Tag Archives: নেতানিয়াহু

নেতানিয়াহু যেসব দেশ গেলে

নেতানিয়াহু যেসব দেশ গেলে গ্রেফতার হতে পারেন

নেতানিয়াহু যেসব দেশ গেলে গ্রেফতার হতে পারেন

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালত বলেছে, নেতানিয়াহু ও গ্যালান্ট ‘ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন’ বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ রয়েছে।

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে হামাসের সেনাপ্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। যদিও গত আগস্টে ইসরাইল জানিয়েছিল, গত মাসে গাজার দক্ষিণাঞ্চলে এক বিমান হামলায় দেইফ নিহত হন।

আইসিসির প্রসিকিউটর করিম খান ছয় মাস আগে প্রথম গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করেন। গত আগস্টে করিম খান আদালতকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, এই কার্যক্রমে যে কোনো অযৌক্তিক বিলম্ব ক্ষতিকারকভাবে ক্ষতিগ্রস্তদের অধিকারকে প্রভাবিত করছে।

গ্রেফতারি পরোয়ানা ঘোষণার পর থেকে ইসরাইলি কর্মকর্তারা সমালোচনা করে আসছেন। নেতানিয়াহু বলেছেন, এই রায় ইহুদিবিদ্বেষী। এই রায়ের কোনো গুরুত্ব নেই। ইসরাইলি মন্ত্রী মিরি রেগেভ এটিকে ‘ন্যায়বিচারের ছদ্মবেশে আধুনিক ইহুদিবিদ্বেষ’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে আইসিসির এ সিদ্ধান্তকে অনেক দেশ ও নেতা স্বাগত জানিয়েছে। নেতানিয়াহুসহ গ্রেফতারি পরোয়ানাভুক্তরা সেসব দেশে গেলে তাদের গ্রেফতারের ইঙ্গিতও দিয়েছেন।

নেদারল্যান্ডস

আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নেতানিয়াহু তাদের দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প বলেন, নেতানিয়াহু ছাড়াও ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের সঙ্গেও নেদারল্যান্ডস কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না। নেদারল্যান্ডস রোম সংবিধির সঙ্গেই থাকবে।

অস্ট্রিয়া

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ গ্রেফতারি পরোয়ানাটিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করলেও তার অফিস বলেছে, রোম সংবিধির একটি পক্ষ হিসাবে অস্ট্রিয়া আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে বাধ্য।

বেলজিয়াম

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ লিখেছে, যেখানেই অপরাধ সংঘটিত হোক না কেন দায়মুক্তির বিরুদ্ধে লড়াই বেলজিয়ামের জন্য একটি অগ্রাধিকার, যা আইসিসির কাজকে পুরোপুরি সমর্থন করে।

এতে বলা হয়, ইসরাইল ও গাজায় সংঘটিত অপরাধের জন্য দায়ীদের অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে বিচার করতে হবে, তা সে যেই ঘটুক না কেন।

কানাডা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তিনি এই রায়কে সম্মান জানাবেন। টেলিভিশনের একটি সাক্ষাৎকারে ট্রুডোকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল।

ট্রুডো জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতের রায়কে তিনি সম্মান জানাবেন। কারণ কানাডা আন্তর্জাতিক আইন মানতে দায়বদ্ধ।

ইউরোপীয় ইউনিয়ন

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, আইসিসির পরোয়ানা রাজনৈতিক নয়। এটিকে অবশ্যই সম্মান করা ও বাস্তবায়ন করা উচিত।

তিনি বলেন, এই সিদ্ধান্ত একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত এবং আদালতের সব রাষ্ট্রপক্ষ, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রয়েছে, আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য।

ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফ লেমোইন বলেন, ফ্রান্স আইসিসির আইন অনুযায়ী কাজ করবে।

তবে নেতানিয়াহু দেশে এলে তাকে গ্রেফতার করা হবে কিনা সে বিষয়ে কিছু না জানিয়ে তিনি বলেন, এটি ‘জটিল আইনগত বিষয়’।

আয়ারল্যান্ড

প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এই পরোয়ানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়ারল্যান্ড আইসিসির ভূমিকাকে সম্মান করে।

ইতালি

পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, রোম মিত্রদের সঙ্গে বিবেচনা করবে কীভাবে এই সিদ্ধান্তের ব্যাখ্যা করা যায় এবং একসঙ্গে কাজ করা যায়। তারা আইসিসির পরোয়ানাকে সম্মান করেন বলে জানান।

জর্ডন

পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।

নরওয়ে

পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, আইসিসির ম্যান্ডেট ন্যায়সঙ্গতভাবে পালন করা গুরুত্বপূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস আদালত সর্বোচ্চ ন্যায্যবিচারের মানদণ্ডের ভিত্তিতে মামলাটি এগিয়ে নেবে।

দক্ষিণ আফ্রিকা

এক বিবৃতিতে সরকার আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, এটি ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আইনের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং সমস্ত রাষ্ট্রপক্ষকে রোম সংবিধিতে তাদের বাধ্যবাধকতা অনুসারে কাজ করার আহ্বান জানায়। আমরা বিশ্ব সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

সুইডেন

পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, সুইডেন ও ইইউ আদালতের গুরুত্বপূর্ণ কাজে সমর্থন করে এবং এর স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করে। সুইডিশ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সুইজারল্যান্ড

সুইস ফেডারেল অফিস অফ জাস্টিস জানিয়েছে, রোম সংবিধির অধীনে আইসিসিকে সহযোগিতা করতে তারা বাধ্য। তাই নেতানিয়াহু, গ্যালান্ট বা মাসরি যদি সুইজারল্যান্ডে প্রবেশ করে এবং আদালতে প্রত্যর্পণের উদ্যোগ নেয় তবে তাদের গ্রেফতার করতে হবে।

তুরস্ক

পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা’ পরিচালনাকারী ইসরাইলি কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনতে আইসিসির গ্রেফতারি পরোয়ানা একটি আশাব্যঞ্জক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফিদান বলেন, গণহত্যার শাস্তি দিতে আন্তর্জাতিক আইন যাতে বাস্তবায়ন করা হয়, তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।

যুক্তরাজ্য

ব্রিটেন আইসিসির স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমারের এক মুখপাত্র। তবে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা যুক্তরাজ্য গ্রহণ করছে কি না, তা স্পষ্ট করেননি।

জাতিসংঘ যা বলছে

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আইসিসির কাজ ও স্বাধীনতাকে সম্মান করেন আন্তোনিও গুতেরেস।

আমাকে হত্যার চেষ্টার জন্য

আমাকে হত্যার চেষ্টার জন্য হিজবুল্লাকে বড় মূল্য দিতে হবে : নেতানিয়াহু

আমাকে হত্যার চেষ্টার জন্য হিজবুল্লাকে বড় মূল্য দিতে হবে : নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট:

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে এবং তার স্ত্রীকে হত্যার চেষ্টা করার জন্য হিজবুল্লাহকে বড় মূল্য দিতে হবে।

গত শনিবার ইসরায়েলের তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ড্রোন। তবে সে সময় নেতানিয়াহু এবং তার স্ত্রী বাসভবনে উপস্থিত ছিলেন না।

নেতানিয়াহু বলেছেন, ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা বড় ভুল করেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে নেতানিয়াহু কখন এবং কোথায় এই মন্তব্য করেছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েল বিজয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, এই যুদ্ধে তাকে থামানো যাবে না।

গত বুধবার ইসরায়েলের হামলায় নিহত হন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। সেই ঘটনার প্রসঙ্গ তুলে নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন, আমরা হত্যাকারী ইয়াহিয়া সিনওয়ারকে সরিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা নিজেদের পুনর্জাগরণের যুদ্ধ করছি, এবং শেষ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব।

নেতানিয়াহুর বাসভবনে হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস বলেছেন, এই হত্যাচেষ্টার মাধ্যমে ইরানের আসল চেহারা প্রকাশিত হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাবে হিজবুল্লাহও প্রায়ই ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপ করছে। নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলাকে ইসরায়েল গুরুতর নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে এই ড্রোন আঘাত হানতে পেরেছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

নেতানিয়াহুর বাসভবন ছাড়াও শনিবার হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় প্রচুর রকেট ছুঁড়েছে। সেদিন সকাল থেকেই বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ অন্তত ১১৮টি রকেট নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়।

বাংলাদেশিসহ সকল শান্তিরক্ষীদের

বাংলাদেশিসহ সকল শান্তিরক্ষীদের সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

বাংলাদেশিসহ সকল শান্তিরক্ষীদের সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট:

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে। রোববার (১৩ অক্টোবর) ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় এই কথা জানান তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল।

এর আগে, গতকাল বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। এই বিবৃতির পরপরই নেতানিয়াহু শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।

নেতানিয়াহু বলেন, “জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধ চলমান অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সময় এখনই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ করেছে। কিন্তু প্রতিবারই এটি প্রত্যাখ্যান করা হয়েছে। যার মূল উদ্দেশ্য হলো হিজবুল্লাহর সন্ত্রাসীদের মানবঢাল হিসেবে সুরক্ষা দেওয়া।”

তিনি আরও বলেন, “মাননীয় মহাসচিব, এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সময়। সেনাদের সরাতে অস্বীকৃতি জানিয়ে আপনি তাদের হিজবুল্লাহর জিম্মি হিসেবে রেখেছেন। এটি শান্তিরক্ষী এবং আমাদের সেনাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে।”

গত কয়েকদিনে দখলদার ইসরায়েলি সেনারা শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। এই ঘটনার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নিন্দা জানিয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা আহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি বলেন, “শান্তিরক্ষীরা আহত হওয়ায় আমরা দুঃখিত। এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে ইসরায়েল সবকিছু করছে। তবে এর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হচ্ছে তাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া।”

গাজায় শান্তির জন্য নেতানিয়াহু যে তিন পূর্বশর্ত দিলেন

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি স্থাপনের জন্য ৩টি পূর্বশর্ত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পূর্বশর্তগুলো হলো, ‘হামাসকে ধ্বংস করা’, ‘গাজাকে নিরস্ত্রীকরণ করা’ এবং ‘ফিলিস্তিনের সমাজ থেকে ইহুদিদের প্রতি বিদ্বেষ ও ঘৃণামূলক মনোভাব দূর করা’।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রথমসারির দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে সাম্প্রতিক ইসরায়েল-হামাস যুদ্ধ সম্পর্কে একটি কলাম লিখেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই এই পূর্বশর্ত হিসেবে এসব পয়েন্ট এনেছেন তিনি। কলামে এসব শর্তের বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

কলামে নেতানিয়াহু মন্তব্য করেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধের পর পশ্চিমতীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কতৃপক্ষ (পিএ) গাজা শাসন করতে পারবে বলে মনে করেন না তিনি। কারণ পিএ’র সেই সক্ষমতা নেই।

প্রথম পূর্বশর্ত, অর্থাৎ ‘হামাসকে ধ্বংস করা’ সম্পর্কিত ব্যাখ্যায় নেতানিয়াহু বলেন, ‘গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চলমান অভিযানের মূল উদ্দেশ্য হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং অন্য অনেক দেশ উদ্দেশ্যকে সমর্থন করেছে। তারাও চায়, এই সন্ত্রাসী গোষ্ঠী শেষ হোক। গাজায় হামাসের শাসন অবসান এবং তাদের সামরিক সক্ষমতা সর্ম্পূর্ণ নষ্ট করার মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব।’

‘আর এই লক্ষ্য অর্জন ব্যতীত আমাদের সামনে আর কোনো উপায়ও নেই। কারণ হামাসের নেতারা ইতোমধ্যে জানিয়েছেন, গত ৭ অক্টোবর যে হামলা হয়েছে— ভবিষ্যতে বার বার তার পুনরাবৃত্তি ঘটবে। সারাক্ষণ এই ঝুঁকির মধ্যে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।’

তবে হামাসের কব্জায় এখনও ইসরায়েল এবং অন্যান্য দেশের যে ১২৯ জন নাগরিক জিম্মি অবস্থায় রয়েছেন, কীভাবে তাদের মুক্ত করা হবে— সে সম্পর্কিত কোনো তথ্য নেতানিয়াহুর কলামে পাওয়া যায়নি। তেমনি ইসরায়েল ও ফিলিস্তিনের

দ্বিতীয় শর্ত ‘গাজাকে নিরস্ত্রিকরণ করা’র ব্যাখ্যায় নেতানিয়াহু বলেছেন, ‘আমরা চাই না যে গাজা উপত্যকা হামলাকারীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হোক। এ কারণে উপত্যকার পরিসীমা বা সীমান্তে একটি সাময়িক নিরাপত্তা জোন স্থাপন করা প্রয়োজন। সেই সঙ্গে গাজা ও মিসরের মধ্যে যে সীমান্তপথ রয়েছে, সেই রাফাহ ক্রসিংয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। কারণ গাজায় অস্ত্রের চালান ঢোকে মূলত এই সীমান্ত দিয়েই।

‘আমরা যদি প্রত্যাশা করি যে (যুদ্ধ অবসানের পর) পিএ গাজায় এসব পদক্ষেপ বাস্তবায়ন করবে, তাহলে সেটি হবে দিবাস্বপ্ন। কারণ পিএ’র সেই সক্ষমতা কিংবা ইচ্ছে— কোনোটাই নেই।’

কলামে উল্লিখিত তৃতীয় পূর্বশর্তের ব্যাখ্যায় নেতানিয়াহু বলেন, ‘ফিলিস্তিনের স্কুলগুলোতে বাচ্চাদের অবশ্যই এটা শেখাতে হবে যে মৃত্যুর চেয়ে বেঁচে থাকা অনেক মূল্যবান এবং জীবনের যত্ন নেওয়া জরুরি। ফিলিস্তিনের ইমামরা সবসময় তাদের ধর্মীয় বক্তব্যে ইহুদিদের হত্যার পক্ষে উসকানি দেন— এটা বন্ধ করতে হবে। সেই সঙ্গে ফিলিস্তিনের সাধারণ জনগণ যেন সন্ত্রাসবাদে অর্থের যোগান দেওয়ার পরিবর্তে সন্ত্রাসবিরোধী লড়াইকে সমর্থন করে— সেজন্যও ফিলিস্তিনের সুশীল সমাজকে কাজ করতে হবে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী এবং বয়স্ক লোকজন।

সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫২ হাজার ৫৮৬ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন।। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।

অন্যদিকে, হামাসের গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি, ইসরায়েলের ভূখণ্ড থেকে ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের সেদিন জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা।

এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন; এবং রয়েছেন শিশু, নারী, তরুণ-তরুণী এবং বৃদ্ধ-বৃদ্ধা— সব বয়সী মানুষ।

টানা দেড় মাস ভয়াবহ যুদ্ধ শেষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার করে গত ২৫ নভেম্বর অস্থায়ী বিরতি ঘোষণা করে হামাস-ইসরায়েলি বাহিনী। পরে ১ ডিসেম্বর দু’পক্ষের পারস্পরিক হামলার শুরুর মধ্যে দিয়ে শেষ হয় সেই বিরতি।

৭ দিনের অস্থায়ী বিরতির সময় নিজের কব্জায় আটক জিম্মিদের মধ্যে থেকে ১১৮ জনকে মুক্তি দিয়েছে হামাস; বিপরীতে এই সময়সীমায় ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এখনও হামাসের কব্জায় রয়েছেন অন্তত ১২৯ জন জিম্মি। তাদের কীভাবে মুক্ত করা হবে, সে সম্পর্কে নেতানিয়াহুর কলামে কোনো নির্দেশনা বা ইঙ্গিত পাওয়া যায়নি।

সেই সঙ্গে ‘দ্বিরাষ্ট্র সমাধান’ বা আল-আকসা ভূখণ্ডে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দু’টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে আলোচনা চলছে— কলামে তাও এড়িয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু অবশ্য বরাবরই ‘দ্বিরাষ্ট্র সমাধান’ তত্ত্বের ঘোর বিরোধী।

সূত্র : টাইমস অব ইসরায়েল