৪৫ আইন/২০২১ মোতাবেক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করায় ২ লক্ষ টাকা ধার্য্য ও আদায় করা হয় এবং সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেছেন মুরাদনগর থানা পুলিশ।

মুরাদনগরে এবার দ্বিগুণহারে তোলা হচ্ছে জিবির টাকা, প্রতিবাদে অটোরিক্সা চালকদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধে ধর্মঘট পালন করেছে অটোরিক্সা চালকরা।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ের সামনে কয়েকশো অটোরিকশা চালক এই ধর্মঘট পালন করে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। তার এই ঘোষণার এক মাস না যেতেই, আবারো শুরু হয়েছে সেই চাঁদাবাজি। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে উপজেলা সদরের আল্লাহর চত্বর ও কোম্পানীগঞ্জ বাজার এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে জিবির টাকা। আর এই টাকা পরিশোধ করতে অনিহা প্রকাশ করলেই মারধরের শিকার হচ্ছে চালকরা।

অটোরিক্সা চালকরা জানায়, জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণার পর স্বস্তিতে থাকলেও বর্তমানে আবারও সেই চাঁদাবাজির আতঙ্কে দিশেহারা অটোরিক্সা চালকরা । এ বিষয়ে বিভিন্ন মহলে জানিয়ে কোন কাজ না হওয়ায় এই ধর্মঘট পালন করেছে তারা। তাদের দাবি সকল প্রকার জিবির নামে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি স্থানীয় এমপির ঘোষণা উপেক্ষা করে যারা দ্বিগুণ হারে জিবির টাকা আদায় করছে, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করে নি। খবর নিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায় নি।

মুরাদনগরে সাংবাদিকের অফিস ভাংচুর, মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে দৈনিক মানবকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি ও মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত অফিস ও অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল মুরাদনগর লাইভ.টিভির স্টুডিওতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মোবাইল ফোনের পাশাপাশি একটি চিরকুটে লিখে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ওই সাংবাদিককে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের পশু হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ জানান, আমি আমার ব্যক্তিগত কাজে গত দুইদিন ঢাকায় অবস্থান করছিলাম। শুক্রবার সকাল ১১ টায় জানতে পারি আমার অফিসে ও মুরাদনগর লাইভ.টিভির স্টুডিওতে অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী তালা ভেঙে সেখানে থাকা আসবাবপত্র ভাঙচুর করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমি ঢাকা থেকে এসে মুরাদনগর থানা পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করেন মুরাদনগর থানার এসআই ওমর। যেখানে আমার প্রাণনাশের হুমকির বিষয়ে লেখা ছিল। পাশাপাশি বেলা ৩টা ২২ মিনিটের সময় আমার মোবাইল ফোনে অচেনা একটি নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, বিষয়টি জানতে পেরে আমি সাথে সাথে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে কুপিয়ে আহতের ২০দিন পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে
আহত করার ২০দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছে। মঙ্গলবার
ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি
মৃত্যুবরন করেন। নিহত সুমি বেগম(৪১) দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।

একাধিক সুত্রে অর্থের বিনিময়ে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে
বলে নিশ্চিত করলেও হামলার তিন সপ্তাহে পেছনের মূলহোতা এবং এরসাথে জড়িত
আর কাউকে গ্রেফতার বা হামলার রহস্য উদঘাটন করেত পারেনি পুলিশ। এই নিয়ে
জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা যায়, গত (০৮ই নভেম্বর) বুধবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের
রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় সুমি বেগম নামের এক দুবাই প্রবাসীর
স্ত্রীকে বাসায় ডুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে
সন্ত্রাসীরা।

এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের
বিভিন্নস্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে
প্রেরণ করেন। সুমি বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন। এঘটনায় হামলাকারীদের একজন রহিমপুর গ্রামের মৃত আলী আজগর
ভান্ডারীর ছেলে জাবেদ (৩১)কে আটক ও হামলায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধারসহ
তাকে কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। ভিকটিম সুমি বেগম বাদী
হয়ে থানায় মামলা দায়ের করে ছিলেন।

এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুমি
বেগমের মৃত্যুর খবর পেয়ে সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে। দ্রুত
রহস্য উদঘাটন করা হবে এবং ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাষ বলেন, টাকার বিনিময়ে
হামলার ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা
হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

মুরাদনগর উপজেলায় ১৮ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্কুল, কলেজ, ক্লিনিক, গ্যাস ক‚পসহ ১৮টি প্রকল্প ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪টি জেলার মতো কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নজরুল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা যুক্ত
ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র দর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিনচৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী প্রমূখ।

মুরাদনগর উপজেলায় উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হলো, শ্রীকাইল গ্যাস ক‚প ১টি, নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয়, নবনির্মিত ১টি উ”চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ১টি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১টি, কমিউনিটি ক্লিনিক ১টি এবং ভূমিহীন-গৃহহী ৬০ জন পরিবারের মাঝে ঘর প্রধান।

মুরাদনগরে গোমতী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটা চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিরাকান্দা গ্রামের গোমতী নদীর চরের অংশে এই অভিযান পরিচালনা করেছেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, একটি চক্র কিছু দিন থেকে মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরের বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মাটি কাটছে এমন অভিযোগে বৃৃহস্পতিবার বিকেলে হিরারকান্দা অংশে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওই ব্যবসায়ী এমন কর্মকান্ড পুনরায় করবেনা না মর্মে প্রশাসনের নিকট মুচলেকা প্রদান করেন।

কুবির মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে জাহিদ- রায়হান

কুবির মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে জাহিদ- রায়হান

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সদ্য সাবেক সভাপতি আব্দুস শাকুর ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক বরকত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: রায়হান সরকার।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, তারিকুল ইসলাম, রাসেল চৌধুরী, সাইফুল ইসলাম, উম্মে হানি জারকা, সোহানুল ইসলাম (শাওন), নাসিফ মোহাইমেন ও মোজাম্মেল হক।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মো: সাইদুল হাসান, মেশকাত শরীফ, সাইফুল ইসলাম, ফাহিমা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, আরিফুল ইসলাম সোহান ও সাবিনা ভুঁইয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, নুসরাত জাহান মাহমিদা, রাসেল সরকার, হাতেম ভুঁইয়া, জিহাদ হাসান রিজন, দুরডানা ইসলাম ও আশরাফুল ইসলাম।

অর্থ সম্পাদক নাঈম সরকার, উপ অর্থ সম্পাদক নুসরাত জাহান সরকার, দপ্তর সম্পাদক মাহবুব আলম, উপ দপ্তর সম্পাদক সায়মা আক্তার সুরমি, প্রচার সম্পাদক ইব্রাহীম ভুঁইয়া, উপ প্রচার সম্পাদক মারজান মিতু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: রাসেল, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজমুন নাহার, ছাত্রী বিষয়ক সম্পাদক শায়লা ইসতারা উর্মি ও উপ ছাত্রী বিষয়ক সম্পাদক মুনিয়া আফরোজ। আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপ আইন বিষয়ক সম্পাদক শ্রাবন্তি দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক তানজিনা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইফ ইসলাম, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক সানিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুন ও উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোনিয়া ইসলাম।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, হাজেরা আক্তার, রুবাইয়া প্রমি, শামছিয়ারা আক্তার খুশি, শায়ের সাব্বির, তানভীর হাসান, নূর মোহাম্মদ পরশ মনি, ইমরান মুন্সি, আসিফ সিকদার, সামিয়া আলম, নাফিসা তাবাসসুম, তাছনুভা নওশীন খান ও আবদুল্লাহ আল নোমান।

উল্লেখ্য নতুন কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।