Tag Archives: ওবায়দুল কাদের

এখন সংলাপের সুযোগ নেই: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন সংলাপের সুযোগ নেই।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

বিএনপি যদি শর্তগুলো প্রত্যাহার করে, আপনারা কি চিন্তা করবেন– সংলাপ করবেন কি করবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা নিয়ে এখন আর চিন্তা নেই। সেটা আগে ছিল, সে সময় চলে গেছে।

তাহলে কী সংলাপ হচ্ছে না– এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সে কথা আমি কীভাবে বলব? কোনো পলিটিকাল পার্টি কোনোদিনও এভাবে, কোনো ডেমোক্রেটিক পলিটিকাল পার্টি যারা ডেমোক্রেসির প্র্যাকটিস করে, তারা সংলাপ চায় না– এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলছি।

তাহলে বর্তমান পরিস্থিতিতে আপনি বলছেন সংলাপ সম্ভব নয়– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।

আমাদেরকে সাহস নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জানুয়ারিতে ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিজয়ী হবো। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে। আমাদেরকে সাহস নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা ছাড়া হবে না। এই দুষ্কৃতকারীদের আমরা ক্ষমা করবো না।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগী মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর মানুষ অনেক কিছু পেয়েছে। শুধু দু-একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা আসলে সবকিছু হবে।

সেতুমন্ত্রী বলেন, খেলা হবে, খেলা হবে সুন্দরবনে। খেলা হবে ফরিদপুরে, খেলা হবে সারাদেশে। কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে, এখন সেমিফাইনাল খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন?

সূত্র: ঢাকাপোষ্ট

বিএনপি গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে। এদেশের রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারার যে পৈশাচিকতার প্রচলন বিএনপি করেছে, তা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিপন্থি। সরকারের দায়িত্ব হলো জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ‘বিএনপি তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নিসন্ত্রাসের মাধ্যমে আগুনের লেলিহান শিখায় পোড়াচ্ছে সারা দেশ; মেতে উঠেছে নির্বিচার ভাঙচুর ও সহিংসতায়।’

তিনি জানায়, ‘অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করা, মানুষ হত্যা ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি। তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় তাদের অন্তরের জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার সেই আগুনে তারা বাংলার জনগণের আগামীর সম্ভাবনাকে পুড়িয়ে ছাই করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাস থেকে জীবন্ত-ঘুমন্ত মানুষ এবং নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা, অপপ্রচার ও গুজব সৃষ্টি করছে। তাদের নেতাকর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে বিএনপি নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। বিএনপির ক্যাডার বাহিনীর যারা যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, তারা নিজেরাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকছে। অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে।’

‘আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাকর্মী বিবেচনায় নয়, কেবলমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করছে। কোনো সন্ত্রাসী আত্মগোপনে থাকলে, তার দায় সরকারের ওপর চাপানো যায় না। আওয়ামী লীগ কখনো গুম, খুন, অগ্নিসন্ত্রাস ও বিরোধী দল দমনের রাজনীতি করে না। গুম, খুন ও সন্ত্রাসের রাজনীতি হলো বিএনপির মজ্জাগত আদর্শ। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে গুম ও খুনের অপরাজনীতির প্রচলন করেছিল।’

‘তৎকালীন সময়ে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুকে গুমের মধ্য দিয়ে এই ধারার সূচনা করে বিএনপি। সামরিক স্বৈরশাসক জিয়া ১৯৭৯ সালে বঙ্গবন্ধুর সময়ের দেড় শতাধিক আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যকে জেলে বন্দি রেখে নির্বাচন আয়োজন করেছিল। এছাড়া আওয়ামী লীগের অর্ধশতাধিক সাবেক মন্ত্রী-এমপিদের প্রার্থিতা বাতিল করে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। ২০০১-০৬ বিএনপি-জামায়াতের আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তারা সংবিধান পরিপন্থি অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। জনগণের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রবিরোধী অপশক্তির যেকোনো ষড়যন্ত্র, নাশকতা, ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা বিশ্বাস করি যে, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জীবনমানের উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন-সমৃদ্ধির চলমান অগ্রগতিকে যেকোনো মূল্যে সমুন্নত রাখবে জনগণ।’

শেখ হাসিনার নির্বাচনি প্রচার শুরু করবেন সিলেট থেকে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ নির্বাচনি প্রচার সিলেট থেকে শুরু করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি জনসভা সিলেট থেকে শুরু হবে। সেখানে আপনারা দলে দলে যোগ দেবেন।

রাজধানীর তেজগাঁওয়ে সোমবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের। এ সময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সঙ্কটকালে সৌদি আমাদের পাশে দাঁড়াবে। আর এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে একটি দল আন্দোলন করছে। তারা একজন নন্দিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন করছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যেটাই করুক। আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে জেলে থাকা ৮ হাজার নেতাকর্মীদের (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না। তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তাদের প্রতি আহ্বান থাকবে, তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবেন এবং বক্তব্যে সংশোধন করবেন। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকব। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না, আমরা ভয় পাই না।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা সতর্ক থাকবেন। আগুন নিয়ে নেমেছে, অস্ত্র নিয়ে নেমেছে। তারা এখন চোরাগোপ্তা হামলা করে আন্দোলন করতে চায়, সরকার হটাতে চায়। এটা হলো তাদের এখনকার মোটিভ এবং এ লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে।

তিনি বলেন, ‘হারানোর কিছু নেই, আমরা ইলেকশনে জিতব ইনশাল্লাহ। কাজেই এ ধরনের চোরাগোপ্তা হামলা ভয় পেলে আমাদের চলবে না। আমরা মোটেই আতঙ্কিত না। আমরা জনগণকে বলব, এসব চোরাগোপ্তা হামলা দীর্ঘ দিন চালানো যায় না। এরা তো অনেক কিছুই করবে বলেছিল, এখন কোথায়?’

এ সময় পুলিশকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন সেতুমন্ত্রী। দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষকে হয়রানি না করার অনুরোধও করেন তিনি।

বিএনপি ভাঙচুর, অপকর্ম করার জন্য অবরোধ ডেকেছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কিছু ভাড়া করা লোক আছে, তাদের দলের ভিতরে ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে, এসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে।

শুক্রবার জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ২৮ তারিখ আবারও প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এরাই জাতির প্রধান দুশমন। এ দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে নিরাপদ করতে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, সেদিন বিএনপি ২৪ জন সাংবাদিকের ওপর নৃশংসভাবে হামলা করেছিল, কিভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল, হাসপাতালে হামলা চালিয়েছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছিল। পার্কিং করা বাসে হেলপার শুয়েছিল, ঘুমন্ত হেলপারকে গাড়িসহ পুড়িয়ে দেওয়া হয়। এসব অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছে তাদের আটক করা কি দমনমূলক? অপরাধ করলে বিচার হবে না? ২৪ জন সাংবাদিকের ওপর সেদিন যে অত্যাচার করেছে তারা কি দায় এড়াতে পারবে? এটার বিচার হবে না? অপরাধ করলে বিচার হবে।

তিনি আরও বলেন, তারা আরও অবরোধ দিক। গতবারের অবরোধ রয়ে গেছে। এখনো প্রত্যাহার করার কোনো লক্ষণ নেই। এরা টায়ার্ড হয়ে গেছে। জেলে না হয়, পালিয়ে হিন্দি সিরিয়াল দেখবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের আজ প্রশ্ন, এটা জাতির বিবেকেরও প্রশ্ন, বাংলার মাটিতে এই হত্যা, ষড়যন্ত্র, এই রাজনীতির শেষ কোথায়? আমাদের কাছে মনে হয়, ’৭৫ থেকে যে হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ হিসেবে। সেই পরাজিত শক্তি বারবার জাতির মর্মমূল, জাতির চেতনায় বারবার আঘাত হেনে চলছে। এরা সাম্প্রদায়িক বিষবাষ্প সরাচ্ছে। আজ তারা শেল্টার পেয়েছে। এদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর যেসব ঘটনা ঘটেছে সেগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়৷ ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর একই সূত্রে গাথা, একটি ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিঃশেষ করার চক্রান্ত হয়, শুধুমাত্র শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন বলে তারা রেহাই পেয়েছেন। এরপর ৩ নভেম্বর জেলের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের চারজন বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধুর সহচর, আমাদের চারজন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছিল। এরপর ২০০৪ সালের একুশে আগস্ট, সেটার প্রধান টার্গেট ছিল বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

বাস্তবে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বাস্তবে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের দেওয়া বিবৃতি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ তো নামকাওয়াস্তে। তাদের কোনো কার্যকারিতা নেই বাস্তবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের জানান, জাতিসংঘের বিবৃতিতে দে হ্যাভ বিন মিসলেড। আমরা বলতে চাই জাতিসংঘের আসলে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়।

তিনি জানায়, সুদান দুই ভাগ হয়ে যাচ্ছে। আজ ফিলিস্তিনে কী হচ্ছে? জাতিসংঘের কথা কেউ শোনে? আজ গাজায় যা হচ্ছে জাতিসংঘের একটি কথা কেউ শুনছে? জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো বাস্তবে নেই। বাংলাদেশের ইলেকশন নিয়ে এখানে একটা ঘটনা ঘটেছে। বিভিন্ন রকম ইনফরমেশন যেতে পারে, এটাতে তো তাদের (জাতিসংঘ) কোনো ক্ষতি হচ্ছে না। তারা তো আসল দায়িত্বটাই পালন করতে পারছে না।

ভালো কিছু কথা বলা ছাড়া বিশ্বে জাতিসংঘের আর কোনো ভূমিকা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইউক্রেনে তারা কিছু শব্দচয়ন করে সুন্দর সুন্দর কথা বলেছে। ক্লাইমেট চেঞ্জের অবনতি ঘটছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মাঝে মধ্যে সুন্দর ভাষায় আপন মনে মাধুরী মিশিয়ে ভালো ভালো কথা বলেন। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া তাদের আর কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমরা অনেক ভালো আছি।

বিএনপি ছাড়া আরেকটি নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আই ডোন্ট নো। বিএনপির অধিকার ইলেকশন করার। তারা ইলেকশন না করলে করবে না। আমার কথা হলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান যেভাবে বলছে আমাদের ইলেকশন, আমাদের গণতন্ত্র ঠিক সেভাবে চলবে, এতে কে এলো বা কে এলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার।

বিএনপিকে ছাড়া নির্বাচন হলে দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্পেস দেন, সময় আসুক।

তিনি বলেন, বিএনপি না এলে আমরা কি তাদের জোর করে আনবো? বিএনপি না এলে সংবিধান অবজ্ঞা করে নির্বাচন করবো না। এটিকে প্রশ্নবিদ্ধ যারা বলেন তারা বলতে পারেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন চাইলে বিএনপি এমন সন্ত্রাস করত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির লক্ষ্য নির্বাচনকে বানচাল করা, অংশ নেওয়া নয়। বিএনপির অবরোধ থেকে দেশের স্থাপনা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহরায় থাকার নির্দেশও দেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে বলেন, দেশের বর্তমান অবস্থার নিরিখে আগামী জাতীয় নির্বাচনেও তার দল আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাবে।

২৮ অক্টোবর শত উসকানি সত্ত্বেও শান্তি ও উন্নয়ন সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। বলেন, ২৮ অক্টোবর দলীয় নেতাকর্মীদের মধ্যে ভিক্টরি মনোভাব দেখেছি, এটাই আমাদের বিজয়। এটাই বিরোধীদের ব্যর্থ আন্দোলনের বিরুদ্ধে নির্বাচনমুখী আমাদের বিজয়ের অভিযাত্রা।

এ সময় দলের ভেতরে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

আমরা সরকারে আছি, কেন অশান্তি করব: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা শান্তি সমাবেশ করছি, আগামীকালও শান্তি সমাবেশ করব। আমরা অশান্তি করতে চাই না, আমরা সরকারে আছি, আমরা কেন অশান্তি করব? বিএনপি অশান্তি করতে চায়।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, বিএনপি বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। তাদের রাজনীতি হলো যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা। বর্তমানে তারা সেটারই প্র্যাকটিস করছে। তারা জনগণের ওপর দুঃশাসন চাপিয়ে দিয়ে দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে চায়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি বিতর্কিত করেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করিনি। বাতিল করেছে আদালত। বিচারপতি খায়রুল হক সংবিধানের কচুকাটা করেননি, বরং বিএনপি সংবিধানকে কচুকাটা করেছে, ছিন্নভিন্ন করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা মানে আমাদের দেশকে ছোট করা, দেশের অর্জনকে ছোট করা।

লড়াই করে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানায়, দেশ কি ৪৭ এর দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে চলবে নাকি মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আদর্শে চলবে। সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। তাই আমাদের আজ লড়াই করে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ।

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।

তিনি বলেন, অথচ বিএনপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। উসকানি দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য অপতৎপরতা চালাচ্ছে। বিএনপির এ অপতৎপরতার কারণে যদি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয় তার দায়ভার বিএনপিকেই নিতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা বক্তব্য ও বিবৃতিতে বারবার উগ্র আস্ফালন দেখিয়ে যাচ্ছে; যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা দেশ ও জনগণ নিয়ে যে কোনো ছেলেখেলা খেলতে পারে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা দখলের জন্য নির্লজ্জের মতো কাউকে ‘ভগবান’ মেনে তারা আজ বিদেশি প্রভুদের করুণা ভিক্ষা করছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিক শাসনব্যবস্থা ব্যাহত এবং অনির্বাচিতদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পথ সৃষ্টি করছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংবিধান ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।

তিনি বলেন, বিএনপি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর তথাকথিত সমাবেশের নামে জনমনে ভীতি সঞ্চার করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে তাদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সতর্ক অবস্থান নেবে। আওয়ামী লীগের নেতাকার্মীরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীল পরিবেশ কোনোভাবে ব্যাহত হতে দেবে না।

ওবায়দুল কাদের বলেন, জনগণের স্বাধীনতা, মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী আত্মত্যাগ করেছে। এবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রা সমুন্নত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে।

বিএনপি আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপি আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ঢাকা শহর দখলের নামে আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি। এসব করে লাভ হবে না। তাদের (বিএনপি) খায়েশ পূরণ হবে না।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সিডিউল হবে নভেম্বরের মাঝামাঝি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানুয়ারিতে। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন। কারও জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে। আওয়ামী লীগ বাদ দেয়নি। যে জিনিস নাই, সেটা দাবি করছে বিএনপি। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে না। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না। কেউ আসুক আর না আসুক, তার জন্য অপেক্ষা করা হবে না।

ওবায়দুল কাদের বলেন, যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ, দখল করে আগের মতো বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনারা আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন; সেই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। সেটা আমরা হতে দেব না। এই সংবিধান ব্যবস্থা বহাল রেখে নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না।

তিনি আরও বলেন, আমরা জাতিকে বিভক্ত করছি না। মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে গড়তে চাই। বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, আদর্শ-চেতনাকে আপনারা ধ্বংস করেছেন। ভোট চুরি করেছেন। ২০০৬ সালে নির্বাচন করতে গিয়ে দেখা গেছে আপনারা ভুয়া ভোটার তৈরি করেছেন। কাজে আমাদের সঠিক জায়গায় আসতে হবে। এ দেশকে সংবিধান অনুযায়ী চালাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালাতে হবে। এর বাইরে যারা যাবেন এবং অবরোধ দখলের হুমকি দিয়ে সেই খায়েশ পূর্ণ হবে না।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব এনায়েত উল্যাহ খন্দকার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।