Tag Archives: কুমিল্লায় ধর্ষকের বাড়িতে আগুন!

ধর্ষণের শিকার নারীর সন্তান হলে দায়িত্ব নেবে সরকার, সন্তান বেড়ে উঠবে মায়ের পরিচয়ে

 

ডেস্ক রিপোর্টঃ

ধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর সন্তান হলে সেই সন্তানের দায়িত্ব নেবে সরকার। ধর্ষকের সম্পদ থেকে ভরণপোষণের এ টাকা আদায় করা হবে। প্রস্তাবিত ‘নারী শিশু নির্যাতন দমন আইন ২০২১’- এমন বিধান রাখা হয়েছে। ভুক্তভোগীকে দেয়া হয়েছে গর্ভপাতের অনুমতিও। আর ধর্ষণের শিকার নারীর সন্তান বেড়ে উঠবে মায়ের পরিচয়ে। এ আইনকে দেশের বিচারবিভাগের জন্য মাইলফলক বলছেন আইন সংশ্লিষ্টরা।

মাতৃত্ব প্রতিটি নারীর জন্য গৌরব বয়ে আনলেও ধর্ষণের শিকার নারী কিংবা কিশোরী যখন মা হয়, তখন তার নবজাতক শিশুটির ভাগ্যে জোটে অসহনীয় অপমান আর লাঞ্ছনা। ভুক্তভোগীর মতোই শিশুটির ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত।

বিচারের জন্য আদালতের দ্বারস্ত হলেও মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছর পার হয়। ততদিনে হতদরিদ্র ভুক্তভোগী পরিবার নিঃস্ব হয়ে মামলা তুলে নিতে বাধ্য হন। আবার কখনও জামিনে বেরিয়ে ধর্ষক দেখাতে থাকে রক্তচক্ষু।

ভুক্তভোগী এক নারী জানান, কোথায় আমার সন্তানকে নিয়ে যাবো। তার ভবিষ্যৎ কী হবে। আমার কী হবে।

এমন অবস্থায় ধর্ষণের শিকার নারী আর তার সন্তানের সুরক্ষায় নতুন আইন পাসের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে বলা হয়েছে ধর্ষণের শিকার নারীর সন্তান শুধু তার মায়ের পরিচয়েই পরিচিত হবেন। আর শিশুটির ২১ বছর পর্যন্ত সরকার তার ভরণপোষণের দায়িত্ব নেবে। যা আদায় করা হবে ধর্ষকের কাছ থেকে।

খসড়া আইনটিতে বলা হয়েছে, ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হলে গর্ভধারণের ১০ সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় ভুক্তভোগী গর্ভপাত করাতে পারবেন।

দেশের বিচার বিভাগের জন্য এ আইনকে মাইলফলক- বললেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শাসমুদ্দিন চৌধুরী। তিনি বলেন, এই আইনটা আরো আগে করা প্রয়োজন ছিলো। কেউ যদি ধর্ষণের শিকার হয়ে অন্তঃস্বত্বা হয়ে যান তাহলে বাচ্চার দায়িত্বভার বহন তার জন্য বোঝা।

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, আইনটি বাস্তবায়ন হলে ধর্ষণের শিকার নারী ও তার সন্তানের সুরক্ষা অনেকাংশে নিশ্চিত হবে।

আইন কমিশনের প্রস্তাবিত আইনটি সংসদে বিল আকারে উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আইন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে।
সূত্র-স:নি

কুমিল্লায় ধর্ষকের বাড়িতে আগুন!

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে তেতুলের প্রলোভন দেখিয়ে তাওহীদা ইসলাম ইলমা (৯) নামের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শনিবার সকালে ডাকাতিয়া নদীতে কাঁথা ও মশারি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মাইন উদ্দিন বাপ্পি (২০) নামে এক ‘ধর্ষক’কে গণধোলাই দিয়ে তার দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাপ্পিসহ আরো ৪ জনকে গ্রেপ্তার করে।

পরে ইলমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ইলমা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কন্যা এবং গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইলমাকে জাকির হোসেনের ছেলে মাঈন উদ্দিন বাপ্পি ও আবুল কালামের ছেলে মিজানুর রহমান (১৯) তেতুলের প্রলোভন দেখিয়ে বাপ্পিদের ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে প্রথমে লাশ বাপ্পির ঘরের সিলিংয়ের উপর লুকিয়ে রাখে। পরে রাতে বাড়ির পাশে ‘মরা ডাকাতিয়া’ নদীতে লাশটি কাঁথা ও মশারি মুড়িয়ে পানির নিচে মাটিতে লুকিয়ে রাখে।

এদিকে শুক্রবার রাত পর্যন্ত স্কুলছাত্রী ইলমাকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা মাইকিং ও পাশের ডাকাতিয়া নদীতে খুঁজতে থাকে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

পরদিন শনিবার সকালে এলাকাবাসী সন্দেহভাজনকভাবে বাপ্পিকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। তার দেয়া তথ্যমতে ডাকাতিয়া নদীর পানির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির সাথে মোড়ানো কাঁথা ও মশারি বাপ্পির বলে নিশ্চিত হন তারা।

এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার খবর পেয়ে এলাকায় হাজার হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা বাপ্পিকে গণধোলাই দিয়ে দুইটি ঘর, একটি খড়ের গাদা আগুনে পুড়িয়ে দেয় এবং তার সহযোগী মিজানের দুইটি ঘর ভাংচুর করে।

স্কুলছাত্রী ইলমার মা হাছিনা বেগম জানান, ধর্ষক বাপ্পির বাড়িতে একটি তেতুল গাছ আছে। ইলমা স্কুল থেকে আসা-যাওয়ার পথে প্রায়ই বাপ্পি তাকে তেতুলের প্রলোভন দেখাতো। ঘটনার দিন শুক্রবার বিকেলে তেতুলের কথা বলেই ইলমাকে তার ঘরে নিয়ে যায় বাপ্পি।

শনিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, স্কুল পড়ুয়া শিশু ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও চারজনকে। উত্তেজিত জনতা বাড়িঘরে অগ্নিসংযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।