Tag Archives: সমাবেশের অনুমতি

সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি

ডেস্ক রিপোর্ট:

অবশেষে আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও বিএনপিকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে। আর জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাতে জানান, কয়েকটি শর্তসাপেক্ষে বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর সরকার পতনের একদফা দাবিতে ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের দিয়েছিল বিএনপি। এরপর আওয়ামী লীগও একই দিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দেয়।

বিএনপি ২১ অক্টোবর পুলিশকে চিঠি দিয়ে নয়াপল্টনে মহাসমাবেশ করার কথা জানায়। এর প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে ২৬ অক্টোবর বিএনপিকে চিঠি দিয়ে মহাসমাবেশের জন্য দুটি বিকল্প জায়গা ঠিক করাসহ ৭টি বিষয় জানতে চাওয়া হয়। এর জবাবে ওই দিনই বিএনপি পুলিশকে জানায়, তারা সমাবেশ নয়াপল্টনেই করবে।

অন্যদিকে আওয়ামী লীগও তাদের সমাবেশের কথা পুলিশকে জানায়। এর প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে ২৬ অক্টোবর আওয়ামী লীগকে চিঠি দিয়ে সমাবেশের জন্য দুটি বিকল্প জায়গা ঠিক করাসহ ৭টি বিষয় জানতে চাওয়া হয়। এর জবাবে ওই দিনই আওয়ামী লীগ পুলিশকে জানায়, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই শান্তি সমাবেশ করবে তারা।

মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে দুদলের একই দিনে বড় সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হয়েছে দুদলের পক্ষ থেকেই। ফলে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

অন্যদিকে একই দিন (২৪ অক্টোবর) রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার রাতে ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল, জামায়াতকে অনুমতি দেওয়া হবে না। আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিল পুলিশ।

তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান অনুমতি না পেলেও মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন।

দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হবে: ডিবিপ্রধান

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই মহাসমাবেশের অনুমতি পাবে। তবে এখনো স্থান নির্ধারণ হয়নি।

শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। আমার ধারণা তারা অনুমতি পাবে। তবে, স্থানের বিষয়ে এখন বলা যাচ্ছে না। স্থানের বিষয়টি খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

হারুন অর রশীদ বলেন, শনিবার রাজনৈতিক দলগুলোর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে লাখ লাখ মানুষের জমায়েত হবে। এ কারণে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক টিম ঘুরে ঘুরে দেখছে। ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশের টহল টিম।

জামায়াত ইসলামী সমাবেশের ডাক দিয়েছে। তারা যদি সমাবেশ করে তবে পুলিশের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন যদি না থাকে গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের কথা বললেই তাদের সমাবেশ করতে দেওয়া হবে না। কাকে কোথায় দিতে হবে সেটি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিচার-বিশ্লেষণ করে দেখবেন। ঢাকা শহরের নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখেই সমাবেশের অনুমতি দেওয়া হবে।

নাশকতার কোনো আশঙ্কা আছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান জানান, ঝুঁকির কথা বিবেচনা করেই থানা পুলিশ, ডিবি পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। লাখ লাখ মানুষ ঢাকায় ঢুকবে, এরমধ্যে তৃতীয় কোনো লোক অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এজন্য আমাদের টহল দল কাজ করছে। বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে।

ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের বিষয়ে তিনি জানায়, এটি আমাদের রুটিন ওয়ার্ক। আগামীকাল মহাসমাবেশ বলে মনে হচ্ছে এরেস্ট হচ্ছে। তবে তা নয়, সবসময়ই এ ধরনের এরেস্ট হয়। যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাকে আমরা আজকেও গ্রেফতার করবো, কালকেও করবো, ভবিষ্যতেও করবো।

নৈরাজ্য করবে না‌ ওয়াদা করলে সমাবেশের অনুমতি মিলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নৈরাজ্য করবে না‌ ওয়াদা করলে সমাবেশের অনুমতি মিলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে না- এরকম ওয়াদা দিলে তাদের পারমিশন (অনুমতি) মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার মগবাজার মধুবাগে‌ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।‌

স্বরাষ্ট্রমন্ত্রী জানায়,‌ পুলিশ কমিশনার তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে অনুমতি দেবেন বলে আমি মনে করি। ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, তাদের সমাবেশের অনুমতি মিলবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে। তাদের শাসনামলে জঙ্গি সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল। এদেশের মানুষ কখনোই সন্ত্রাস জঙ্গিবাদ পছন্দ করে না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়, তারা আর পেছনে ফিরে যেতে চায় না; এদেশের মানুষ যেহেতু একবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ওপর আর কখনো আস্থা এবং বিশ্বাস রাখবে না। ‌

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি রুখে দিতে নানান ধরনের ষড়যন্ত্র করছে। তারা কখনো সমাবেশ দিচ্ছে,‌ কখনো ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি দিচ্ছে। তাদের কোনো আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। জনগণ যদি চায় তবে তারা আবার ক্ষমতা আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে। সেটা না করে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে। জনগণের কাছে মাফ চেয়ে যদি ভোটে ক্ষমতায় আসতে পারে তবে আমার আনন্দে ক্ষমতা ছেড়ে দেবো, ২০০১ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছিলেন।

‘কিন্তু সেটা না‌ করে আপনারা হরতাল-অবরোধ দেবেন, ঢাকা অচল করে দেবেন। ঢাকা অচল করে দিলে সেখানে হাজার হাজার মানুষ দেশের বাইরে যায়, অসুস্থ রোগী ঢাকায় আসে নানান ধরনের কর্মকাণ্ড ঢাকায় হয়ে থাকে। তাই জনগণের জান মাল নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও কর্তব্য আছে তারা সেই দায়িত্ব পালন করবেন।’

৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৈমূর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী সেলিম রেজা, উত্তর সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী ‌ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব প্রমুখ।