Tag Archives: ওয়াশিংটন

৯০ বছর বয়সী নারী তুষারঢাকা ৬ মাইল পথ হেঁটে টিকা নিলেন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মহামারি করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তাই সেখানে টিকা পৌঁছার পর অধিকাংশ মানুষই টিকা নিতে দৃঢ় সংকল্পবদ্ধ। কিন্তু সিয়াটলের ৯০ বছর বয়সী ফ্রান গোল্ডম্যান নামে এক নারী সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন। এখন শীতকালে তুষারে ঢেকে আছে চারদিক। তার ভিতর দিয়ে টিকা নিতে তিনি ৩ মাইল পথ হেঁটে গিয়েছেন হাসপাতালে বা ক্লিনিকে। আবার ওই পথ হেঁটে বাসায় ফিরেছেন। ফলে তাকে তুষারঢাকা মোট ৬ মাইল পথ হাঁটতে হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে মিডিয়া।

তিনি অনলাইন সিএনএন’কে বলেছেন, ওয়াশিংটনে এই টিকা পর্যাপ্ত। ফলে তিনি টিকা নেয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নেয়ার চেষ্টা করছিলেন। তিনি এবং তার মেয়ে রুথ বহুবার টিকা নেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা সফল হননি।

শেষ পর্যন্ত বিশ্ব ভালবাসা দিবসে ১৪ই ফেব্রুয়ারি রোববার (২২ ফেব্রুয়ারি) শিশুদের একটি হাসপাতালে তিনি সুযোগ পেয়ে যান। কিন্তু এক্ষেত্রে বড় এক সমস্যা ছিল। তুষারপাতের পূর্বাভাস যেন চ্যালেঞ্জ হয়ে সামনে এলো। গোল্ডম্যান বলেন, তুষারপাতের পূর্বাভাস ছিল এবং বেশ কিছু ক্লিনিক ওই সপ্তাহের শেষে তাদের কার্যক্রম বন্ধ রাখতে যাচ্ছিল। তাই শনিবার ঘুম থেকে উঠি। বাইরে তখন ৬ থেকে ৮ ইঞ্চি তুষার পড়েছে। আমি আবার চেক করে দেখলাম ক্লিনিক খোলা কিনা। কিন্তু কোনো জবাব পেলাম না।

গোল্ডম্যান পরিকল্পনা শুরু করেন কিভাবে তার বাসা থেকে তিন মাইল দূরে এমন পরিস্থিতিতে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। যে সড়কে যাওয়া-আসা করতে হবে তা উপরের দিকে বেশ খাড়া। তখনও কর্তৃপক্ষ সেই সড়ক থেকে বরফ সরায়নি। বেশ কিছু গাড়ি উপরের দিকে উঠতে গিয়ে ব্যর্থ হয়েছে। ফলে তিনি বুঝে গেলেন উবার ডাকা বা নিজে গাড়ি চালিয়ে নেয়ার প্রশ্নই আসে না।

গোল্ডম্যান বলেন, তুষার পড়া এসব দিনে বাসও রোববার ঠিকমতো শিডিউল মেনে চলে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম হেঁটেই যাবো। করোনা মহামারির সময়ে আমি শক্তি সঞ্চয়ের জন্য হাঁটতাম। তাই হাঁটা আমার অভ্যাস হয়ে গেছে। ফলে তিন মাইল পথ হাঁটা আমার জন্য খুব বেশি কিছু নয়। কিন্তু গোল্ডম্যান যে হাঁটার কথা বলছেন, তা ছিল স্বাভাবিক হাঁটা। বরফের ওপর দিয়ে নয়। তবু সাহস নিলেন তিনি। বেরিয়ে পড়লেন রাস্তায়। পুরো পথের তিনভাগের দুই ভাগ গিয়ে দেখলেন, বাকিটা পথ হেঁটে যেতে তার কেমন সময় লাগতে পারে। তিনি দেখলেন, পুরো পথ যেতে তার এক ঘন্টা সময় লাগবে।

তিনি বলেন, রোববার সকালে আমি বাসা থেকে বের হলাম। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল ৯টা ১০ মিনিটে। আমি বাসা থেকে ৮টার কিছুটা পরে বের হলাম। পুরোটা পথ হাঁটতে আমার সময় লাগলো এক ঘন্টা ৫ মিনিট। তিনি বলেন, তুষারঢাকা পথে হাঁটতে ভালই লাগছিল। খুব সুন্দর লাগছিল চারদিক। আর চারদিক ছিল শান্ত। হাসপাতালে পৌঁছে তিনি টিকার প্রথম ডোজ নিয়েছেন। তারপর সোজা হেঁটে আবার সেই তিন মাইল পথ পেরিয়ে বাসায় ফিরেছেন। তিনি বলেছেন, এই হাঁটা তার জীবনে স্মরণীয়। তিনি মনে করেন, দুটি কারণে তার টিকা নেয়া জরুরি ছিল। তার মতে, ব্যক্তিগতভাবে আমি বাইরে গেলে বেশি স্বস্তি পাই। নিজের কেনাকাটা নিজে করতে পছন্দ করি। কিন্তু করোনাকালে তা মিস করেছি। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। একজন নাগরিক হিসেবে, আমাদের সবার মধ্যে রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি করা গুরুত্বপূর্ণ, যাতে আমরা আবার জীবনে ফিরতে পারি।

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্রের গুদামসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েল মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতভর হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (১৩ জানুয়ারি) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় “দেইর আজ জর” থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় অন্তত ১৮ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ায় গত দুই বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় ১০ সিরীয় সেনা এবং তাদের মিত্র ৪৭ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। নিহত বিদেশিদের জাতীয়তা এখনও নিশ্চিত নয়।

এ ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানান, মার্কিনিদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরিয়ায় এ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ইরানি অস্ত্র মজুত রাখা হতো। ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের পাইপলাইন হিসেবেও ওইসব স্থাপনা ব্যবহৃত হতো বলে দাবি করেছেন তিনি।

নামপ্রকাশে অনিচ্ছুক এ মার্কিন কর্মকর্তা জানান, সোমবার ওয়াশিংটনের একটি সুপরিচিত রেস্টুরেন্টে বসে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে সিরিয়ায় হামলার বিষয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

গত এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা। গত ৭ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানপন্থী তিন যোদ্ধা।

ইসরায়েলি সেনাবাহিনীর বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছর সিরিয়ায় অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত দেশটিতে কয়েকশ’বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।