Tag Archives: সড়ক অবরোধ

রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট:

পঞ্চম দফার অবরোধের প্রথমদিন সকালে রাজধানীতে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।

বুধবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এসময় শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা শেরাটন অভিমুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মিছিলে অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, সাব্বির, প্রতীক, মমি, জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটির সাবেক সদস্যসচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে সকালে কমলাপুর রেলস্টেশনের সামনের সড়কে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, আমিনুল ইসলাম মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম ভুইয়া, তৌহিদুল ইসলাম টিটুসহ নেতাকর্মীরা।

পল্লবী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে মিছিল হয়েছে। বাংলাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

জগন্নাত বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সর্দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলেরসহ সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান, আরিফুল ইসলাম আরিফ, স্বাস্থ্যবিষয় সম্পাদক রায়হান হোসেন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন,সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, আপ্যায়ন সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হাসান, মামুন জামান, মামুনুর রশিদ, মনিরুজ্জামান, মাসফিক, মাহবুব আলমসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজ ছাত্রদল মিছিল ও পিকেটিং করেছে। তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বেতন বাড়ানোর দাবিতে ফের মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট:

সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে মজুরি বাড়ানোর দাবিতে ফের মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। তবে এরই মধ্যে পোশাকশ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।

রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকশ শ্রমিক। এতে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে মূল সড়কসহ আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। পরে সকাল সোয়া ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভে অংশ নেওয়া পোশাকশ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে ন্যূনতম বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তা তারা মানেন না বলে জানান।

সকাল থেকে সড়ক অবরোধ করে রাখলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। সকাল ৯টার পর তারা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গেছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সকাল সোয়া ৮টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানের কয়েকশ শ্রমিক রাস্তা অবরোধ করেন। মজুরি বাড়ানোর দাবিতে তারা রাস্তা অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার দুপুরে একই দাবিতে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

কুমিল্লায় সড়ক আইনের বিরুদ্ধে আন্দোলন, সড়ক অবরোধ

 

মাছুম কামালঃ

নতুন সড়ক পরিবহণ আইনের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে কুমিল্লা নগরীর পুলিশ লাইন, শাসনগাছা এবং বাদশা মিয়ার বাজার এলাকায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পরিবহণ শ্রমিকরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, নতুন মোটরযান আইন অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা দেয়ার সাধ্য থাকলে কি আমরা গাড়ি চালাই। পার্কিং এর জায়গা নাই, কিন্তু পার্কিং করলে ১০,০০০টাকা জরিমানা। তাহলে, আমরা পার্কিংটা করব কই? এই আইন মানা অসম্ভব।

এ সময় উত্তেজিত পরিবহণ শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহনের হাওয়া ছেড়ে দেয়। পরে বেলা সাড়ে ১২টা নাগাদ কুমিল্লা-৬ আসনের সংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

নতুন সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে সর্বোচ্চ পাঁচ বছর শাস্তির বিধান রয়েছে। এতে বলা হয়েছে, ‘দণ্ডবিধির ৩০৪বি ধারায় যা–ই থাকুক না কেন, কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে সংঘটিত কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত বা নিহত হলে চালক সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।’

একই সঙ্গে এটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া নতুন আইনে বেপরোয়া যানবাহন পরিচালনার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ঘটালে সর্বোচ্চ শাস্তির বিধান তিন বছর। নতুন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে জরিমানার পরিমাণও বাড়বে। বর্তমান আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে চালকের সর্বোচ্চ শাস্তি নির্ধারিত আছে তিন বছর। এটি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে চান্দিনায় ট্রাকের চাপাঁয় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

 

শরীফুল ইসলাম/মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের চাপাঁয় মাহমুদা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আধাঘন্টার মত সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।দুঘর্টনার পর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ঘটনাস্থল পরিদর্শনে যান এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল পৌণে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার কুটুম্বরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, স্কুলের অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় গ্যাস সিলিন্ডারবাহি ট্রাকের চাপাঁয় শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই স্কুলের শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। তবে মহাসড়ক থেকে সরে গেলেও কুটুম্বরপুর উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন আহমেদ মজুমদার জানান, মহাসড়ক থেকে শিক্ষার্থীরা চলে গেছে। যান চলাচল স্বাভাবিক।