Tag Archives: সৌদি

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

ডেস্ক রিপোর্ট:

আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। একই সময়ে সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১০ হাজার ৩১৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সাত দিনের অভিযানে ১৯ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ৭৮৭ জন, নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩৮০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ২৫১ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সৌদি আরবে বর্তমানে ৩০ হাজার ২৬১ জন পুরুষ এবং ৩ হাজার ৩১৫ জন নারীসহ মোট ৩৩ হাজার ৫৭৬ জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনকে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩ হাজার ৮৬৯ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ১০ হাজার ৩১৯ জনকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আসাদ উল্লাহ (২৫) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে সৌদি আরবের সময় রাত ১টা ও বাংলাদেশের সময় রাত ৩টায় ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আসাদ উল্লাহ ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের সুলতান আহমেদ মেম্বারের বাড়ির মো. আবদুল হান্নান সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ উল্লাহ পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে গত তিন মাস পূর্বে সৌদি আরবে যান। সৌদির রিয়াদে তিনি একটি ফুড কর্নারে পার্সেল ডেলিভারি ম্যানের কাজ করতেন।

গত সোমবার রাতে মোটরসাইকেলে করে পার্সেল ডেলিভারি দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন আসাদ উল্লাহ। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে তিনি মারা যান।

নিহতের পিতা আবদুল হান্নান সরকার জানান, মঙ্গলবার সকালে আমরা জানতে পারি মো. আসাদ উল্লাহ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন পর্যন্ত এর বেশি তথ্য আমাদের জানা নেই।

আসাদ উল্লাহর মা বলেন, আমার কলিজার টুকরা ধন না জানি কতো কষ্ট পেয়ে মারা গেছে। আমার মানিকরে আমি দেখতে পারলাম না। তোমরা আমার মানিকরে আইন্না দেও। শেষবারের মতো আমার ছেলের মুখখানা একনজর জন্য দেখতে চাই।

৪৯,৬৭৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালনে এখন পর্যন্ত (২৯ মে রাত ২টা ৩০ মিনিট) সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন হজযাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৯২৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত পরিচালিত মোট ১২৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি, সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত আট জন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ গত রোববার ও সোমবার দুই জন মক্কায় মারা যান। মারা যাওয়া আট জনের মধ্যে মক্কায় ছয় জন এবং মদিনায় দুই জন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। যার মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যেতে পারবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

সৌদিতে বিভিন্ন অঞ্চলে অভিযান, ৭ দিনে গ্রেপ্তার ১৭ হাজার অভিবাসী

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৭ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ হাজার ৮৯৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৩৩ জনকে আবাসন আইন, ৩ হাজার ৪৯৩ জনকে সীমান্ত নিরাপত্তা বিধি এবং ২ হাজার ৩৭৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অন্য দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপিয়ান ও ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে সৌদি আরব থেকে পালিয়ে অন্য দেশের যাওয়ার চেষ্টা করার সময় আরও ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বর্তমানে সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ৫২ হাজারের বেশি অভিবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। তাদের মধ্যে ৪৬ হাজার ৪৩১ জন পুরুষ এবং প্রায় ৬ হাজার নারী রয়েছেন। এদের মধ্যে অনেককে বৈধ কাগজপত্র জোগাড় করতে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। অনেককে আবার নিজ দেশেও ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা সৌদি যুবরাজের

ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা সৌদি যুবরাজের

ডেস্ক রিপোর্ট:

হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসময় তিনি বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে সৌদি আরব।

মোহাম্মদ বিন সালমানের অফিস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে যুবরাজ বলেছেন, চলমান উত্তেজনা থামাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সব পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে সৌদি আরব।

এতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়, একটি মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা, তাদের আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করায় এবং একটি ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে সৌদি আরব।

এসময় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে সৌদি আরবের দৃঢ় অবস্থান ও প্রচেষ্টার প্রশংসা করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানান।

এর আগে, ইসরায়েল-ফিলিস্তিন সাম্প্রতিক সংঘাতে ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি দিয়েছে কাতার, ইরান, চীনের মতো দেশগুলো।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে চলমান সহিংসতা ও উত্তেজনার জন্য ইসরায়েল একাই দায়ী।

ইসরায়েলে হামাসের সশস্ত্র হামলায় সমর্থন দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। এই হামলায় তেহরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে পশ্চিমারা। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে এশীয় পরাশক্তি চীন। ইসরায়েলে-ফিলিস্তিন সংঘাত বন্ধে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান বলে উল্লেখ করেছে বেইজিং।

পবিত্র কাবায় মুষলধারে স্বস্তির বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনকারী মুসল্লিরা স্বস্তির বৃষ্টি উপভোগ করলেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার পবিত্র মক্কা শহরে মুষলধারে বৃষ্টি নেমেছে।

এই নিয়ে মক্কার আঞ্চলিক কার্যালয়ের টুইটার পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির মুহূর্তে মুসল্লিরা তাওয়াফ করছেন, অনেকে কাবা প্রদক্ষিণ করছেন এবং কেউ কেউ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে কাবার সামনে নামাজ ও দোয়া আদায় করছেন।

ভারী বৃষ্টির মুহূর্তে সেখানে নিয়োজিত নিরাপত্তা ও জরুরি সংস্থার কর্মকর্তা এমন আবহাওয়ায় কোনো অঘটন যেন না ঘটে তা নিশ্চিত করেছেন।

যেকোনো সময়ের চেয়ে রমজান মাসে ওমরাহকারীর সংখ্যা বেড়ে যায়। এ বছরে সৌদি আরবে পবিত্র মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ এবং তা শেষ হবে আগামী ২১ এপ্রিল।