Tag Archives: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

‘সবাই সচেতন না হলে পরিস্থিতি সামলানো মুশকিল হতে পারে’

স্বাস্থ্য ডেস্কঃ

করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে দেশবাসীকে আরও সতর্ক হতে এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘গত মাসে সংক্রমণের হার ছিল মাত্র দুই শতাংশ। সেটি এখন হয়ে গেছে ১৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনার বেড সংখ্যা আবার বাড়ানো হচ্ছে। নতুন করে আরও অন্তত পাঁচটি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করা হয়েছে। তবে দেশের মানুষ যদি মুখে মাস্ক না পরেন, স্বাস্থ্যবিধি না মেনে চলেন, তাহলে করোনা পরিস্থিতি ভবিষ্যতে সামলানো মুশকিল হতে পারে।’

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রোগের উৎপত্তি কমাতে হবে। কারণ, রোগী যে হারে আসছে, এভাবে চলতে থাকলে এই ব্যবস্থায় কুলাবে না। দেশকে রক্ষা করতে হলে, অর্থনীতিকে রক্ষা করতে হলে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতেই হবে। বেশি ঘোরাঘুরি কমিয়ে ফেলতে হবে। হাসপাতালে যেসব রোগী এসেছে, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়েছিল।’

তিনি বলেন, ‘যেসব জায়গার কারণে রোগী বাড়ছে, সংক্রমণ বাড়ছে, ওই জায়গাগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি মনে করি সংক্রমণের হার কমে যাবে। রোগী বাড়বে না। কাজেই উৎপত্তিস্থলগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর আমরা অন্য কিছু চিন্তা করবো পর্যটনের জায়গাগুলো থেকে সংক্রমণ বেশি হয়েছে। আমরা চাই সেগুলো সীমিত হোক। ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ঢাকার কাছের জেলাগুলোতেও করোনা ইউনিট বাড়াতে বলা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকানো এবং আক্রান্তদের চিকিৎসায় সরকার আন্তরিক। তবে রোগের বিস্তার রোধে মানুষকে আরও সচেতন হতে হবে।’

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ দেখে বিশ্ববাসী অবাক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

 

ডেস্ক রিপোর্টঃ

পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কম মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনায় বিশ্ব যেখানে প্রায় অচল সেখানে দেশের অর্থনীতি সচল রয়েছে। দেশের মানুষ কাজ করতে পারছেন। বাংলাদেশের করেনা নিয়ন্ত্রণ দেখে বিশ্ববাসীও অবাক হয়েছে। বিশ্বের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। ফলে দেশে করোনা এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে শীত আসায় করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়ছে। তাই করোনা থেকে বাঁচতে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন বক্তব্য রাখেন।