Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের নামে বিভক্ত !

হাবিপ্রবিসাসের নতুন কমিটিকে কুবিসাসের অভিনন্দন

 

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)’ এর নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।

বুধবার (১৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) হাবিপ্রবিসাস’র ৩য় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আনন্দবাজার পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবির আল রাশিক (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সাধারাণ সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির (বাংলা ট্রিবিউন), সাংগঠনিক সম্পাদক সোয়াদুজ্জামান সোয়াদ (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার সোহাগ (দৈনিক সমাচার), দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ (জুম বাংলা)।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন মোঃ আবু সাহেব (ক্যাম্পাস লাইভ ২৪), হাবীবুর রহমান (আলোকিত সময়), মাসুদ রানা (দ্যা ক্যাম্পাস ২৪) ও সম্মানিত সদস্য সাদিকুর রহমান উজ্জ্বল (দৈনিক অধিকার)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।’ এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে দেয়া মূল সনদপত্রে ভূলের ছড়াছড়ি

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে দেওয়া শিক্ষার্থীদের মূল সনদপত্রে বানান ভূলের ছড়াছড়ির অভিযোগ উঠেছে। কারও বিভাগের নামে ভুল, কারও হলের নামে কিংবা কারো নিজের নামেরও বানানে ভুল। মূল সনদে এমন ভুল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

গত সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সমাবর্তন শেষে দেওয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মোস্তফা কামালের মূল সনদে Public Administration এর স্থলে Pablic Administration লেখা হয়েছে। বিভাগের নামের এ ভুল রয়েছে ঐ ব্যাচের সকল শিক্ষার্থীর মূল সনদে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের ইংরেজি নামের বানান Nawab Foyzunnesa Chowdhurany Hall কিন্তু ঐ হলের শিক্ষার্থীদের মূল সনদে এ নামটিতেও রয়েছে ভুল। যেখানে লেখা হয়েছে Nawab Faizunnissa Chaudhurani Hall। আবার শহীদ ধীরেন্দনাথ দত্ত হলের ইংরেজি নামের বানান দুইটি সনদে দুই ধরনের লেখা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ইংরেজি বানানেও রয়েছে ভুল। বিভাগটির এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, তাদের বিভাগের নামের বানানে ‘একাউন্টিং’ এবং ‘এন্ড’ শব্দ দুটির মাঝে কোনো জায়গা না রেখে একসাথে লেখা হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগ ও শিক্ষার্থীদের নামের বানানে ভুল রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোস্তফা কামাল বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা অজ্ঞ হলে কারো মূল সনদে এরকম ভুল করতে পারে সেটা আমার জানা নেই। আমাদের ব্যাচের সবার সনদে এমন ভুল। সত্যিই দুঃখজনক।’ নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের সকল শিক্ষার্থীরই হলের নামের বানানে ভুল হয়েছে। যেখানে Foyzunnesa Chowdhurany এর স্থলে Faizunnissa Chaudhurani। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ভুলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ঐ হলের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, সমাবর্তনে অনেক বিষয় নিয়ে আমরা অসন্তুষ্ট ছিলাম। তারপরও আমরা চেয়েছি মূল সনদ নিয়ে সন্তুষ্ট থাকতে। কিন্তু মূল সনদে এমন ভুল আমাদের জন্য হতাশার। প্রশাসনকে অবশ্যই এর দায় নিতে হবে।’

সমাবর্তনে দেয়া সার্টিফিকেট ও সমাবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন যেভাবে হওয়ার কথা ছিল সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সবকিছু বাদ দিয়ে চিন্তা করলে সমাবর্তনের আসল কাজ হচ্ছে মূল সনদপত্র বিতরণ। আর এই সনদপত্রে ভুল থাকা ‘দায়িত্বহীনতা’র পরিচয়। যেখানে গ্র্যাজুয়েটদেরকে সম্মান দেয়ার কথা, সেখানে উল্টো ভোগান্তিতে পড়েছে সবাই। এছাড়া গ্র্যাজুয়েটরা অনেক আশা নিয়ে সমাবর্তনে আসেন, অথচ তাদেরকে ছেঁড়া গাউন ও নিম্নমানের ক্রেস্ট প্রদান করা হয়েছে।’

এবিষয়ে জানতে সনদ তৈরি ও বিতরণ উপ-কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, মূল সনদে ভুল হওয়ার বিষয়টি মাত্র জানতে পারলাম। ভুল হওয়ার বিষয়টি দুঃখজনক। আমরা অনেকবার যাচাই করেছি। সে সময় নাম ও রেজিস্ট্রেশন নাম্বারে গুরুত্ব দিয়েছি। আমরা রোববার বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন,‘যে যে সনদপত্রে ভুল হয়েছে সেগুলো কোন ফি ব্যতীতই পরিবর্তন করে দেওয়া হবে। একসাথে প্রায় ছয়-সাত হাজার সনদ তৈরি করতে গিয়ে হয়তো এমন ভুলগুলো হয়েছে। প্রয়োজন হলে সবারগুলোই পরিবর্তন করে দেয়া হবে। তবে মনে হয়না সবার সনদে এমন ভুল হয়েছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের নামে বিভক্ত !

ডেস্ক রিপোর্টঃ

সম্প্রসারণের নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এ জন্য বর্তমান ক্যাম্পাস থেকে তিন কিলোমিটার দূরে রাজারখলা গ্রামে দ্বিতীয় ক্যাম্পাস করার তোড়জোড় চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

সংশ্লিষ্টদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিগ্রহণ করার উপযোগী ভূমি থাকা সত্তেও শাখা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সহযোগিতায় প্রকল্প পাস হওয়ার আগে থেকেই একটি প্রভাবশালী মহল বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রির জন্য জায়গা নির্দিষ্ট করে কিনে রেখেছে।

গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এক হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগাপ্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে, যার অনেকটাই ব্যয় হবে ভূমি অধিগ্রহণে।

বিশ্ববিদ্যালয়ের মেগাপ্রজেক্টের আওতাধীন ভূমি অধিগ্রহণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৭নং, ৯, ১২ ও ১৩নং মৌজার অন্তর্ভুক্ত জমি নির্ধারণ করা হয়েছে। যেখানে ১২ ও ১৩নং মৌজা হচ্ছে রাজারখোলা গ্রামের মৌজা।

কিন্তু কোন জায়গায় ভূমি অধিগ্রহণ করা হবে, তা পরিষ্কার করে বলছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়টিকে ধোঁয়াশার মধ্যে রেখেছেন স্বয়ং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরীও।

গত বুধবার প্রেস ব্রিফিংয়ে ভূমি কোথায় নেয়া হবে বিশ্ববিদ্যালয় যুগান্তর প্রতিনিধির এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান উপাচার্য।

এদিকে ক্যাম্পাসের আশপাশে অধিগ্রহণ করার উপযোগী ভূমি থাকা সত্ত্বেও কেন রাজারখোলায় জমি নেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, আমরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের আশপাশে ৭০ একর ভূমি অধিগ্রহণ চেয়ে প্রকল্প প্রস্তুত করেছিলাম। কিন্তু পরিকল্পনামন্ত্রী তা আরও বাড়িয়ে প্রকল্প প্রস্তুত করতে বলেন যেখানে ২০০.২২ একর জমির কথা উল্লেখ থাকে।

বিশ্ববিদ্যালয়ের আশপাশে অধিগ্রহণের মতো পর্যাপ্ত জায়গা না থাকায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজারখলার ৭নং, ৯, ১২ ও ১৩নং মৌজার ২০০.২২ একর জমি নির্ধারণ করে দেয়া হয়েছে। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো হাত ছিল না, বলেন তিনি।