Tag Archives: ভাঙচুর

কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন।

স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার নিমসার এলাকায় মহাসড়কের কলেজ গেইট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাচ্ছিল। তা দেখে হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা যায়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানায়, মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়িতে

কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধরা প্রথমে বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে কয়েকটি কক্ষ ও ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়।

রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান এক বিবৃতিতে বলেন, “ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে ছাত্র-জনতা এসব মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের পর বাহারের বাড়িতেও হামলা চালিয়েছে। কারণ বাহাউদ্দীন বাহার বছরের পর বছর কুমিল্লার মানুষের ওপর নিপীড়ন চালিয়েছেন।”

এর আগে রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলে।

বিএনপি ভাঙচুর, অপকর্ম করার জন্য অবরোধ ডেকেছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কিছু ভাড়া করা লোক আছে, তাদের দলের ভিতরে ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে, এসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে।

শুক্রবার জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ২৮ তারিখ আবারও প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এরাই জাতির প্রধান দুশমন। এ দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে নিরাপদ করতে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, সেদিন বিএনপি ২৪ জন সাংবাদিকের ওপর নৃশংসভাবে হামলা করেছিল, কিভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল, হাসপাতালে হামলা চালিয়েছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছিল। পার্কিং করা বাসে হেলপার শুয়েছিল, ঘুমন্ত হেলপারকে গাড়িসহ পুড়িয়ে দেওয়া হয়। এসব অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছে তাদের আটক করা কি দমনমূলক? অপরাধ করলে বিচার হবে না? ২৪ জন সাংবাদিকের ওপর সেদিন যে অত্যাচার করেছে তারা কি দায় এড়াতে পারবে? এটার বিচার হবে না? অপরাধ করলে বিচার হবে।

তিনি আরও বলেন, তারা আরও অবরোধ দিক। গতবারের অবরোধ রয়ে গেছে। এখনো প্রত্যাহার করার কোনো লক্ষণ নেই। এরা টায়ার্ড হয়ে গেছে। জেলে না হয়, পালিয়ে হিন্দি সিরিয়াল দেখবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের আজ প্রশ্ন, এটা জাতির বিবেকেরও প্রশ্ন, বাংলার মাটিতে এই হত্যা, ষড়যন্ত্র, এই রাজনীতির শেষ কোথায়? আমাদের কাছে মনে হয়, ’৭৫ থেকে যে হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ হিসেবে। সেই পরাজিত শক্তি বারবার জাতির মর্মমূল, জাতির চেতনায় বারবার আঘাত হেনে চলছে। এরা সাম্প্রদায়িক বিষবাষ্প সরাচ্ছে। আজ তারা শেল্টার পেয়েছে। এদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর যেসব ঘটনা ঘটেছে সেগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়৷ ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর একই সূত্রে গাথা, একটি ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিঃশেষ করার চক্রান্ত হয়, শুধুমাত্র শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন বলে তারা রেহাই পেয়েছেন। এরপর ৩ নভেম্বর জেলের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের চারজন বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধুর সহচর, আমাদের চারজন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছিল। এরপর ২০০৪ সালের একুশে আগস্ট, সেটার প্রধান টার্গেট ছিল বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

কুমিল্লা-৯: বিএনপি প্রার্থীর মিডিয়া সমন্বয়কের বাড়িতে হামলা, ভাঙচুর

 

ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের মিডিয়া সমন্বয়কারী এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। ওই বিএনপি নেতার নাম মনির আহমেদ। তিনি লাকসাম পৌরসভা বিএনপির সহ-সাধারণ সম্পাদকের পদে রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতা মনির আহমেদের অভিযোগ, মুখোশধারী ওই হামলাকারীরা তার ব্যবহৃত ল্যাপটপসহ ঘরের সকল আসবাবপত্র ভাঙচুর করেছে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ওই হামলাকারীদের হাতে তার পরিবারের একজন নারী সদস্য লাঞ্চিত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

মনিরের ভাষ্য,আমার বাড়িতে হামলা করে আমাকে ধানের শীষের পক্ষে আরও বেশী কাজ করতে উজ্জীবিত করেছে। কারণ আমাদের বিজয় সুনিশ্চিত দেখে তারা উম্মাদ হয়ে গেছে। আমাদের প্রার্থী কর্ণেল আজিমের জন্য জীবন উৎসর্গ করেছি অনেক আগেই। এসব করে আমাদের দমিয়ে রাখা যাবে না, আর আমি ভীত নই। এই হামলাকারীদের জবাব ৩০ ডিসেম্বর সকল শ্রেণির মানুষ ব্যালটের মাধ্যমে দিবে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুুমার দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

এদিকে, নির্বাচনী প্রচারণা শেষ হবার পরও এমন হামলার ঘটনা সংগঠিত হওয়ায় বিষয়টিকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন কুমিল্লা ৯ আসনের বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম, তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমানসহ দলীয় নেতারা।

ধানের শীষের প্রার্থী কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম বলেন, কারা এই মুখোশধারী সন্ত্রাসী এটা সবাই জানেন। এতোদিন হামলা করেছে মুখ খুলে আর এখন করছে মুখোশ পরে। ইতিমধ্যে তাদের নৈতিক পরাজয় হয়ে গেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে লাকসাম-মনোহরগঞ্জের প্রতিটি এলাকাতেই এমন হামলা করেছেন তারা।

এবার সময় এসেছে এসব সন্ত্রাসীদের উচিত জবাব দেয়ার, প্রতিহত করার। তবে সেই জবাব সন্ত্রাসের মাধ্যমে নয়। আগামী ৩০ তারিখ বাধভাঙ্গা জোয়ারের মতো ভোটাররা কেন্দ্র গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে সেই জবাব দিবে। আগামী ৩০ ডিসেম্বর লাকসাম-মনোহরগঞ্জের প্রতিটি নির্যাতিত, নিপিড়িত মানুষের মুক্তির দিন। দেশেবাসী দেখবে এই আসনের ব্যালট বিপ্লব।