Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩য় ধাপে কুবি কর্মচারীদের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ৩য় ধাপে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

অনলাইনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়া আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মের গতিশীলতা বৃদ্ধি পাবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরন করবেন বলে আমি বিশ্বাস করি। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা সুশৃঙ্খল কর্মচারী হিসেবে আত্মপ্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করবেন, নিজেদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং পরিবারের মর্যাদা বৃদ্ধি করবেন।’

 

কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৩ ডিসেম্বর

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর (রোববার) অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ নভেম্বর) রাতে শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। শিক্ষক সমিতির বর্তমান সভাপতি রশিদুল ইসলাম শেখ নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যনির্বাহী সভায় শিক্ষকদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন। আর নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান।

এর আগে গত ২৯ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হলে ৩০ নভেম্বর সাধারণ সভায় শিক্ষকদের অধিকাংশের মতামতের ভিত্তিতে তা পাস হয়। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে কার্যনির্বাহী সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ বলেন, ‘সমিতির সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ শিক্ষকের মতামতের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’

কুবিতে কর্মকর্তাদের দু’দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের নিয়ে দু’দিন ব্যাপী ‘ফিন্যান্সিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তাহের। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড একাউন্টস দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক পরিচালক ইব্রাহিম কবির এবং ইউজিসি’র পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক কামাল হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যোগ হয়ে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কর্মকর্তাদের দক্ষতা অর্জনের জন্য ট্রেইনিং প্রোগ্রাম প্রয়োজন। একটা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রত্যেক জনশক্তিকে প্রযুক্তিগত জ্ঞান সহ সব ধরনের দক্ষতা প্রয়োজন। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির এমন প্রোগ্রাম আগামীতে দক্ষ জনশক্তি গড়ে তুলবে।

হাবিপ্রবিসাসের নতুন কমিটিকে কুবিসাসের অভিনন্দন

 

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)’ এর নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।

বুধবার (১৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) হাবিপ্রবিসাস’র ৩য় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আনন্দবাজার পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবির আল রাশিক (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সাধারাণ সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির (বাংলা ট্রিবিউন), সাংগঠনিক সম্পাদক সোয়াদুজ্জামান সোয়াদ (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার সোহাগ (দৈনিক সমাচার), দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ (জুম বাংলা)।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন মোঃ আবু সাহেব (ক্যাম্পাস লাইভ ২৪), হাবীবুর রহমান (আলোকিত সময়), মাসুদ রানা (দ্যা ক্যাম্পাস ২৪) ও সম্মানিত সদস্য সাদিকুর রহমান উজ্জ্বল (দৈনিক অধিকার)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।’ এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

কুবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; ছাত্রলীগের কয়েকজনসহ আহত ১০

শাহাদাত বিপ্লব, কুবি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বাংলা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর)  বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর ১ জনসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মাঠে খেলা-চলাকালীন সময় ফাউল করাকে কেন্দ্র করে বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে বাংলা বিভাগের রিয়াদ, আবব্দুর রহমান, সাকিবসহ কয়েকজন শিক্ষার্থী মাঠে ঢুকে মার্কেটিং বিভাগের এক খেলোয়াড়কে ধাক্কা দেয়। পরে দু’পক্ষে উত্তেজনা শুরু হলে আয়োজক কমিটি প্রায় ২০ মিনিটের মতো খেলা বন্ধ রাখে। পরবর্তীতে খেলা শেষ হলে পূর্বের ঘটনার জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এসময় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা থামাতে গেলে তাদেরকেও মারধর করে তারা। এতে শাখা ছাত্রলীগের ইমাম হোসেন মাসুম, জুনায়েদ আহমেদসহ কয়েকজন নেতা-কর্মীকে মারধর করলে তারা বাংলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী বিজয়কে বেধড়ক মারধর করে। পরে বিজয়কে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে হস্তান্তর করা হয়। এসময় নৃবিজ্ঞান ১২ তম ব্যাচের তানজীম হোসেন সোহাগ, বাংলা ১০ম ব্যাচের বিজয়সহ দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
ছাত্রলীগ নেতা মাসুম বলেন, ‘মারামারি চলাকালীন সময় আমি থামাতে গেলে কেউ একজন ধাক্কা দেয় এবং আরেকজন আমার পেটে ছুরি জাতীয় কিছু দিয়ে জখম করে। এতে আমার পেটের কিছু অংশ কেটে যায়। তখন উত্তেজিত অবস্থায় হয়তো কাউকে ধাক্কা দিয়েছিলাম।’

আরেক ছাত্রলীগ নেতা জুনায়েদ বলেন, ‘আমি ঠেকাতে গেলে বাংলা বিভাগের শিক্ষার্থীরা আমাকে মারধর করে। পরে মারধর থামাতে অনেককেই সরাতে হয়েছে।’ আহত বিজয়কে মারার কথা তিনি অস্বীকার করেন।

এছাড়া সংঘর্ষের সময় মাঠে সাদা শার্ট পরা এক শিক্ষার্থীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কামরুন নাহার। তিনি বলেন, ‘মারামারির মাঝে এক শিক্ষার্থীর হাতে একটি পিস্তল দেখেছি। ছেলেটিকে দেখলে আমি চিহ্নিত করতে পারবো। প্রক্টরিয়াল বডি থেকে ব্যাবস্থা নেয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বসেছি। আগ্নেয়াস্ত্রের বিষয়টি কোন ম্যাম অভিযোগ করলে এটা তার একান্তই ব্যাক্তিগত বিষয়। আমি কারও কাছে অস্ত্র আছে বলে শুনিনি। কোন ম্যাম অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।’

রাতের বাস বৃদ্ধির দাবিতে কুবিতে বিক্ষোভ

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ
কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসমূখী রাতের বাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্য দিয়ে শেষ হয়।

এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ‘বেশীরভাগ শিক্ষার্থী শহরে টিউশন করে রাতের বাসে ক্যাম্পাসে ফিরে। কিন্তু দীর্ঘদিনের দাবি সত্ত্বেও প্রশাসন থেকে বাস বাড়ানো হচ্ছেনা। অবিলম্বে প্রশাসনকে বাস বাড়াতে হবে।’

অপরিকল্পিত উন্নয়নের বলি কুবির লাল পাহাড়

শাহাদাত বিপ্লব, কুবি:
‘লাল পাহাড়ের ক্যাম্পাস’ খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাহাড় কেটে ভবন নির্মাণ এবং নিচু স্থান ভরাটের কাজ চলছে। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান থাকলেও সেদিকে খেয়াল নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এতে করে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য্য যেমন নষ্ট হচ্ছে তেমনিভাবে হুমকিতে পড়ছে পরিবেশের ভারসাম্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপরিকল্পিত উন্নয়নের বলি হচ্ছে এসব পাহাড়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনরা। তাদের অভিযোগ, ভবন নিমার্ণের সময় কর্তৃপক্ষ যথাযথভাবে পরিকল্পনা করলে পাহাড় না কেটেই উন্নয়ন করা সম্ভব ছিল।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পশ্চিম পার্শ্বের পাহাড়ের একটি অংশ এক্সকাভেটর মেশিনের সাহায্যে কেটে সেই মাটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে নির্মাণাধীন সড়কদ্বীপ এবং ডরমেটরির নিচু স্থান ভরাট করা হচ্ছে। এতে করে যেকোন সময় পাহাড়টির অপরাংশ ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গত দুই বছরে শিক্ষকদের ক্লাব কাম গেস্ট হাউজ নির্মাণ এবং কেন্দ্রীয় মাঠ সম্প্রসারণের জন্য দুইটি পাহাড় আংশিক কাটতে দেখা যায়। এত করে বাকী অংশও ধীরে ধীরে ধসে পড়ছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ এর ৬ এর ‘খ’ ধারা অনুযায়ী বলা হয়েছে ‘কোন পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যাইবে না তবে অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ক্রমে পাহাড় কর্তন করা যাবে।’ তবে ছাড়পত্রের বিধান থাকলেও পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক মো: কামরুজ্জামান সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি পাহাড় কর্তন করে থাকে তবে তারা পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না নিয়ে এ কাজটি করছে। আমাদের দপ্তর থেকে রাষ্ট্রীয় নির্দেশনা ব্যতীত পাহাড় কর্তনের ব্যাপারে কোন অনুমতি দেওয়া হয় না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এসে তদন্ত করবো পাহাড়টি কিভাবে কাটা হয়েছে। এ ব্যাপারে আপনারা সহযোগীতা করবেন।’

পাহাড় কাটার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান জানান, ‘পাহাড়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল লাগোয়া হওয়ায় এটি ধসে পড়লে হলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং হলের স্যানিটারী ব্যবস্থা ও ড্রেইন নির্মাণের জন্য পাহাড়টি কিছুটা কাটা হচ্ছে । তবে পাহাড়টি পরবর্তীতে সংরক্ষণ করা হবে।’

তবে বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর দাবি হল নিমার্ণের পূর্বেই যদি পাহাড়টিকে সংরক্ষণ করে হল নিমার্ণের পরিকল্পনা করা হত তাহলে পাহাড়টি এভাবে কাটতে হতো না। নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বিশ^বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘প্রশাসনের এমন অপরিকল্পিত কাজের কারণেই পাহাড়টি কেটে তার মাশুল দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি হলটি পাহাড় থেকে কয়েক ফিট দূরে সরিয়ে নির্মাণ করতো তাহলে আজতে এভাবে পাহাড়টি কাটা পড়তো না।’

এভাবে পাহাড় কাটার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্য্য হচ্ছে এর পাহাড়গুলো। এসব পাহাড় এভাবে কেটে ফেলা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এ পাহাড় কাটার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌর্ন্দয্য নষ্ট হবে এবং পরিবেশ বিপর্যয় হবে। ’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজীব বণিক বলেন, ‘পাহাড় কেটে প্রশাসন কি বার্তা দিতে যাচ্ছে তা আমার জানা নেই। তবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পাহাড় কেটে সমতল করা প্রশাসনের জন্য গর্হিত একটি কাজ। লাল পাহাড় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। এগুলোকে রক্ষা করতে হবে।’
পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘ পাহাড়টি বঙ্গবন্ধু হলের সাথেই হওয়ায় পাহাড়ের কারণে হলের তৃতীয় তলা পর্যন্ত ঢেকে থাকে যার ফলে হলটিতে সঠিকভাবে আলো বাতাস প্রবেশ করবে না এবং পাহাড়টি যেকোন সময়ে হলের উপরে ধসে পড়তে পারে এজন্য পাহাড়টিকে কিছুটা কাটা হচ্ছে। তবে পাহাড়টি পুরোপুরি কাটা হবে না, এটি গার্ড ওয়াল দিয়ে সংরক্ষণ করা হবে।’

এভাবে নির্বিচারে পাহাড় কাটা পরিবেশের জন্য ক্ষতিকর দাবি করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত পাহাড়কে সংরক্ষণ করে স্থাপনা নির্মাণ কার্যক্রম পরিচালনা করা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী বলেন,‘বিষয়টি আমি জানার পর সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি এবং পাহাড়টি সংরক্ষণ করে পরিবেশ সম্মতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেছি।’

কুবিতে আইসিটি আইনে গ্রেফতার শিক্ষার্থীর মুক্তির দাবিতে ২ দিনের আল্টিমেটাম

কুবি প্রতিনিধি:
আইসিটি আইনে গ্রেফতার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঈনুল ইসলাম আবিরের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে গত ২০ মে মাঈনুল ইসলাম আবিরকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এসময় শিক্ষার্থীরা আবিরকে নির্দোষ দাবি করে তার মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবিরের মুক্তির প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করতে স্বারকলিপি দেন শিক্ষার্থীরা।

আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে ফার্মেসি বিভাগের ছাত্র কাউছার হামিদ জীবন বলেন, ‘নিরপরাধ মঈনুলকে মিথ্যা সাম্প্রদায়িকতার অভিযোগে এতদিন জেলে আটকে রাখা এটাই সবচেয়ে বড় সাম্প্রদায়িকতা। ভারতীয় হাইকমিশনার কেন বিশ্ববিদ্যালয়ের বিষয়ের ওপর হস্তক্ষেপ করবে? বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বিনা অপরাধে জেলখানায় আটক আছে এটাই বিশ্বিবদ্যালয় প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা।’

বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির সৈকত বলেন, ‘আবির নির্দোষ, এতদিন তাকে আটকে রাখার ফলে যে সময় অপচয় হয়েছে এর জবাব দিতে হবে।’

উল্লেখ্য, এর আগে গত ২০মে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র মঈনুল ইসলাম আবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু ধর্মকে কটুক্তি করার অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। তবে আবিরের ঘনিষ্টজনদের দাবি ছিল, একটি মহল আবিরকে ফাসানোর উদ্যেশ্যে পরিকল্পিত ভাবে ফেইক আইডি খুলে হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় : প্রত্যাশা, সংকট ও অপূর্ণতার ১৩ বছর

 

স্টাফ রিপোর্টারঃ

দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালের ২৮ মে। লালমাই পাহাড়ের পাদদেশে কোটবাড়ী শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসংলগ্ন এ বিদ্যাপীঠে বর্তমানে ১৯টি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু প্রতিষ্ঠার ১৩ বছরেও এসব প্রত্যাশার অধিকাংশই পূরণ হয়নি। উল্টো সেশনজট, অপ্রতুল আবাসন, অপর্যাপ্ত শ্রেণীকক্ষ, অপরিসর গ্রন্থাগারসহ নানা সংকটে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।

বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন বিভাগের সেশনজট। এর মধ্যে তীব্র সেশনজটে পড়েছে প্রত্নতত্ব বিভাগের বেশ কয়েকটি ব্যাচ। বিভাগটির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সম্প্রতি তৃতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। অথচ একই শিক্ষাবর্ষের অন্য অনেক বিভাগের শিক্ষার্থীরা এরই মধ্যে চতুর্থ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ করেছেন। একইভাবে আইসিটি, সিএসই, রসায়ন, ফার্মেসি, নৃবিজ্ঞান, লোক প্রশাসন, পদার্থ, অর্থনীতি ও ইংরেজি বিভাগের দু-একটি ছাড়া অধিকাংশ ব্যাচই সেশনজটের কবলে পড়েছে। প্রতিষ্ঠার ১৩ বছরেও সেশনজটের এ সংকট নিরসনে ব্যর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে কারণে শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে নির্ধারিত থেকে বেশি সময় লাগছে।

এদিকে বিশ্ববিদ্যালয়টির প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর জন্য আবাসিক হল রয়েছে মাত্র চারটি। এর মধ্যে ছেলেদের তিনটি ও মেয়েদের একটি হলে সর্বোচ্চ ৯০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। ফলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থীই আবাসন সুবিধা পাচ্ছে না। মেয়েদের জন্য শেখ হাসিনা ও ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চলমান সম্প্রসারণ কাজ এগোচ্ছে ধীরগতিতে। আবাসন সংকটে ভুগছেন শিক্ষক ও কর্মকর্তারাও।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম শহিদুল হাসান বলেন, হলগুলোর নির্মাণকাজ সম্পন্ন করার নির্ধারিত সময়সীমা এরই মধ্যে শেষ হয়ে গেছে। ঠিকাদাররা নতুন করে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন।

আবাসনের মতো একইভাবে বিশ্ববিদ্যালয়টিতে দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকট। আইসিটি, সিএসই, ফিন্যান্সসহ বেশকিছু বিভাগে এ সংকট তীব্র আকার ধারণ করেছে। যে কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের ইচ্ছা থাকা সত্ত্বেও যথাসময়ে পাঠদান সম্ভব হয় না। তাদেরকে শ্রেণীকক্ষ ফাঁকা হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। তাছাড়া শ্রেণীকক্ষগুলোয় পর্যাপ্ত শিক্ষাসহায়ক উপাদনের অভাব রয়েছে।

যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য অপরিহার্য অনুষঙ্গ হলো পর্যাপ্ত বই, জার্নালসহ সুপরিসর গ্রন্থাগার। কিন্তু কুবিতে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ গ্রন্থাগার গড়ে ওঠেনি। এর বিপরীতে প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় দুটি কক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগার হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে একসঙ্গে সর্বোচ্চ ৮০ জন বসতে পারে। বইয়ের সংখ্যাও অপ্রতুল।

এ অবস্থায় শিক্ষর্থীরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র গ্রন্থাগার ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে তারা চাইছেন সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিদিন গ্রন্থাগার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হোক। কিন্তু এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।

গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞা বলেন, অফিস চলাকালীন ছাড়া অন্য সময়েও গ্রন্থাগার খোলা রাখা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। কিন্তু এজন্য আমাদের আরো জনবল প্রয়োজন। তাছাড়া সার্বক্ষণিক জেনারেটর ও নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি।

এদিকে কোনো আবাসিক চিকিৎসক ছাড়া প্রশাসনিক ভবনের নিচতলায় একটি অপরিসর কক্ষে কোনো রকমে চলছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কার্যক্রম। পাঁচজন চিকিৎসক থাকলেও শিক্ষা ছুটিতে রয়েছেন দুজন। আবাসিক চিকিৎসক না থাকায় ছুটির দিনে কিংবা রাতে কেউ অসুস্থ হলে শিক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হয়। একটি অ্যাম্বুলেন্স রয়েছে, যেটি মাইক্রোবাস থেকে রূপান্তর করা। তাছাড়া এখানে পর্যাপ্ত ওষুধও সরবরাহ করা হয় না।

এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার মাহমুদুল হাসান খান বলেন, সার্বক্ষণিক চিকিৎসাসেবার জন্য এখানে আবাসিক চিকিৎসক নিয়োগ দিতে হবে। পাশাপাশি চিকিৎসকের আবাসনেরও ব্যবস্থা করতে হবে। নিযোগ দিতে হবে অন্যান্য সহায়ক কর্মকর্তা-কর্মচারী। তবে এ বছর মেডিকেল সেন্টারটির বরাদ্দ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। আমরা এর মধ্য দিয়েই শিক্ষার্থীদের সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কোনো প্রধান ফটক না থাকা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে আসার পথে বেলতলী বিশ্বরোডের ফটকটির অবস্থাও বেহাল। এরই মধ্যে ওই ফটকে বিশ্ববিদ্যালয়ের নামফলকের কয়েকটি অক্ষর উঠে গেছে। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন অংশে নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। আগে কাঁটাতারের বেড়া থাকলেও বর্তমানে সেখানে কয়েকটি পিলার ছাড়া কিছু নেই। এতে রাতে ক্যাম্পাসের পেছনের অংশে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বাড়ে। এছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় প্রায়ই ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, নিরাপত্তা প্রাচীর নির্মাণের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতাভুক্ত। এখানে বাজেটসহ অনেক বিষয় রয়েছে। তবে বর্তমানে আমাদের নিরাপত্তা কর্মীর সংখ্যা পর্যাপ্ত নয়। নতুন হল ও একাডেমিক ভবনগুলো চালু হলে আরো নিরাপত্তা কর্মীর প্রয়োজন হবে। এ বিষয়ে রেজিস্ট্রার মহোদয়কে জানানো হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অনেক সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো নিরসনে আমরা সচেষ্ট। এর মধ্যে মেগা প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। যদিও ওই প্রকল্পের টাকা এখনো আসেনি। সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে এ বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুবির উন্নয়নে ১ হাজার ৬৫৫ কোটি ৫৫ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন পায়। এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ, ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও আবাসিক সমস্যা নিরসনসহ শিক্ষার্থীদের অন্য সুবিধা নিশ্চিতে কাজ করা হবে। ২০২৩ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

এবার ময়নুল ইসলাম আবিরের মুক্তির দাবিতে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ময়নুল ইসলাম আবির নিঃশর্ত মুক্তি ও শ্যামল চন্দ্র দাশ নামের ফেইসবুক আইডির আসল পরিচয় উংঘাটনের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলামে সঞ্চালনায় মানববন্ধনে আবিরের নিঃশর্ত মুক্তি চাই বলে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এসময় আইসিটি বিভাগের শিক্ষার্থী সৈয়দ মাখদুম উল্লাহ বলেন, ‘কুমিল্লা বিশ্বিবদ্যালয়ে সম্প্রতি সাম্প্রদায়িক বিদ্বেষের চেষ্টা চলছে। শ্যামল চন্দ্র দাশের আইডি ফেইক হওয়ার পরেও অভিযোগের তীর কেন আবিরের দিকে যাবে? শ্যামলের পরিচয় আগে কুবিয়ানদের সামনে প্রকাশ করা হোক। শ্যামল নামের সেই ফেইক আইডির কে বা কারা চালাচ্ছে সেটি বের করা আমাদের প্রশাসনের পক্ষে সম্ভব। অথচ তা না করে কেন আবিরকে মামলা দেওয়া হবে?’ তিনি আরও বলেন, ‘আমাদের দাবি কোন ধর্মের বিরুদ্ধে নয়,আমাদের দাবি সত্য উদঘাটন করে সত্যের বিচার পক্ষে।’
ফিন্যান্স ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আশরাফ হোসাইন বলেন, ‘ফেইক আইডির কমেন্ট যে কেউ বানাতে পারে। আবিরের জায়গায় আমিও এর স্বীকার হতে পারতাম। তাহলে আমার নিরাপত্তা কোথায়?’

উল্লেখ্য, হিন্দু ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মো: ময়নুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২০ মে) পুলিশ তাকে আটক করে। মামলাটি বর্তমানে তদন্ত করছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।

এর আগে গত ১৯মে রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ‘শ্যামল চন্দ দাস’ নামের একটি ফেসবুক একাউন্টের একটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ময়নুল ইসলাম আবিরের একাউন্ট থেকে একটি গ্রুপে হিন্দু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়।

তবে ময়নুল নিজের ফেইসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেন, এই মন্তব্যটি তিনি করেননি। কেউ তার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া একাউন্ট খুলে এমন একটি মন্তব্য করে তাকে ফাঁসাতে চাচ্ছে। পরবর্তীতে স্ক্রিন শট ভাইরাল করা ‘শ্যামল চন্দ্র দাস’ নামক একাউন্ট ঘুরে দেখা যায়, একাউন্টটির ইউজার নেইম ‘moynulislam.abir.35’ এবং একাউন্টের অন্যান্য তথ্য ও সঠিক নয়। ময়নুল দাবি ছিল, তাকে ফাঁসিয়ে একটি সাম্প্রদায়িক সংঘাত তৈরীর জন্যই একটি মহল ইচ্ছাকৃতভাবে তার নামে একাউন্ট খুলে তা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।