Tag Archives: স্বেচ্ছাসেবক লীগ নেতা

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার দেবীদ্বার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার দেবীদ্বার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরব থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাদ্দাম হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার উত্তর পাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি দেবীদ্বার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলার আসামি।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাদ্দাম হোসেনকে ভোর ৪টার দিকে বিমানবন্দর থানার পক্ষ থেকে দেবীদ্বার থানায় গ্রেপ্তারের খবর জানানো হয় বলে নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস। তিনি জানান, সাদ্দাম হোসেনকে আজ বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে।

বিমানবন্দর থানা পুলিশ জানায়, সাদ্দাম হোসেন সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। বিমানবন্দরে ফিরে আসার পর তাকে আটক করা হয়।

চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকির ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার:

‘সাবধান হয়ে যান, নৌকায় আসেন না হয় এলাকা ছাড়েন’ কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে প্রকাশ্যে এমনই হুমকি দিয়েছেন মোস্তফা কামাল মামুন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার এ হুমকির ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি ওই আসনের নবাবপুর ইউনিয়নের নাটেংগী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। এরই মধ্যে ২১ সেকেন্ডের ওই বিতর্কিত বক্তব্যের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার নবাবপুর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে নৌকার জন্য ভোট চেয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন। রাত থেকেই এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়- ‘সাবধান হয়ে যান, এখনো সময় আছে নৌকাতে আসেন, না হয় এলাকা ছাড়েন। কারণ এলাকার কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ এক হয়ে গিয়েছে।’

এ আসনে নৌকা থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ বারের এমপি প্রয়াত অধ্যাপক আলী আশরাফের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। তিনি অভিযোগ করেন, পুরো নির্বাচনি এলাকায় নৌকা সমর্থক নেতাকর্মীরা এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে গত ৫ দিনে তার অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। প্রতিটি সভা-সমাবেশে হুমকি দেওয়া হচ্ছে। ‘নৌকা ছাড়া কোনো প্রতীকে ভোট দেয়ার সুযোগ নাই’ এমন কথা বলে এলাকায় মহড়া দিচ্ছে নৌকার লোকজন।

এদিকে বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে সোমবার সকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি তারই। তবে এখানে কিছু বক্তব্য এডিট করা হয়েছে, কথাটি অন্যভাবে বলেছিলাম।’ তিনি পথসভা শেষ করে আবারো এ বিষয়ে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের ভাষ্য- মোস্তফা কামাল মামুন আমার পরিচিত। তিনি দলের কার্যনির্বাহী কমিটিতে নেই। সাধারণ সদস্য। প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রার্থীর লোকজনের মধ্যে সহনশীল আচরণ কাম্য, যা এখানে দেখছি না। ভিডিওটি পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।