Tag Archives: ইন্টারনেট

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, পলকের স্বীকারোক্তি

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, পলকের স্বীকারোক্তি

আজকের কুমিল্লা ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকার করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য সাংবাদিকদের জানান প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় পলক ট্রাইব্যুনালকে স্বীকার করেছেন যে, আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল।

প্রসিকিউটর আরও জানান, আন্দোলনের সময় পলক দাবি করেছিলেন, ডেটা সেন্টারে আগুন এবং সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তবে, তদন্তে তার এই দাবিগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।

এর আগে ১৩ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টার পুড়ে যাওয়ার কথা বলে মিথ্যা গল্প তৈরি করেন। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। পলক, বিটিআরসি এবং এনটিএমসি ইন্টারনেট বন্ধে সরাসরি জড়িত ছিলেন। তিনি ডেটা সেন্টারের ভুয়া তথ্য প্রচার করে জাতির সঙ্গে প্রতারণা করেছেন।

নির্বাচনের দিন ইন্টারনেট সচল রাখার নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

চব্বিশের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ভোটের ফলাফল দ্রুত পৌঁছানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে ভোট কেন্দ্রে ধূমপান থেকে বিরত রাখা ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার বা যেকোনো ধরনের চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, কোনো ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার পক্ষে ক্যাম্প স্থাপন করা যাবে না। এ নিষেধাজ্ঞায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৯ (৪) অনুচ্ছেদে বলা হয়েছে প্রদত্ত রিটার্নিং অফিসারের এখতিয়ার ক্ষুন্ন হবে না। আইনানুগভাবে ভোটগ্রহণ করতে হবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পরিপত্রে উল্লেখ নেই এসব বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র, আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের নির্দেশনা/পদ্ধতি অনুসরণ করতে হবে।

পরিপত্রে বলা হয়, সাহসী ও নিরপেক্ষ কর্মকর্তাদের ভোট গ্রহণে নিযুক্ত করতে হবে। রিটার্নিং অফিসারকে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের জন্য যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দ্রুত সময়ে ভোট গণনার তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র সহকারী রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে নিজ নিজ সংস্থার যানবাহন ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে।