Tag Archives: বিষপান

মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা!

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে মানসিক যন্ত্রণা ও অভাবের তাড়নায় বিষ পান করে মা তাঁর মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার দিবা গত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই নারী আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) ও তাঁর মেয়ে রোকাইয়া (৫)। ঘটনার সময় মা ও মেয়ে ছাড়া তাদের ঘরে আর কেউ ছিলনা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগমের প্রথম বিয়ের পর বেশিদিন তার সংসার টেকেনি। পরবর্তীতে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। তার কিছুদিন পরই খাদিজা বেগমের স্বামী হুমায়ুন কবির মারা যান। তারপর থেকে আলীপুর গ্রামে বাবার বাড়িতেই থাকতেন খাদিজা বেগম।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা। বুধবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে খাদিজা বেগম ও তার মেয়ে রোকাইয়া বিষ পান করেন। এক পর্যায়ে মেয়ে রোকাইয়া কান্নাকাটি শুরু করলে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম ঘরের দরজা খুলে দেখে মেয়ে ও নাতনি বিষ পান করেছে। এ সময় তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুজনেই মৃত্যুবরণ করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতা ও অভাব অনটনের কারণেই আত্মহত্যা করে থাকতে পারে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মৃত্যু হওয়ার কারণে ময়নাতদন্তের বিষয়টি মুরাদনগর থানা পুলিশ দেখছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান, লাশ দু’টির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানা কে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে।

দাউদকান্দিতে চুরির অপবাদ দেয়ায় যুবকের বিষপান

স্টাফ রিপোর্টার:

চেইন চুরির অপবাদ সইতে না পেরে আব্দুল হাকিম (২৫) নামে এক যুবক বিষপান করেছেন। শনিবার রাতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করা হয়। হাকিম উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের মৃত কবির হোসেনের ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১২ নভেম্বর দশপাড়া গ্রামের রবি মিয়ার ঘর থেকে তার মেয়ের একটি স্বর্ণের চেইন চুরি হয়। পরদিন সেই চুরির অপবাদ দিয়ে হাকিমকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করেছেন বলে তাঁর মা রেজিয়া বেগম জানান।

তিনি মুঠোফোনে বলেন, পাশের বাড়ীর রবি, বারেকসহ ৪-৫ জন লোক ঘর থেকে হাকিমকে ধরে নিয়ে রাস্তায় মারধর শুরু করে। ছেলের চিৎকার শুনে আমি দৌড়ে গেলে আমাকেও মারধর করে। পরে ছেলেকে বেধে রেখে আরো মারার ভয় দেখিয়ে আমার সামনেই মোবাইলে স্বীকারোক্তিমূলক কথা রেকর্ড করেন। পরে ১০ দিনের মধ্যে চেইনের সমপরিমান টাকা দেয়ার কথা বলে ছেড়ে দেয়। শনিবার টাকার জন্য বাড়ীতে হুমকি দেয়। এরপর আমার ছেলে বিষ খায়। এখন ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেল আছি, আল্লাহ আমার ছেলেকে যেন বাচিয়ে দেয় আর তাদের বিচার আল্লার কাছে দিলাম।

এদিকে রবি মিয়া বলেন, আমার মেয়ে ঘুমিয়ে ছিল, হাকিম জানালা দিয়ে মেয়ের গলার চেইনটি নিয়ে যায়। এজন্য তাকে বাড়ী থেকে ডেকে বারেক মিয়াসহ এলাকার লোকজনের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোন মারধর করা হয়নি। এঘটনা এরাকার মেম্বার বা চেয়ারম্যানকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা একই বাড়ীর তাই কাউকে জানাইনি।

সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রতিবেশী বাবুল মিয়া বলেন, বিষ খাওয়ার পরে ঘটনাটি শুনেছি। হাকিম চুরি করে থাকলে তাকে পুলিশে দিত, কিন্তু এভাবে মারধর করা ঠিক হয়নি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, যদিও হাকিম আগে চুরির অভিযোগে জেল খেটেছে, তারপরও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেনা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নামাজের জন্য শাসন করায় মুয়াজ্জিন কন্যার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে নামাজ না পড়ায় মৌখিকভাবে শাসন করেন মেয়াজ্জিন বাবা। আর এতে অভিমান করে ইঁদুর মারার বিষপান করে আত্মহত্যা করেছেন পনেরো বছর বয়সী কিশোরী কন্যা সুমাইয়া। সে পৌর শহরের থানা জামে মসজিদের মোয়াজ্জিন আতিকের কন্যা।

সোমবার রাত সাড়ে আটটার দিকে বিষপান করলে রাত দশটার দিকে সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের একটি ক্বওমী মাদরাসায় পড়াশোনা করতো থানা মসজিদের মোয়াজ্জিনের কিশোরী কন্যা সুমাইয়া। সোমবার নামাজ না পড়ার জন্য তার বাবা তাকে মৌখিকভাবে শাসন করেন। এতে সে অভিমান করে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘরে রাখা ইঁদুর মারার বিষ পান করে। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। এসময় চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে সে মারা যায়।

আরো জানা যায়, ওই কিশোরীর সহোদর আরেক এক ভাই একইভাবে বিষপানে আত্মহত্যা করেছে। গত কয়েক মাস আগে তার মা স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এমতাবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই পরিবারটি।

নালিতাবড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন প্রকার আপত্তি না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।