Tag Archives: দাউদকান্দির গৌরীপুর বাজারে দুটি বাড়ি লকডাউন ঘোষণা

দাউদকান্দির গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে, ২৫ দোকান পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-হোমনা সড়ক সংলগ্ন পূর্ব পাশের কাঠপট্টি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ২৫টি দোকান।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতেও ধরে যায়। খবর পেয়ে প্রথমে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ববর্তী গোমতী নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ফার্নিচারের দোকানে দাহ্য রাসায়নিক (রঙের কেমিক্যাল) থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। পরে পার্শ্ববর্তী হোমনা ও চান্দিনা উপজেলা থেকে আরো ৬টি ইউনিট এসে অভিযানে যোগ দেয়। দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীদের দাবি, আগুনে ১০টি ফার্নিচারের দোকান, ১টি ইলেকট্রিক ও এসি শোরুম, ২টি অটোরিকশা গ্যারেজ, ৪টি মুদি দোকান এবং চাল ও রমজান উপলক্ষে মজুত রাখা খেজুরের গোডাউনসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন জানান, আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। শুধু ফার্নিচার মার্কেটেই কয়েক কোটি টাকার মালামাল ছিল। প্রাথমিক হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানায়, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা থেকে মোট ৯টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানায়, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি।

দাউদকান্দির গৌরীপুর বাজারে নিত্য যানজট, দুর্ভোগে পথচারী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা দাউদকান্দির গৌরীপুর- হোমনা সড়কের গৌরীপুর অংশে প্রতিদিনই যানজট লেগে থাকে। এতে এই সড়কে চলাচলকারী হোমনা, তিতাস, মেঘনা ও বাঞ্ছারামপুর উপজেলার মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

যানজটে বাজারের ক্রেতা ও বিক্রেতা ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী এবং আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

জানা গেছে, সড়কটির বাজারের অংশে সড়ক ও জনপথের জায়গা দখল করে ভবন নির্মাণ, ফুটপাত দখল করে দোকান বসায়, অবৈধ অটোরিকশা ও ইজিবাই যেখানে সেখানে পার্কিং করায় প্রতিদিনই বাজারে যানজট লেগে রয়েছে।

বাজারের যমুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল প্রধান বলেন, যানজটের কারনে দিন দিন আমাদের বাজারে ক্রেতার সংখ্যা কমছে। বাজারের সকল ব্যবসায়ীদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। স্থায়ীভাবে যানজট নিরসনে পদক্ষেপ না নিলে আমরা ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

নাম প্রকাশ না করার শর্তে আরেক ব্যবসায়ী জানান, সামনে ঈদ, ঈদের আগে এমন বড় ধরনের যানজট হলে এখানকার চেয়ারম্যান বাজার কমিটি ও স্বেচ্ছাসেবীদের নিয়ে যানজট নিরসনে কাজ করতে দেখেছি , এখন কাউকে দেখছি না। মনে হচ্ছে বাজারটি এখন অভিভাবক হীন!

সমাজকর্মী এখলাস মুন্সি জানান, বাজারের যানজট নিত্যদিনের ঘটনা। যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, একদিকে আমাদের লোকবল কম, আবার বাজার কমিটিরও কোন তৎপরতা নেই। যদিও অন্যান্য দিন কম হয় আজ সাপ্তাহিক হাটের দিন হওয়ায় এ যানজট হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান, বাজারসহ সড়ক মহাসড়কে যানজট নিরসনের ব্যাপারে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। গৌরীপুরের কাঠ বাজারটির লোড আনলোড করতে গিয়ে মূলত যানজটের সৃষ্টি হয়। আর যেহেতু বাজার কমিটি সচল নেই, তাই ইজারদার এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে অচীরেই গৌরীপুর বাজারের যানজট নিরসনে পদক্ষেপ নেয়া হবে।

দাউদকান্দির গৌরীপুর বাজারে মানুষের ঢল, মানছে না সামাজিক নিরাপদ দূরত্ব

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অতীতের ঈদ বাজারের আমেজ চলছে বর্তমানে। মহামারি করোনা ভাইরাস এর প্রকোপ সারাদেশজুড়ে। এই উপজেলায়ও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত।  তারপরেও মানুষ নিরাপদ দূরত্ব মানছে না। হুমকি খেয়ে পড়েছে পোষাক দোকানগুলোতে। ফলে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয় সচেতন মানুষেরা।

স্থানীয় আলমগীর খান জানান, মানুষ কেন যে নির্বোধের মত কাজ করছে। উপজেলা প্রশাসন বার বার চেষ্টা করেও  মানুষকে সচেতন করতে পারছে না। একবার ঈদের পোষাক না কিনলে কি এমন ক্ষতি হবে। আমরা ভয় পাচ্ছি করোনা এই উপজেলায় মহামারি আকার ধারণ করে কি না ?

এ বিষয়ে জানতে দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা জেলায় আজ মঙ্গলবার নতুন করে আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এই পর্যন্ত জেলায় মোট ১৫৯ জন আক্রান্ত হয়েছেন । আজ নতুন করে ১ জন সুস্থ্য হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জন সুস্থ্য হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৮ জন।

 

দাউদকান্দির গৌরীপুর বাজারে জনতার ঢল: সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করলো

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে লকডাউন উপেক্ষা করে হাট বাজারগুলোতে শুরু হয়েছে লোকসমাগম। রোববার (১৯ এপ্রিল) উপজেলা গৌরীপুর বাজারে জনতার ঢল নামে। শতশত মানুষের পাশাপাশি ইজিবাইকের দখলে চলে যায় গৌরীপুর-হোমনা সড়কের গৌরপুর অংশ। কেউ মানছে না কোনো সামাজিক দূরত্ব। পুলিশের আদেশ নিষেধও মানছেন না এখানকার মানুষ। তবে দুপুরে সেনাবাহিনী এসে কিছুটা নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রশাসন এবং বাজার কমিটি সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাজার খোলা রাখার সিদ্ধান্তের কারণে আজকে এমন পরিস্থিতি হয়েছে।
অবাধ জনসমাগমে উদ্বেগ প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল আলম সুমন বলেন, অবাধ জনসমাগম বন্ধ করা না গেলে করোনা সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

বাজার কমিটির সভাপতি হাজি ওমর আলী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে কাচা বাজারটি ঈদগাঁ মাঠে স্থানান্তর করেও নিয়ন্ত্রণ করতে পারছিনা। তাই প্রশাসনের সাথে আলোচনা করে পুর্বেও মতো সাতদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিব।

দাউদকান্দির গৌরীপুর বাজারে দুটি বাড়ি লকডাউন ঘোষণা

অনলাইন ডেস্ক ঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে দুটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন । ৬ এপ্রিল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় (৭ এপ্রিল মঙ্গলবার) এক ব্যক্তির মাঝে করোনা ভাইরাসের লক্ষণ উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে দুটি বাড়ি লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান । এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম. আব্দুন নূর, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নজরুল ইসলাম ডালিম, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।