Tag Archives: কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‌্যালি

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন  ১৫ জুন, ভোট হবে ইভিএমে

স্টাফ রিপোর্টার:

অবশেষে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে  ১৫ই জুন  ইভিএমে।

সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, এসব স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

কুমিল্লা সিটি, ছয় পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে ইসি কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে।

আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সে অনুযায়ী এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এ সিটি নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে।

কিন্তু এর আগে তফসিল ঘোষণার কথা থাকলেও ইসি তা করতে পারেনি। নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে না পারলে সেখানে প্রশাসক নিয়োগ দিতে হবে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে এ সিটির আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে সীমানা জটিলতা দেখা দেয়। বর্তমানে এ সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এ সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে ভাঙচুর

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ছয়-সাত জন যুবক ওই প্রকৌশলীর উপস্থিতিতে কার্যালয়ে প্রবেশ করে এ ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল্লাহ জানান, ট্যাক্স শাখায় মাস্টার রোলে কর্মরত দুই কর্মচারীর অনিয়মের অভিযোগে তাদের আগস্ট মাসের বেতন বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার স্টাফ মিটিংয়ে তিনি তাদের অনিয়মের বিরুদ্ধে বক্তব্য রাখেন। পরে তারা ক্ষিপ্ত হয়ে আরও ছয়-সাতজন যুবক নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করে টেবিলের গ্লাস ও চেয়ার ভাঙচুর করে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কুসিকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অনিয়মের কারণে প্রকৌশলী ঠিকাদারের চাহিদামতো বিল পরিশোধে অনীহা প্রকাশ করায় ওই ঠিকাদার ও তার লোকজন প্রকৌশলীর উপর ক্ষিপ্ত ছিলেন। এছাড়াও স্টাফ মিটিংয়ে তিনি সিটি কর্পোরেশনে কোনো দুর্নীতি সহ্য করবেন না বলে ঘোষণা দেয়ার পর তার অফিসে ভাঙচুর চালানো হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু জানান, ‘আমি ঢাকায় আছি। ডেইলি লেবার এবং স্থায়ী লেবারদের মাঝে কাজকর্ম নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি, এর বেশি কিছু আমার জানা নেই। ভাংচুরের বিষয়টি প্রকৌশলী জানেন।’

র‌্যাব-১১ এর কুমিল্লা সিপিসির কমান্ডিং অফিসার তালুকদার নাজামুস সাকিব জানান, সিটি কর্পোরেশন থেকে খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, কর্মচারীর বেতন নিয়ে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর টেবিলের গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় অভিযোগ করা হয়নি।

কুমিল্লা সিটি কর্পোরেশন: রাজমিস্ত্রী পরিকল্পনা , অব্যবস্থাপনা এবং হরিলুটের মহোৎসব !

আনিছুর রহমানের ফেসবুক থেকেঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. আনিছুর রহমান। তা পাঠকদের জন্য তুলে ধরা হল।

কুমিল্লা সিটি মার্কেট হচ্ছে , টাউন হল মাঠের পূর্বদিকে কান্দির পাড় হতে জিলা স্কুলের দিকে যেতে চিকন যে মার্কেট গড়ে উঠেছে সেটির নাম ! এ মার্কেট তৈরির উদ্দেশ্য নিয়ে , প্রথমে একটি মসজিদ করা হয়েছে , সরকারী জমিতে অবৈধ ভাবে । তারপর বাকি অংশ মার্কেট বানিয়ে — —- ইত্যাদি করা হয়েছে ! মসজিদটিকে ব্যবহার করা হচ্ছে ঢাল হিসাবে !

এই মসজিদের একশ গজের মধ্যেই নিউ মার্কেটের পাচ তলায় রয়েছে আরো একটি বিশাল মসজিদ , যেটিকে ইচ্ছে করলে আরো অনেক বড় এবং আরো কয়েক তলা করা সম্ভব।
নিউ মার্কেটের উপরের মসজিদে কোন মাইক লাগানো হয়না , যাতে এটি সর্ব সাধারণের নজরে না আসে ! কারন এতে সমালোচনা হবে একশ গজের মধ্যে দুইটি মসজিদ কেন ? সরকারী জায়গায় কেন মসজিদ হলো এসব ।

সিটি মার্কেট নামক এই অবৈধ ভবনটি শহরের সৌন্দর্য নষ্ট করেছে । এই অবৈধ মার্কেট এবং মসজিদটি এখানে না থাকলে কান্দির পাড় এবং টাউল হল মাঠ অনেক খোলামেলা ও সুন্দর হতো ।
নিউ মার্কেটের সিড়িতে দাড়ালে পুবালী ব্যাংক , টাউনহল মাঠ দেখা যেতো । কান্দিরপাড় ও টাউনহল মাঠটি অনেক মনোরম ও খোলামেলা হতে পারতো ।

সিটি মার্কেট নামক বস্তুটি মূলত একটি ঘিঞ্জি মার্কেট , তিন তলায় গিয়ে এটি মধ্যে করিডোর করে দোকান সংখ্যা দিগুন করা হয়েছে । এই ঘিঞ্জি মার্কেটে কেউ একবার উঠলেই আর দ্বিতীয় বার যেতে চাইবেনা ।

এ মার্কেট শত চেস্টায়ও সচল করা যায়নি । যারা দোকান কিনেছেন , তারা ভাড়াও দিতে পারছেন না । অযথাই সরকারের দশ কোটি টাকা নস্ট হয়েছে ।

এখন আবার ৬০ লক্ষ টাকা ব্যয় করে নিউ মার্কেটের সাথে সংযোগ সেতু করার পরিকল্পনা হচ্ছে !
নিউ মার্কেটটিও অপরিকল্পিত ভাবে নোংরা ডিজাইনে করা হয়েছে । মার্কেটের করিডোরের জানালা বন্ধ করে দোকান করা হয়েছে !। দোকান সংখ্যা বৃদ্ধি করতে গিয়ে মার্কেটটিকে ঘিঞ্জি করে ফেলা হয়েছে। তাই এ মার্কেটটিও ব্যবসা সফল হয়নি।

টাকা খরচ করে একটা শহরকে কতোটা অসুন্দর করা যায় , কুমিল্লা শহর না দেখলে এটা কেউ বুঝতে পারবেনা । পাকা সুবিশাল ডাষ্টবিন করে এখানে সংরক্ষণ করা হয় আবর্জনা ।
এই আবর্জনা ফেলে রাখা হয় খোলা আকাশের নিচে , এতেকরে পরিবেশ দূষণ ও বায়ু দূষণ হচ্ছে । বর্জ ব্যবস্থাপনা ব্যবস্থা সাড়া দুনিয়ায় আছে । এখানে সে মেশিন গুলো কিনে আনলেই হয় ! কিন্তু এসব উদ্যোগ নেয়া হচ্ছেনা !

কুমিল্লা শহর এখন বিজ্ঞাপনি সাইনবোর্ডের শহর । এতো বিল বোর্ড পৃথিবীর আর কোন শহরে সম্ভবত নাই ।রাস্তার মাঝে ষ্টিল দিয়ে ডিভাইডার করে , বিজ্ঞাপনী সংস্থার কাছে ভাড়া দেয়া হয়েছে । সুস্থ রুচির মানুষ যা কল্পনাও করতে পারেনা । এ শহরে ড্রেন থেকে কাদা তুলে রাস্তার পাশে সুকানো হয় !!! এটি যেন দুইশ বছর আগের কোন নগরী !! শহরের সর্বত্র ডিস লাইনের জঞ্জাল !

হাটার জন্য ফুটপাথ নেই বললেই চলে । যেগুলো আছে সেগুলো সর্বোচ্চ চার ফুট প্রশস্ত। তিনজন মানুষ হেটে গেলে , উল্টা দিক থেকে একজনের হেটে আসার উপায় নেই । ফুটপাথ হওয়া উচিৎ ছিল কমপক্ষে পনের ফুট প্রশস্ত ।

ড্রেন হয়েছে যেখানে যতটুকু যায়গা পাওয়া যায় ভিত্তিতে । সিটি কর্পোরেশনের জায়গার কি কোন ম্যাপ বা হিসাব নেই ? ডিস টেলিফোন ইন্টারনেট লাইনের স্তুপ শহরের সর্বত্র !

রাস্তা ঘেষে গড়ে উঠছে সুউচ্চ ভবন । ভবিষ্যতে রাস্তা প্রশস্ত করার ব্যবস্থা সংকুচিত হচ্ছে , বাড়ছে জনজট । দিনে দিনে তাই বেড়ে চলেছে যানজট । অপরিকল্পিত ড্রেন নির্মানের কারনে বাড়ছে জলজট ।

এ শহরে এমন সব গলি আছে , যে সকল রাস্তায় উল্টা দিক থেকে গাড়ী আসলে , একটি গাড়ী কোথাও দাড়িয়ে , অন্যগাড়ী যাওয়ার ব্যবস্থা করতে হয় । বস্তি এলাকার গলি থেকে মৃত মানুশের লাশ বের করাও কঠিন !

শোনা যায় সিটি কর্পোরেশনের নির্বাচিত দায়িত্ব প্রাপ্তদের অনেকেই প্ল্যান পাস বানিজ্যে নিয়োজিত আছেন । এ কাজে মোটা অংকের লেনদেন হয় । টাকা যখন কথা বলে , তখন অনিয়ম প্রশ্রয় পাবেই । বহু সুউচ্চ ভবন যতই উপরে উঠেছে , ততোই স্বাস্থ্যবান হয়েছে !!

আগামী দশ বছরের মধ্যে এ শহরটি বসবাসের উপযোগিতা হারাবে , যদি এখনই সঠিক পরিকল্পনা নেয়া না যায় , কারন ইতিমধ্যেই যথেষ্ট দেরী হয়ে গেছে ।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন হটলাইন উদ্বোধন

 

মাছুম কামাল:

দ্রুত ও মানসম্পন্ন এবং গতিশীল সেবা প্রদানের লক্ষ্যে পরীক্ষামূলক হটলাইন নাম্বার চালু করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।

শুক্রবার (১৬ই আগস্ট) কুসিকের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। হটলাইন নাম্বারটি হলো ” ০৯৬ ৪২ ২২ ২২ ৪৪”। এই নাম্বারে ফোন করে নগরবাসীরা দ্রুত সিটি কর্পোরেশনের সেবা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র জনাব মনিরুল হক সাক্কু বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে হটলাইন নাম্বারটি চালু করেছি।পর্যায়ক্রমে সকল সেবার সাথে এ সেবার মান্ও বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি’।

কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টারঃ
‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‌্যালি বের করা হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বৃহস্পতিবার সকালে সচেতনতামূলক এ র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে সিটি কর্পোরেশনের মেয়র মো: মনিরুল হক সাক্কু, প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদসহ সিটি কর্পোরেশনের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।