Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবির ইংরেজি বানানে পরিবর্তন, শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ইংরেজী বানান Comilla University এর বানান পরিবর্তন করে Cumilla University করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিশ^বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বছরের ২ এপ্রিল ‘নিকার’ এর ১৩৫ তম সভায় কুমিল্লা জেলার ইংরেজি বানান Comilla থেকে Cumilla করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৭২ তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পরিবর্তনকৃত নামটি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব কাজে ব্যবহার করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে নামের বানানের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

 

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম আহসান হাবিব বলেন, ‘সাবেক হওয়ার পর আমি ভার্সিটির বিভিন্ন বিষয়ে বেশির ভাগ সময়ই নিরব পর্যবেক্ষকের ভূমিকা পালন করি। কিন্তু নাম পরিবর্তনের ব্যাপারটা আমার কাছে একটা চুড়ান্ত ফাউল কাজ মনে হচ্ছে। যত্তসব ডায়নামিক তেলবাজ আর স্বার্থান্ধের জমায়েত হয়েছে এই প্রাঙ্গনে; এটাই আমাদের দূর্ভাগ্য! আশ্চর্য হচ্ছে, সংশ্লিষ্টদের বেশির ভাগই এই চাটুকারিতা ও হঠকারিতার মিছিলে শামিল হয়েছে।’

জে এইচ ইমন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘নাম পরিবর্তনের প্রভাবে আমরা বঞ্চিত হতে চাইনা। অনার্স সার্টিফিকেটে Comilla আর মাস্টার্স সার্টিফিকেটে Cumilla। এটা তো মেনে নেয়া যায়না।’

নৃবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ইমরান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শেষ পর্যন্ত কাপড়টাই খুলে নিলেন? এই বিশ্ববিদ্যালয়টা নরম মাটির পুতুলের মতো। সবাই খেলাচ্ছলে ইচ্ছামতো হাতাচ্ছে। কয়েকটা টি-শার্ট বানিয়েছিলাম, দুএকটি পুরস্কারও আছে। যেখানে বাংলার পাশাপাশি ইংরেজিতে লিখা আছে ‘ Comilla University’ এইবার বাড়িতে গেলে নিয়ে আসবো সেগুলোও পরিবর্তন করে দিবেন।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন,‘কুমিল্লা জেলার নাম পরিবর্তন হওয়ার কারনে বিশ্ববিদ্যালয়ের নামের ক্ষেত্রেও সিন্ডিকেটে সভার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্তাব্যক্তিদের সাথে আলোচনা করেই এ পরিবর্তন করেছি। নতুন সনদপত্র নতুন নামেই হবে। তবে আগে যারা সনদপত্র তুলে নিয়েছেন তাদের সমস্যা হলে পরিবর্তন করে নিতে পারবেন।’

কুবির বঙ্গবন্ধু হল সম্প্রসারণ || প্রাণহানির পরেও ঝুঁকি নিয়েই চলছে নির্মাণ কাজ

 

শাহাদাত বিপ্লব,কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ চলাকালীন সময়ে একের পর এক দুর্ঘটনার পরেও ঝুঁকি নিয়েই কাজ করছেন শ্রমিকরা। প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী না দেওয়ায় এমন ঝুকিপূর্ণভাবে শ্রমিকরা কাজ করছেন বলে জানা যায়। এতে করে আবারও প্রাণঘাতি দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের।

নির্মানাধীন হলটিতে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা হেলমেট, সেফটি বেল্ট, বুটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করছেন। ঠিকাদার প্রতিষ্ঠান থেকে এসব সামগ্রী সরবরাহ করার কথা থাকলেও তা না দেয়ায় মূলত তারা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এছাড়া প্রতিনিয়ত নির্মাণাধীন এ ভবনের নিচ দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করেন। ভবনের নির্মাণ কাজে চার তলার ছাদ ঢালাইয়ের কাজ চললেও ভবনের উপর থেকে চারপাশে সেফটি নেটের কোন ব্যাবস্থা নেই। এতে করে শিক্ষার্থীরাও যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকেই।

গত ৩১ জানুয়ারি সারওয়ার হোসেন নামের এক শ্রমিক এই ভবনের কাজ করার সময় তিন তলা থেকে মাচা ভেঙ্গে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে ৪ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান। এর আগে গত ৩ ডিসেম্বর একই ভবনের কাজে করতে গিয়ে মুমিনুল নামের এক শ্রমিক চার তলা থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। একের পর এক দুর্ঘটার কারণে শ্রমিকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মো: নূরুদ্দিন মোরশেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সচেতন না হলে আরও দুর্ঘটনা ঘটবে। ভবনের চারপাশে সেফটি নেটের ব্যাবস্থা নেই। দুইটি বড় দুর্ঘটনা ঘটেছে। এর আগে ছোটখাটো আরও অনেক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া উচিৎ।’
প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী কেন শ্রমিকদের দেয়া হচ্ছেনা এমন প্রশ্নে ঠিকাদার প্রতিষ্ঠানকেই দায়ী করছে বিশ^বিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে আমরা বারবার ঠিকাদার প্রতিষ্ঠান কে নিয়ে বসেছি। শিক্ষার্থীরা যেহেতু ঐ ভবনের নিচ দিয়ে যাতায়াত করে তাদেরও নিরাপত্তার বিষয় রয়েছে। তাছাড়া উপাচার্য স্যার সহ আমরা তাদের নিয়ে বসেছিলাম। এরপরেও নিরাপত্তা নিশ্চিত না করলে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।’

আবাসিক হলটির প্রাধ্যক্ষ মো: জিয়া উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা যে রাস্তায় যাতায়াত করছে সেটি বন্ধের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা কে অনেক আগেই বলেছি। কিন্তু সে কথা শুনছে না। শিক্ষার্থীদের যাওয়া আসার জন্য বিকল্প রাস্তা আছে। কথা না শুনলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরকে বলা হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা মো: মিলন বলেন, ‘নিরাপত্তা সামগ্রী আছে। কিন্তু শ্রমিকরা সেগুলো পরে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এজন্য আমি বললেও তারা এগুলো ব্যবহার করছে না।’ সেফটি নেটের বিষয়ে তিনি বলেন, ‘এই রাস্তায় কেউ আসা যাওয়া করার কথা নয়। আর সেফটি নেট অনেক ব্যয়বহুল। এজন্য আমরা ব্যাবহার করছিনা।’ এছাড়া ২-১ দিনের ভিতর ঝুঁকিপূর্ণ রাস্তাটি বন্ধ করা হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে নির্মানাধীন ভবনের নিচ দিয়ে যাতায়াত করলেও রাস্তা বন্ধ করছেনা কেন এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘শিক্ষার্থীরা যে রাস্তায় যাতায়াত করছে সেটি বন্ধ করে দেয়া হবে। আমি এখনই আবার বলে দিচ্ছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন

শাহাদাত বিপ্লব,কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মার্কেটিং বিভাগের আয়োজনে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটার মধ্য দিয়ে এ কার্নিভালের উদ্বোধন করা হয়। প্রথমবারের মত অনুষ্ঠিত এ কার্নিভালের ১ম দিনে উদ্বোধনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতে আনন্দ শোভাযাত্রা বের করে আয়োজকরা। এ সময় শোভাযাত্রাটি ব্যাবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে কেক কেটে কার্নিভালের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আজীজ এবং ইসরাত ইমার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, এফবিসিসিআই এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর এবং থাইল্যান্ডের প্রিন্স অব শঙ্কলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ড. তারেক বিন হোসাইন। এছাড়া কার্নিভালের সমন্বয়ক মাহিদুল ইসলাম সিহাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, ‘যার কাছে অনেক খবর আছে সেই বেশী স্মার্ট। বাংলাদেশের মানুষ যে পরিমাণ রেমিট্যান্স আয় করে তার প্রায় ১০ গুণ বিদেশীরা আমাদের দেশ থেকে নিয়ে যায়। আমাদের কে যোগ্য লোক তৈরী করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য ড. এমরান কবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সারাদেশে ব্রান্ডিং করতে হবে। কুমিল্লার এই অঞ্চলে ১৪০০ বছর আগেও জ্ঞান চর্চা হয়েছে। এখনও হচ্ছে।’
পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ৪ দিন ব্যাপী এ কার্নিভালে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, কেইস স্টাডি প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটো সেশন, উপচার্যের সাথে স্বাগত মিটিং, মার্কেটিং সামিট ও কর্পোরেট ডিনারসহ বিভিন্ন আয়োজন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মার্কেটিং কার্নিভাল

শাহাদাত বিপ্লব, কুবি :
কেইস স্টাডি প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটো সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের খেলাধুলা, মার্কেটিং সামিটসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে মার্কেটিং কার্নিভাল।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে মার্কেটিং বিভাগের আয়োজনে ৪ দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্নিভালের বিষয়টি তুলে ধরেন আয়োজকরা।

চার দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।

এছাড়াও ২য়, ৩য় ও ৪র্থ দিনে ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যেয়ারম্যান মো. সবুর খান, আর এফ এল গ্রুপের হিউমেন রিসোর্স এর প্রধান সান্তুনু রায়, বেঙ্গল গ্রুপের প্রধান মার্কেটিং অফিসার আফতাব মাহমুদ খুরশিদ, গ্রামীনফোন (চট্টগ্রাম) সার্কেল মার্কেটিং এর প্রধান মুহাম্মদ রিজওয়ান চৌধুরী, গোল্ড সিলভার লিমিটেড এর চ্যেয়ারম্যান প্রফেসর মো. ফারুক আহমেদ, আর এফ এল পাইপ এবং ইলেকট্রিক্যাল গ্রুপের মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, বাংলাদেশ ভোজ্য তেল লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার ফাইসাল মাহমুদ, পেপসিকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সঞ্জয় কুমার রায় প্রমুখ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, মোঃ আব্দুল্লাহ এবং মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, কার্নিভালের কো-অর্ডিনেটর মাহিদুল ইসলাম শিহাদসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আইন না মেনে কুবিতে মনগড়া ৩ পদ

কুবি প্রতিনিধিঃ
আইন বা প্রতিষ্ঠিত কোন রেওয়াজ না থাকলেও নিছক নিজের মনগড়া তিনটি উপদেষ্টার পদ সৃষ্টি করে পছন্দের লোকদের বসিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়টির পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দীকে নিরাপত্তা উপদেষ্টা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছানকে আইটি উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক ভুঁইয়াকে গণমাধ্যম উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করেন উপাচার্য। গেল বছরের ৮ নভেম্বর রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে দায়িত্ব দেওয়া হলেও উপদেষ্টারা কি দায়িত্ব পালন করবেন তার সুনির্দিষ্ট কোন নির্দেশনা উল্লেখ নেই। দায়িত্ব প্রাপ্তির পর বেশ কয়েকদিন ফেইসবুক থেকে শুরু করে সর্বত্র চলে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো। কিন্তু কেন এই দায়িত্ব এবং কি কাজ তাদের? বিষয়টির কোন স্পষ্ট ব্যাখ্যাও নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিফহাল নন বলেও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা মনে করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইনেও এমন কোন পদ বা দায়িত্বের হদিস পাওয়া যায়নি। নেই সিন্ডিকেটের অনুমোদনও। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়েও এমন কোন পদ বা দায়িত্বের খবর পাওয়া যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য রয়েছেন প্রক্টর, আইটি সংক্রান্ত বিষয়ের জন্য রয়েছে আইটি সেল ও গণমাধ্যম সংক্রান্ত কাজের জন্য রয়েছে জনসংযোগ দপ্তর। এসব পদ তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখা গুলোতে তাদের ‘হুকুমাত’ বেড়েছে বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তারা এ সব দায়িত্বে নিয়োজিতদের (উপাচার্যের কাছের হওয়ায়) খুশি করতে সদা ব্যস্ত থাকেন। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, উপাচার্যকে সর্বদা তোষামোদ করেন এমন ব্যাক্তিদের উপহার সরূপ এসব পদ সৃষ্টি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে এমন পদ বা দায়িত্বের বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের

অধ্যাপক ড. আসিফ নজরুল ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমীর হোসেনের সাথে কথা বললে তারা বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, ‘ উপাচার্যের অনেক নির্বাহী ক্ষমতা থাকে, তবে তিনি এ ধরনের পদ সৃষ্টি করতে পারেন না।’

অন্যদিকে বিভিন্ন সময় সংবাদকর্মীরা উপাচার্যের সঙ্গে মুঠোফোনে বা তার কার্যালয়ে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য না দিয়ে তার নিয়োগকৃত গণমাধ্যম উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এমনটি যেন তিনি (উপদেষ্টা) বিশ্ববিদ্যালয়ের নন বরং উপাচার্যের গণমাধ্যম উপদেষ্টা বলেই মনে করা হয়। এতে করে সাংবাদিকদের ভোগান্তি পোহাতে হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজে গতি নিয়ে আসার জন্য উপাচার্য এ ধরনের পদ তৈরি করতে পারেন এবং যে কাউকেই এসব পদে দায়িত্ব দিতে পারেন। সব বিষয় যে আইনে থাকতে হবে এমন কোন কথা নেই। এ পদগুলো আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত করবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমার একার পক্ষে বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব না। তাই যে ব্যাক্তি যে বিষয়ে অভিজ্ঞ তাকে সে পদে দায়িত্ব দিয়ে তার থেকে সহযোগিতা নিচ্ছি।’