Tag Archives: শুরু হচ্ছে

এ বছর থেকেই শুরু হচ্ছে

এ বছর থেকেই শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

এ বছর থেকেই শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

ডেস্ক রিপোর্ট:

এ বছর থেকে এমপিওভুক্ত স্কুল-কলেজের সব শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটি স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। ইতোমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি। এটা ছিল একটা চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদি কিছু ক্ষতি হয়েছে। এটি জনমিতির সুবিধার ক্ষেত্রে। জনসংখ্যার বয়স কাঠামো মাঝামাঝি সময় চলছে। ১০ বছর পর জনসংখ্যার এই বয়সটা আর থাকবে না। কারণ সবার বয়স বাড়বে। তখন চিকিৎসা খরচ আরও বাড়বে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি, তাহলে এ ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব। এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটি। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা রচনা করা।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রপ্তানি গতি ফিরে এসেছে। রেমিট্যান্স আগের থেকে বাড়ছে, যা আশার কথা। মূল্যস্ফীতি সবাই বলছেন কিছুটা কমেছে, তবে এটিকে কম বলা যাবে না। মূল্যস্ফীতি এখনও বাড়তেই আছে। এর ফলে দিনমজুরদের ওপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপের মধ্যে আছে। ২০১০ সাল থেকে কোনো বছরই মার্চের আগে বই যায়নি। কিছু কিছু বছর বই গেছে জুন-জুলাইতে। এবার খুব দ্রুত সময়ের মধ্যে বই দেওয়া হয়েছে। ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, কিন্তু সেটি নিয়ে কোনো সম্পাদকীয় বা উপসম্পাদকীয় প্রকাশ হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক খবর হয়েছে। আমরা বলেছি ভুল ভ্রান্তি হতে পারে, সেগুলো সংশোধন করা হবে।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা একটি পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করেছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত প্রয়োজন। তবে ডেল্টা প্ল্যান তার জায়গায় থাকবে। এটি শত বছরের পরিকল্পনা। কিন্তু কোনো বিশেষজ্ঞই বলতে পারবে না শত বছরে বাংলাদেশের অবস্থা কী হবে। তাই মধ্যমেয়াদি পরিকল্পনা দরকার।’

মঙ্গলবার থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু

শিক্ষা ডেস্ক:

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরু হচ্ছে। পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

আগামী মঙ্গলবার থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে। স্ব স্ব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে প্রবেশপত্র বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড।

আজ শুক্রবার ঢাকা শিক্ষাবোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার (৮ ও ৯ আগস্ট) এইচএসসির প্রবেশপত্র বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের কাছে বিতরণ করা হবে। ইতিমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

আগামী মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর বুধবার (৯ আগস্ট) টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।

নির্ধারিত দিনে অফিস সময়ে বোর্ড থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের। তবে শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে প্রবেশপত্র দেওয়া হবে না। আর প্রবেশপত্রে ভুল থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে তা সংশোধন করা যাবে।