Tag Archives: চাঁদপুর

চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার নারী গ্রাহকদের হয়রানি ও সুদের কারবারি

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে নারী গ্রাহকদের হয়রানি ও সুদের কারবারির অভিযোগ উঠেছে।

চাঁদপুরে জনতা ব্যাংক লিমিটেডের এক শাখার সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে নারী গ্রাহকদের হয়রানি ও ব্যাংক ঋণের আড়ালে সুদের কারবার করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই কর্মকর্তা হচ্ছেন- জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর অঞ্চলের সিনিয়র অফিসার মো. মাঈনুদ্দীন। তিনি বর্তমানে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটা কো-অপারেটিভ শাখায় কর্মরত আছেন।

সম্প্রতি তার বিরুদ্ধে জনতা ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তে নেমেছেন। সর্বশেষ রবিবার (১০ জানুয়ারি) ঘটনার তদন্তে দুই সদস্যের একটি দল চাঁদপুরে আসেন। ওই দলের সদস্যরা হলেন- জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের এসপিও মোহাম্মদ মাসুদুর রহমান এবং এজিএম মো. আক্তার হোসেন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ সূত্রে জানা যায়, আলেয়া আক্তার (ছদ্মনাম) একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি মুক্তিযোদ্ধা কোটায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন। জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর কো-অপারেটিভ শাখার একাউন্ট থেকে তিনি বেতন উত্তোলন করেন। সে সুবাদে প্রতি মাসে বেতনের টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকের সিনিয়র অফিসার মো. মাঈনুদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে ওই স্কুল শিক্ষিকার বেতনের বিপরিতে ঋণ নেওয়া প্রয়োজন পড়ে। বিষয়টি নিয়ে সিনিয়র অফিসার মো. মাঈনুদ্দীনের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় মো. মাইনুদ্দিন ঋণ দেওয়ার জন্য শিক্ষিকার কাছ বিভিন্ন কাগজপত্র নেন। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ তুলে দেবেন বলে ওই শিক্ষিকার ভোটার আইডি কার্ডের ফটোকপি, ৩০০ টাকার ৩ ফর্দ নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং অলিখিত দুইটি চেক নেন। এসবের বিনিময়ে এক লাখ টাকা ঋণ দেওয়া হয়। তার বিনিময়ে নিয়ম আনুযায়ী বেতনের একটি অংশ কেটে নেওয়ার কথা থাকলেও ধূর্ত মো. মাঈনুদ্দীন একেক মাসে একেক রকম টাকা হাতিয়ে নেন। অর্থাৎ কোনো মাসে ৫ হাজার টাকা আবার কোনো মাসে ১০ হাজার টাকার কিস্তি নেন। এভাবে প্রায় ৭৫ হাজার টাকা পরিশোধ করেন ওই শিক্ষিকা। কিন্তু ব্যাংক কর্মকর্তা মো. মাঈনুদ্দীন আরো ১ লাখ ৪৭ হাজার টাকা দাবি করেন।

পরে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকার মুক্তিযোদ্ধা বাবা। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ওই শিক্ষিকা পরে জানতে পারেন ব্যাংক কর্মকর্তা মো. মাইনুদ্দিন ব্যাংক থেকে ঋণ না দিয়ে তার ব্যক্তিগত টাকা প্রতি মাসে ১০% সুদের বিনিময়ে দেন। বিষয়টি জানার পর অভিযোগকারী গত বছরের ১৪ সেপ্টেম্বর তার কাছে থাকা উক্ত চেক এবং স্ট্যাম্প হারিয়ে গেছে মর্মে চাঁদপুর মডেল থানায় একটি জিডি করে একটি স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেন।

অভিযোগকারী তার অভিযোগে আরো উল্লেখ করেন, ব্যাংক কর্মকর্তা মো. মাঈনুদ্দীন নিয়মিত তার মেয়ের বাসায় এসে বাকি টাকার জন্য চাপ প্রয়োগ ও বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেন। যেমন, লঞ্চের কেবিনে করে ঢাকা যাওয়ার প্রস্তাব, খালি বাসায় অপকর্ম করার জন্য এমন সব অনৈতিক প্রস্তাবও দেন। এতে করে তার মেয়ের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়। শুধু তাই নয় ব্যাংক কর্মকর্তা মো. মাঈনুদ্দীন শুধু তার মেয়ে নয়, অন্যান্য শিক্ষিকাদেরও কুপ্রস্তাব দিয়ে হয়রানি করছেন। এতেই শেষ নয়, বিগত দিনে তার মোটরবাইকে প্রেস সাঁটানো স্টিকার মেরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ব্যাংক কর্মকর্তা মো. মাঈনুদ্দীনের এসব কর্মকাণ্ড চাঁদপুরে এরিয়া অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবহিত আছেন।

অবশ্য এই বিষয়ে গত বছরের ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় চাঁদপুর এরিয়ার ডিজিএম-এর কক্ষে অভিযোগের বিষয়ে সমঝোতার জন্য অভিযোগকারীকে ডাকা হয়। সেই সময় ব্যাংক কর্মকর্তা মো. মাঈনুদ্দীন কর্তৃক গৃহীত দুটি চেকের পাতার মধ্যে একটি ও ৩ ফর্দ স্ট্যাম্প ডিজিএম এর নিকট জমা দেন। ব্যাংক কর্মকর্তা মো. মাইনুদ্দিন কর্তৃক গৃহীত অপর চেকের পাতাটি ফেরত প্রদান না করায় এবং অভিযোগকারীর মেয়ের সঙ্গে প্রতারণার মাধ্যমে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করায় সমঝোতা হয়নি।

খোঁজ জানা যায়, এর আগেও নারীঘটিত বিষয়ে মো. মাঈনুদ্দীনকে শাহরাস্তি উপজেলার জনতা ব্যাংক লিমিটেডের সূচীপাড়ায় শাখায় বদলি করা হয়েছিল। এছাড়াও বিপোনীবাগ শাখার ভল্টের টাকা চুরির অভিযোগে তাকে জনতা ব্যাংক ছেঙ্গারচর শাখায় বদলি করে। সবশেষ সে তদবির করে চাঁদপুরে এসে আবারো অভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। এমনকি চেয়ারম্যানঘাটা কো-অপারেটিভ শাখায় কোনো গ্রাহক আসলে তাকে বিভিন্ন মাল্টিপারপাসে পাঠিয়ে দেন। এছাড়া তিনি ব্যাংকের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে সুকৌশলে নিজে সুদের ব্যবসায় শুরু করেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে।

এদিকে, রবিবার দুপুর ৩টায় তদন্তকারী দলের দুই কর্মকর্তা জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের এসপিও মোহাম্মদ মাসুদুর রহমান এবং এজিএম মো. আক্তার হোসেন চেয়ারম্যানঘাটা কো-অপারেটিভ শাখায় আসেন। এই সময় ভুক্তভোগী আরো কয়েকজন নারী গ্রাহক মো. মাঈনুদ্দীনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। এমন গুরুতর অভিযোগের বিষয়গুলো আমলে নেন তদন্তকারী কর্মকর্তারা।

অভিযোগের বিষয়ে জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর কো-অপারেটিভ শাখার সিনিয়র অফিসার মো. মাঈনুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে এসব অভিযোগ অস্বীকার করে তিনি জানান, এটা এমন কিছুই না। আমি ওই শিক্ষিকাকে টাকা ধার দিয়েছি। বিষয়টি এখন সমঝোতার চেষ্টা চলছে। আর অন্যদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।

জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর কোপারেটিভ শাখার ম্যানেজার কে এম ফকরুল ইসলাম এই বিষয়ে বলেন, বিষয়টি সমাধান হয়েছে। সবাই সবার অভিযোগ উঠিয়ে নিয়েছে। মাঈনুদ্দীনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দিতে আরো কয়েকজন শিক্ষিকা এসেছে এই ব্যাপারে তিনি বলেন, তারা আসছিল। কিন্তু লিখিত অভিযোগ দিতে চাননি। তাই ওই বিষয়টি আর বাড়েনি।

চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অঞ্জনা খান মজলিস। যোগদান করার পর তিনি হবেন জেলার প্রথম নারী জেলা প্রশাসক। বর্তমানে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব পদে রয়েছেন। তিনি চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে চাঁদপুরের জেলা প্রশাসকসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়।

নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ২০০৩ সালে ২২তম বিসিএস প্রশাসনের-এর মাধ্যমে চাকরিতে যোগদান করেন। দেশের বিভিন্ন স্থানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন।

অপরদিকে চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে। গত ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পান মাজেদুর রহমান খান।

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল এবারও দেশসেরা কুমিল্লা কাস্টমস

 

স্টাফ রিপোর্টারঃ

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে টানা চর্তুথবার প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা নিয়ে গঠিত কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে গত আগস্ট থেকে চলতি নভেম্বর মাস পর্যন্ত টানা চারবার প্রথম স্থান অধিকার করেছে। চলতি নভেম্বর মাসে এই কমিশনারেটে অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ৯৩.৩৩%।

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সক্রিয়তার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। মুজিববর্ষে দেশকে ডিজিটাল করার প্রত্যয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে; এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল নিঃসন্দেহে ডিজিটাল কর্মকান্ড। আর এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অর্জন যেখানে ৩৫%, সেখানে কুমিল্লা ভ্যাটের অর্জন প্রায় শতভাগ।

তবে, এবার ভ্যাট দিবস ও সপ্তাহ পালন করতে গিয়ে প্রথম স্থান ধরে রাখাকে নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ সংশয় ছিল। তবে কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছে।

জানা যায়, মাঠ পর্যায়ে নিবন্ধন ও রিটার্ন জমার ক্ষেত্রে কমিশনারেটগুলোতে প্রতিযোগিতা শুরু হয়েছে। অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হার বৃদ্ধির মাধ্যমে অটোমেশনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এগিয়ে যাচ্ছে।

কুমিল্লার নতুন কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী যোগদানের পর এ কমিশনারেটের অনলাইন রিটার্ন দাখিলের চিত্র পাল্টে যায়। কুমিল্লা কাস্টমসের রিটার্ন দাখিলযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা ৯২৩৪টি, ম্যানুয়াল ৪০টি, অনলাইনে ৮৬১৮টি সহ সর্বমোট রিটার্ন দাখিল সংখ্যা ৮৬৫৮, নিবন্ধনের তুলনায় দাখিলপত্র দাখিলের শতকরা হার ৯৩.৭৬% এবং মোট দাখিল পত্র তুলনায় অনলাইনে দাখিলের শতকরা হার ৯৯.৫৪%।

গত জুলাইয়ে নতুন কমিশনার যোগদানের সময় অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে কুমিল্লার অবস্থান ছিল চারে। রিটার্ন দাখিলের হার ছিল ৫১ শতাংশ। তিনি যোগদানের পর ১৫ জুলাই কর্মকর্তাদের সঙ্গে প্রথম জুম সভা করেন। সভার পরপরই কমিশনার তদারকি শুরু করলেন। এ কমিশনারেটের ছয়টি জেলায় করদাতাদের ফোন, প্রতিষ্ঠানের তদারকি বাড়ানো হয়। রিটার্ন ওয়ানস্টপ কাউন্টার’ গঠন করা হয়। কুমিল্লা ভ্যাট টিম নিরন্তর ও ক্লান্তিহীন কাজ শুরু করেন।

এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের সহকারী কমিশনার (সদর) মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, একটা ভালো ‘টিমওয়ার্ক’ এর মাধ্যমে এ অর্জন। স্বীকৃতি কাজের প্রণোদনা বৃদ্ধি করে। কর্মকর্তারা পরিশ্রম করেছেন। আমরা প্রকৃত কর্মীদের স্বীকৃতি দানের চেষ্টা করছি। গত চার মাসের মতো ভবিষ্যতেও রিটার্ন দাখিলের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যুগ্ম কমিশনার মোঃ মুশফিকুর রহমান বলেন, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে কুমিল্লা ভ্যাট কমিশনারেট টানা চতুর্থবার ‘প্রথম’। রিটার্ন দাখিলের প্রথম স্থান অর্জনের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। ছয় জেলায় করদাতাদের সচেতন করার লক্ষ্যে টেলিফোনে যোগাযোগের পাশাপাশি মোবাইলে বাল্ক এসএমএস, পত্রিকায় বিজ্ঞপ্তি এবং স্থানীয় ক্যাবল অপারেটরে বিজ্ঞপ্তি ও বাসায় কর্মকর্তারা সশরীরে গিয়ে সম্মানিত করদাতাগণকে বুঝিয়ে রিটার্ন অনলাইন দাখিলে ব্যাপক ভূমিকা পালন করেন।

এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ আবদুল হাকিম বলেন, ভ্যাট দিবস ও সপ্তাহ পালন করতে গিয়ে কুমিল্লার প্রথম হওয়া নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ সংশয় ছিল। তবে কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছে।

এ বিষয়ে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, অটোমেশন সরকারের অগ্রাধিকার। এনবিআর সে লক্ষ্য বাস্তবায়নে বরাবরই অগ্রণী। কুমিল্লার কর্মপ্রবণ টিম প্রায় অসম্ভবকে সম্ভব করেছে। কুমিল্লার সঙ্গে এনবিআরের সম্মানও উচ্চকিত করেছে। করোনাকালে কুমিল্লা টিম কখনো পশ্চাদমুখী বা কর্মবিচ্যুত থাকেনি। দলবদ্ধ প্রচেষ্টা ও প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক হিসেবে কাজ করছে।

তিনি আরো বলেন, সক্ষম কর্মকর্তাদের বাছাই করে জটিলতর কাজে নিয়োগ, মনিটরিং উদ্বুদ্ধকরণ এক্ষেত্রে গতি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সর্বোপরি কর্মস্থলে দেশাত্মবোধ ও সেবার মনোভাব থাকা জরুরি। সারা বাংলাদেশের কর্মকর্তাদের এরকম কাজের ধারা অব্যাহত থাকা উচিত।দক্ষ, সক্ষম, উপযুক্ত ও রাজস্ব বৃদ্ধিতে সকল কর্মকর্তাদের আমরা পুরস্কৃত করি। ভবিষ্যতেও তাঁদের পুরস্কৃত করা হবে।

চাঁদপুরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, অত:পর আটকে রেখে ধর্ষণ

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ের মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তবে বিয়ের নামে প্রতারণার ফাঁদে কিশোরীকে কাবু করলেও পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত ওই যুবক।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মিজানকে গ্রেফতার করে তারা।

এর আগে বুধবার ওই কিশোরীর বাবা ফরিদগঞ্জ থানায় মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।

পুলিশ জানায়, গত কয়েক মাস আগে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী পঞ্চগড় জেলার- সদর উপজেলার গোয়ালগাড় গ্রামের ইউসুফের ছেলে মিজানুর রহমান ফরিদগঞ্জে আসেন কাজ করতে। এ সময় ফরিদগঞ্জ পৌরসভার সাফুয়া এলাকায় পল্লীবিদ্যুতের লাইনে কাজ করার সময় পরিচয় হয় স্থানীয় খেয়াঘাটের এক মাঝির কিশোরী মেয়ের সঙ্গে। পরবর্তীতে পরিচয় সূত্র ধরে মোবাইল ফোনে আলাপের একপর্যায়ে গত ১ ডিসেম্বর রাতে মিজানুর রহমান ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে কৌশলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তার এক নিকটাত্মীয়ের বাসায় কিশোরীকে আটকে রেখে কয়েক দফা ধর্ষণ করে। পরে ওই কিশোরী ঢাকা থেকে পালিয়ে গিয়ে এ ঘটনা পরিবারকে জানায়। এরপর গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে কিশোরীকে আবারো অপহরণের চেষ্টা করে ওই যুবক। এ সময় পরিবারের লোকজন টের পেলে যুবক মিজান পালিয়ে যায়।

বুধবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত মিজানুর রহমানকে গোপন সূত্রে কৌশলে আটক করে পুলিশ।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

চাঁদাবাজি করতে গিয়ে মতলবে ভুয়া সাংবাদিক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে চাঁদাবাজির সময় মোক্তার হোসেন (৩০) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে সরদারকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। মোক্তার হোসেনের বাড়ি উত্তর সরদারকান্দি গ্রামে।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে সরদারকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে লিটন (৩৮) ইয়াবা সেবন করছিলেন। এ সময় মোক্তার হোসেন তার ভিডিও ধারণ করেন। ভিডিও দেখিয়ে লিটনের কাছে ১ লাখ টাকা দাবি করেন তিনি। লিটন টাকা অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখান মোক্তার। পরে লিটনের ঘরে এসে টাকা খুঁজতে থাকেন। ঘরে কিছু ইয়াবা ও গাঁজা পান মোক্তার। এ সময় স্বামীকে রক্ষার জন্য প্রতিবেশী নুরুলের মাধ্যমে ৬ হাজার টাকা মোক্তারের হাতে দেন লিটনের স্ত্রী। পরে নগদ টাকা ও ইয়াবা নিয়ে এলাকা ত্যাগ করেন মোক্তার। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

এদিকে সোমবার সকালে মোক্তার হোসেন আবারও এলাকায় আসলে জনতা তাকে ধরে ফেলে। পরে মতলব উত্তর থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যান।

এদিকে এলাকাবাসীর দাবি, তারা পুলিশের হাতে দুজন ভুয়া সাংবাদিককে সোপর্দ করেছে। তবে পুলিশের দাবি, তারা একজনকে আটক করেছে।

এ ব্যাপারে মতলব উত্তর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, আটক মোক্তার হোসেন নিজেকে যুগযুগান্তর-এর সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরে মসজিদ থেকে মাস্কের সচেতনতামূলক পেস্টুন অপসারণের অভিযোগ!

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মসজিদ-মন্দিরসহ সকল উপাসনালয়ের মূল ফটকে মাস্ক পরিধান করে ভিতরে প্রবেশ ও মাইকে প্রচার-প্রচারণার জন্য গত ১৮ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় মসজিদ-মন্দিরসহ সকল উপাসনালয়ের কমিটিকে প্রতিষ্ঠানের মূল ফটকে “নো মাস্ক, নো সার্ভিস” লেখা সম্বলিত ডিজিটাল ব্যানার বা পেস্টুন লাগাতে হবে। এবং সেই সাথে প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে মসজিদের মাইকে মাস্ক পরিধান করে মসজিদে আসার জন্য মাইকিং করার অনুরোধ জানিয়েছেন।

তারই আলোকে সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদসহ মহামায়ার আশেপাশে কয়েকটি মসজিদে ইতিমধ্যে মাস্ক পরিধানের সচেতনতা বিষয়ক পেস্টুন লাগিয়েছে। পেস্টুনে উল্লেখ করেন- করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার ব্যতীত মসজিদে প্রবেশ না করার জন্য অনুরোধ। নো মাস্ক, নো এন্ট্রি। কিন্তু এসব পেস্টুন জনসচেতনতায় লাগালেও অনেকে এটাকে ভালো ভাবে না নিয়ে মসজিদ থেকে খুলে ফেলার অভিযোগ করেছেন প্রভাত মহামায়া শাখার সহ সভাপতি মোঃ জুয়েল হাজী।

তিনি বলেন, গত ১২ নভেম্বর আমরা চাঁদপুর সদরের বিভিন্ন মসজিদের মূল ফটকে মাস্ক পরিধানের সচেতনতামূলক পেস্টুন লাগিয়েছে। কিন্তু কারা যেন কয়েকটি মসজিদ থেকে খুলে নিয়েছে। পেস্টুন অপসারণের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

শনিবার (২১ নভেম্বর) অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মধুরোড স্টেশন বায়তুল আমিন জামে মসজিদ ও পূর্ব লোধেরগাঁও বায়তুল হামদ জামে মসজিদে সংগঠনের লাগানো পেস্টুনগুলো লাগানো নেই।

এ বিষয়ে মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকা পাটওয়ারী জানান, আমরা সরকারের এবিষয়টি গুরুত্ব দিচ্ছি। মসজিদে তো অনেক মুসল্লি আসে, কারা খুলছে তা আমরা বলতে পারছি না। তবে কে বা কাহারা খুলছে বিষয়টি খতিয়ে দেখছি। এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রভাত মহামায়া শাখার উপদেষ্টা ও রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, সংগঠনের এমন কাজ তো জনকল্যাণমূলক। কারো বিরুদ্ধে না। বিষয়টি খুবই দুঃখজনক। শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, সংগঠনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। তবে কে এমন কাজ করেছে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে কমিটিদের সাথে কথা বলবো।

ইসলামীক ফাউন্ডেশন চাঁদপুরের উপপরিচালক মোঃ খলিলুর রহমান বলেন, জেলায় ৭ হাজার ২শ’ ৪২টি মসজিদে প্রায় ১২শ’ গণশিক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৪শ’ জন মহিলা ব্যতীত ৮শ’ জন পুরুষ ইমাম নিয়োজিত আছেন। তাদের মাধ্যমে মানুষকে এত বুঝাচ্ছি কিন্তু তারা সচেতন হতে চান না। সরকারের হয়ে কাজ করা সংগঠনের এমন কার্যক্রমকে আমি স্বাগত জানাই। যারাই মসজিদ থেকে পেস্টুনগুলো খুলে ফেলছে তারা কাজটা মোটেও ঠিক করেননি। এ দায়িত্ব তো সংশ্লিষ্ট মসজিদ কমিটির।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান দুঃখ প্রকাশ করে বলেন, মসজিদের মূল ফটকে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা মূলক ডিজিটাল ব্যানার/পেস্টুন লাগানো মসজিদ কমিটিকে ধর্মমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনও সকল মসজিদে বিষয়টি সম্পর্কে জানানো ও চিঠি দেওয়ার কথা। কিন্তু কারা এমন কাজ করেছে তারা এমন কাজ না করলেও পারতেন।