Tag Archives: ধর্মঘট

মুরাদনগরে এবার দ্বিগুণহারে তোলা হচ্ছে জিবির টাকা, প্রতিবাদে অটোরিক্সা চালকদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধে ধর্মঘট পালন করেছে অটোরিক্সা চালকরা।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ের সামনে কয়েকশো অটোরিকশা চালক এই ধর্মঘট পালন করে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। তার এই ঘোষণার এক মাস না যেতেই, আবারো শুরু হয়েছে সেই চাঁদাবাজি। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে উপজেলা সদরের আল্লাহর চত্বর ও কোম্পানীগঞ্জ বাজার এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে জিবির টাকা। আর এই টাকা পরিশোধ করতে অনিহা প্রকাশ করলেই মারধরের শিকার হচ্ছে চালকরা।

অটোরিক্সা চালকরা জানায়, জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণার পর স্বস্তিতে থাকলেও বর্তমানে আবারও সেই চাঁদাবাজির আতঙ্কে দিশেহারা অটোরিক্সা চালকরা । এ বিষয়ে বিভিন্ন মহলে জানিয়ে কোন কাজ না হওয়ায় এই ধর্মঘট পালন করেছে তারা। তাদের দাবি সকল প্রকার জিবির নামে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি স্থানীয় এমপির ঘোষণা উপেক্ষা করে যারা দ্বিগুণ হারে জিবির টাকা আদায় করছে, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করে নি। খবর নিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায় নি।

জার্মানিতে বেতন বাড়ানোর দাবিতে ট্রেনচালকদের ধর্মঘট

ডেস্ক রিপোর্ট:

জার্মানিতে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট ডেকেছে দেশটির ট্রেন চালকদের সংগঠন জিডিএল। মূল্যস্ফীতির কারণে প্রাপ্ত এককালীন তিন হাজার ইউরোর বাইরে এই দাবি করেছেন তারা।

এছাড়া বেতন না কমিয়ে সাপ্তাহিক কাজের সময় ৩৮ থেকে কমিয়ে ৩৫ ঘণ্টা করারও দাবি জানিয়েছে জিডিএল।

জার্মানির ট্রেন সংস্থা ডয়চে বান বা ডিবি বেতন ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ডিবি ও জিডিএল-এর মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মঘট প্রত্যাহার না করায় আলোচনা বাতিল করে দেয় ডিবি।

ধর্মঘটের কারণে যাত্রীদের যাত্রা স্থগিত করার আহ্বান জানিয়েছেন ডিবির মুখপাত্র আখিম স্টাউস। তিনি বলেন, ‘২০টির কম আইসিই ও আইসি ট্রেন চলতে পারে’। আইসিই ও আইসি হচ্ছে জার্মানির দ্রুতগতির ট্রেন।

আঞ্চলিক ট্রেন চলাচলের উপর ধর্মঘটের প্রভাব অঞ্চলভেদে ভিন্নভাবে পড়েছে। কিছু রাজ্যে আঞ্চলিক ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।