Tag Archives: পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর করা বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, আজ বাংলাদেশের যে উন্নতি, যে উচ্চতা- তা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হোন। তিনি বলেছেন, তৎকালীন পাকিস্তানের যে অংশকে দেশটির নেতারা ‘বোঝা’ মনে করতেন সেই ‘বোঝা’ উন্নয়ন-অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যত মিথ্যাচার করে, সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে। তাদের শাহবাজ শরীফের এ বক্তব্য থেকে প্রকৃত সত্য অনুধাবন ও শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। আর বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না। দেশের উন্নয়ন নিয়ে এতহীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতাটা বোঝা উচিৎ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজ কথায় কথায় তারা ডামি নির্বাচনের কথা বলে। কিন্তু বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে অকার্যকর হয়ে তারা নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা মনে করেছিল, বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার বৈধতা পাবে না। কিন্তু হয়েছে উল্টো। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে ২৩১টি নির্বাচন হয়েছে। যেখানে ভোট পড়েছে ৬০ শতাংশ।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র এবং নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। এ নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে তাতে সমর্থন কিংবা বিরোধিতা কোনটাই করবে না আওয়ামী লীগ। বিএনপির ব্যাপার বিএনপিই দেখবে। উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রার্থিতা প্রত্যাহারের এখনো সময় আছে। শেষ দিন পর্যন্ত দেখতে হবে। দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা সময়মতো নেওয়া হবে।

উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ এবং সহিংসতার আশঙ্কা করছে নির্বাচন কমিশন-সাংবাদিকদের এমন প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংঘাতের আশঙ্কা করতে পারেন। তবে সংঘাত যেন না হয় আমাদের প্রয়াস অব্যাহত আছে।

এসময় বাংলাদেশের মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, গাজায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা মানবাধিকারের কোন পর্যায়ে গেছে? প্রতিদিন সেখানে মানুষ মারছে। কারো কথারই তোয়াক্কা করছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবও মানছে না। সেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ফান্ডে ইসরায়েলের অংশের অনুমোদন এরই মধ্যে দিয়েছে। তার মানে যুদ্ধের উসকানি সহযোগিতা করছে। আগে তারা ইসরাইলের যে গণহত্যা, এ গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার করুক। তারপর অন্যদের হেদায়েত করুক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান

 

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান । ৩ লাখ ৭১ সেনাসহ সাড়ে সাত লাখ নিরাপত্তা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে বুধবার সম্পন্ন হয়েছে পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচন। কোয়েটায় আইএসের আত্মঘাতী হামলায় ৩৩ জনের প্রাণহানি এবং অনেক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোটে এগিয়ে ছিলেন ইমরান খান। সকালে ভোট দেয়ার পর পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জনগণের প্রতি ভোটকেন্দ্রে আসার আহবান জানিয়ে বলেন, দেশের শত্রুকে পরাজিত করতে আপনাদের ভোট দিতে হবে।

রাত ৯টায় ভোট গননা শুরু হয়। ভারতের এনডিটিভি’র দেয়া তথ্যানুযায়ী, প্রাপ্ত ২৪৩ টি আসনের মধ্যে ১০৭টি আসনে এগিয়ে ছিলেন তেহরিক-ই-ইনসাফ এর সভাপতি ইমরান খান। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (এন) ৭০ টি আসন নিয়ে ২য় অবস্থানে রয়েছেন। আর বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৩০টি আসন। অন্যান্য প্রার্থীরা পেয়েছে ৭১টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৩৭টি আসন।

এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের খিপরো এলাকায় পাকিস্তান পিপলস পার্টি ও গ্রান্ড ডেমোক্র্যাটিক এ্যালায়েন্সের (জিডিএ) মধ্যে নারী ভোট কেন্দ্রগুলোতে সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে এসব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। সংঘর্ষে জিডিএর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লারকানার সংঘর্ষে চার জন আহত, বেলুচিস্তানের নাসিরাবাদে গোলাগুলিতে চারজন আহত, খাইবার পাখতুন খোয়ায় আওয়ামী ন্যাশনাল পার্টির একজনকে গুলি করে, তেহরিক-ই-ইনসাফের একজনকে গুলি করে এবং পাঞ্জাবে নওয়াজের পাকিস্তান মুসলিম লীগ এবং ইমরানের পিটিআইয়ের মধ্যে সংঘর্ষ হয়। পেশোয়ারের চিত্রও প্রায় একই রকম। সেখানেও দলগত সংঘর্ষের কারণে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। তবে পাকিস্তানের দির, কোহিস্তান এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে নারীরা ভোট প্রদান করে ইতিহাস সৃষ্টি করেছে। এইবারই প্রথম উল্লিখিত স্থানে ভোট দিয়েছেন।

ডন জানিয়েছে, পাখতুন খোয়া, পাঞ্জাব, সিন্ধু এবং বেলুচিস্তানের বিভিন্ন ভোট কেন্দ্রে সংঘর্ষে নিহত হয়েছেন দুই জন। ভোটকে কেন্দ্র করে এ পর্যন্ত নিহত হয়েছেন ২১০ জন। ভূয়া পরিচয়ে ভোট দিতে গেলে করাচিতে পুলিশ সাত জনকে আটক করেছে।

কোয়েটায় নির্বাচন চলাকালীনই ভয়াবহ বিস্ফোরণে নিহত হন ৩৩ জন। আহত হয়েছেন আরও ৪০ জন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নির্বাচন চলার সময় সকাল ১১টা নাগাদ কোয়েটার এনএ-২৬০ কেন্দ্রে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। পুলিশ ভ্যানকে কেন্দ্র করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনার পর কিছুক্ষণের জন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস।

নির্বাচনে লড়ছে সাবেক প্রধানমন্ত্রী জেলবন্দি নওয়াজ শরীফের পিএমএল-এন, ইমরান খানের পিটিআই ও প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টোর পিপিপি’র মধ্যে। কোনও দলের সরকার গঠনের জন্য কমপক্ষে ১৩৭ আসনে জয় লাভ করতেই হবে।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভোট দেওয়ার পর কিছু কিছু রাজনীতিবিদ বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করছেন বলে লক্ষ্য করেছে নির্বাচন কমিশন। তারা উল্লেখ করেছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা শেহবাজ শরীফ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ ভোট দেওয়ার পর বক্তৃতা করেছেন। একই অভিযোগ ইমরান খানের বিরুদ্ধেও তোলা হয়েছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র ইসিপি নাদিম কাসিম বলেছেন, এসব রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। যারা ক্যামেরার সামনে ভোট দিয়েছেন তাদেরকেও মনিটর করা হচ্ছে। এক্ষেত্রে ভোটের কোনো সমস্যা হবে না। নির্বাচন কমিশনের আইন অনুসারে ভোটদাতার পরিণতি খারাপ হতে পারে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ভোটগ্রহণের সময় আরও এক ঘন্টা বাড়ানোর জন্য আবেদন করেছিল। কিন্তু নির্বাচন কমিশন সে আবেদন নাকচ করে দেয়।

এক্সপ্রেস জানিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার সুনির্দিষ্ট কোনো সময় নেই। তবে ২৪ ঘন্টার মধ্যেই ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ভোট গণনা হয়ে যাবে ভোটকেন্দ্রেই। কোনো একটি দলকে এককভাবে সরকার গঠন করতে হলে ১৭২টি আসন পেতে হবে। নির্বাচনের ফলাফল পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।

সেনাপ্রধানের আহবান: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভোট দেয়ার সময় দেশবিরোধীদের বিরুদ্ধে এক হতে জনগণকে আহ্বান জানান। বুধবার অনুষ্ঠিত হওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। স্ত্রীসহ ভোটকেন্দ্র ভোট দিতে গিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, জনগণকে বলছি, আপনারা আসুন এবং ভোট দিন । পাকিস্তানের শত্রুকে পরাজিত করতে আপনাদের ভোট দিতে হবে।

টুইটার বার্তায় তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করা অপশক্তিকে লক্ষ্যবস্তু বানিয়েছি। তাদের পরাজিত করতে আমরা পুরো জাতি এক হয়েছি। আমরা তাদের পরাজিত করতে একতাবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ। আজকের দিন আমাদের ভোটের, আসুন এবং ভোট দিন।’ ইসলামবাদ টাইমস ইয়ন, ডন, এক্সপ্রেস ট্রিবিউন , এনডিটিভি।