Tag Archives: নায়ক

সুপারস্টার

সুপারস্টার শাহরুখ ও সালমানকেও ছাড়িয়ে গেলেন বিজয়

সুপারস্টার শাহরুখ ও সালমানকেও ছাড়িয়ে গেলেন বিজয়

বিনোদন ডেস্কঃ

দক্ষিণী সিনেমার নায়ক থালাপতি বিজয় এবার পারিশ্রমিকে বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকেও ছাড়িয়ে গেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের আসন্ন এবং ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র ‘থালাপতি ৬৯’-এর জন্য তিনি ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন।

দক্ষিণী সিনেমার তারকাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন বিজয়। ভারতজুড়েই তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বিশেষ করে তার সাম্প্রতিক সিনেমাগুলো মুক্তির পরপরই ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’ সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য তার অভিনয়ের শক্তিমত্তা প্রমাণ করেছে। ৪৯ বছর বয়সী এই অভিনেতার নাচের প্রতিভাও ভক্তদের মুগ্ধ করেছে।

এদিকে বিজয় শিগগিরই সিনেমা থেকে বিদায় নিয়ে রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন। চলতি বছর লোকসভা নির্বাচনের আগে তিনি নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন—‘তামিলাগা ভেট্রি কাজাগম’। বিজয়ের লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর বাইরেও কেরালা ও কর্নাটকে দলের কার্যক্রম বিস্তৃত করতে উদ্যোগ নিচ্ছেন তিনি।

রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার কারণে বিজয় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেবেন বলে ধারণা করা হচ্ছে। তার শেষ সিনেমা ‘থালাপতি ৬৯’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। ক্যারিয়ারের শেষ সিনেমায় বিশাল অঙ্কের পারিশ্রমিক নেওয়ার কারণও তাই বোঝা যাচ্ছে।