Tag Archives: সাহায্যের আবেদন

চৌদ্দগ্রামের প্রতিবন্ধী ছেনোয়ারা বেগমের করুণ কাহিনী, সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টারঃ

ছেনোয়ারা বেগম একজন স্বামী পরিত্যক্তা শারিরীক প্রতিবন্ধী বৃদ্ধা। তিনি স্বাভাবিকভাবে হাঁটতে-চলতে পারেন না। সম্পূর্ণ হামাগুড়ি দিয়ে চলাচল করেন। তার এক মেয়ে রংপুরে স্বামীর বাড়িতে থাকেন। ছেনোয়ারা বেগমকে দেখার কেউ নেই। তার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। থাকেন টিনসেডের ভাঙা একটি ঘরে। নেই জিনিসপত্র রাখার আলমিরাসহ প্রয়োজনীয় আসবাবপত্র। একটি চৌকি আছে, তাও আবার থাকার উপযুক্ত নয়। ওই ঘরে নেই বিদ্যুৎ সংযোগ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রতিবন্ধী ছেনোয়ারা বেগম হামাগুড়ি দিয়ে গোসলখানায় গিয়ে গোসল ও অযু করছেন। বেশির ভাগ সময় তিনি না খেয়ে থাকেন। দিনের পর দিন শুধু পানি পান করে বেঁচে আছেন। গলায় আধা কেজি ওজনের একটি টিউমার থাকায় তিনি ভাতও খেতে পারেন না। টিউমারটি চিকিৎসা করানোর সাধ্য নেই তার। পাশেই তার আপন ভাইয়ের ঘর থাকলেও কেউ খোঁজ রাখে না। মাঝে মধ্যে ‘ভালোবাসার দূর্গাপুর গ্রুপ’ নামের সামাজিক সংগঠন থেকে কিছু কিছু অনুদান দেয়া হয়। এছাড়াও সরকারিভাবে যে প্রতিবন্ধী ভাতা দেয়া হয় তাও অপ্রতুল।

মুজিব বর্ষে সরকার গৃহহীনদের ঘর দিলেও ছেনোয়ারা বেগমের ভাগ্যে জুটেনি একটি ঘর। কান্নাজড়িত কণ্ঠে ছেনোয়ারা বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুজিবুল হক এমপি একটু খোঁজ নিলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে প্রতিবন্ধী ছেনোয়ারা বেগমকে সাহায্য করার জন্য সরকারি-বেসরকারি সংস্থা সহ সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা। তাকে সহযোগিতা ও পরামর্শের জন্য ০১৮৪২-০৬১৯৮৯ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ভালোবাসার দূর্গাপুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মানবিক সমাজ সেবক গাজী রুবেল।

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার মেয়ে সানজিদা, সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার:

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু সানজিদা আক্তার ডলি বাঁচতে চায়। মাত্র ১৪ বছর বয়সী শিশু সানজিদার যখন মাঠে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে বিছানায় শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে।

সানজিদা কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ  ইউনিয়নের বিছনাখোলা গ্রামের হতদরিদ্র কৃষক শাহজাহান মিয়ার দ্বিতীয় মেয়ে। সে উপজেলার প্রেমনল উচ্চ বিদ্যালেয়র অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

গত কয়েকদিন আগে সানজিদা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বাবা শাহজাহান। সেখানে ভর্তি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর সানজিদার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আর ওই পর্যন্ত চিকিৎসা খরচ যোগান দিতেই সর্বস্বান্ত পিতা শাহজাহান।

এখন অনেক কষ্টেও সানজিদার চিকিৎসা ব্যয় বহন করা তাদের দুঃসাধ্য হয়ে পড়েছে। পরিক্ষা নিরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বললেও আর্থিক সংকটে থাকায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায় তার পরিবার। বর্তমানে সে বাড়িতে রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাকে দীর্ঘ মেয়াদি চিকিৎসা নিতে হবে। এর মধ্যে রয়েছে কেমোথেরাপি, হিমোগ্লোবিন ও দামি ইনজেকশন। এতে খরচ হবে প্রায় ১০ লাখ টাকা, যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে জোগাড় করা অসম্ভব।

চিকিৎসকের বরাত দিয়ে সানজিদার বাবা শাহজাহান মিয়া জানান, ডাক্তার বলেছেন, “আমার মেয়ের অসুস্থতা এখন যে পর্যায়ে রয়েছে তা থেকে ভালো হওয়া সম্ভব। তাকে পুরোপুরি সুস্থ করতে যে চিকিৎসা দিতে হবে তাতে প্রায় ১০ লাখ টাকা উপরে খরচ হবে।

তিনি বলেন, আমি একজন কৃষক মানুষ। এত টাকা আমার পক্ষে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব নয়।
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।

এছাড়াও সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তবে আমার অবুঝ মেয়েটিকে বাঁচানো সম্ভব”।

সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন সানজিদা’র বড় বোন: ০১৩২২২৪৩২৪৭
সানজিদার বাবা: ০১৭৪৩৮৯৪৭৯৫ (বিকাশ পার্সোনাল)